মেসি অবসর
অবসরের ঘোষণা দিলেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মেসি, আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ বিশ্বকাপ ফাইনাল

লিওনেল মেসি
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির যুগের অবসান। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর মাঠে নামবেন না বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি।
এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ হিসেবে থেকে গেল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। জুলাইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই ম্যাচটিই হয়ে গেল জাতীয় দলের হয়ে মেসির শেষ লড়াই।
২১ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল মেসির। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২০ বছরেরও বেশি সময়। ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল।
জাতীয় দলের হয়ে তার অর্জনের তালিকাও ঈর্ষণীয়। একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা জেতেন মেসি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে পূর্ণতা পায় তার স্বপ্ন।
অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না মেসির জন্য। নিজের বার্তায় তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটি তাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। তবে অনেক ভেবেচিন্তেই মনে হয়েছে, এবার সরে দাঁড়ানোর সময় এসেছে।
“বিশ্বকাপ ফাইনালের পর অনেক ভেবেছি। এখন সবাইকে জানাতে চাই, আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছি। এই সিদ্ধান্ত আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সঠিক সময়,” লিখেছেন মেসি।
আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন তিনি। মেসির ভাষায়, শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই দেশের হয়ে খেলতে গিয়ে তিনি সবকিছু উজাড় করে দিয়েছেন।
“আমি সবসময় এই জার্সির জন্য লড়েছি, সবকিছু দিয়েছি। আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে আমি সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।”
তবে এবার নতুন প্রজন্মের হাতে জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি মনে করেন, আর্জেন্টিনার সামনে এখন অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য।
“সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, অধ্যায়গুলো একে একে শেষ হয়ে যাচ্ছে। এই অধ্যায়টি আমার জন্য বিশেষভাবে কষ্টের। আমি জাতীয় দলের অংশ হতে ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। কিন্তু আমি নিজেকে উজাড় করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। আমার পর আসছে অনেক দুর্দান্ত তরুণ, যারা এখানে থাকার যোগ্য।”
আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। দুই দশকের বেশি সময় ধরে গ্যালারি থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন আর ভেতর থেকে অনুভব করতে পারবেন না, এই ভাবনাই তাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে।
“গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সমর্থন শোনা আমাকে ভীষণভাবে মিস করতে হবে। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে দলকে সমর্থন করব—ভালো সময়ে যেমন, খারাপ সময়েও তেমন। বরং খারাপ সময়ে আরও বেশি।”
পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, জাতীয় দলের হয়ে কাটানো এই দীর্ঘ যাত্রা ছিল একই সঙ্গে অসাধারণ ও কঠিন।
শেষে নিজের দেশের প্রতি আবেগই সবচেয়ে বেশি ফুটে উঠেছে মেসির বার্তায়।
“আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি, যেগুলোর স্বপ্ন আমরা দেখেছিলাম। আপনাদের সঙ্গে সবকিছু অনুভব করা ছিল অবিশ্বাস্য।”
এরপর ছোট্ট অথচ আবেগঘন বিদায়, “আমি তোমাদের ভালোবাসি। আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা!”
আর্জেন্টিনার হয়ে মেসির পথচলার শেষটা হয়তো ট্রফি দিয়ে হয়নি। কিন্তু বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, অসংখ্য গোল আর কোটি মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে এবার থেকে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। মাঠের বাইরে বসেই নিজের দেশকে সমর্থন করবেন তিনি। এর মধ্য দিয়ে একটা যুগের সমাপ্তি এভাবেই হলো।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলএমি মার্তিনেজকে কেন ‘দিবু’ বলা হয়?
ফুটবলএশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ঘোষণা
ফুটবল





মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।