খেলারদেশ

মেসি-রোনালদো

মেসি না রোনালদো, কে আগে অবসর নেবেন?

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে আগে বুটজোড়া তুলে রাখবেন?

মেসি না রোনালদো, কে আগে অবসর নেবেন?

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

দুই কিংবদন্তির ক্যারিয়ারের শেষ অধ্যায় এখন আর খুব দূরে না। তবে প্রশ্নটা এখন, লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে আগে বুটজোড়া তুলে রাখবেন?

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে নিজেদের দ্বৈরথে মাতিয়ে রেখেছেন মেসি ও রোনালদো। ব্যালন ডি’অর, চ্যাম্পিয়নস লিগ, গোলের রেকর্ড কিংবা আন্তর্জাতিক ট্রফি—প্রায় সব বড় অর্জনেই কোনো না কোনোভাবে একে অন্যের সঙ্গে তুলনায় থেকেছেন তারা। কিন্তু বয়সের কাছে শেষ পর্যন্ত সবাইকেই হার মানতে হয়। ৪১ বছর বয়সী রোনালদো এবার নিজেই অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন। অন্যদিকে ৩৯ বছরের মেসি নির্দিষ্ট কোনো তারিখ না বললেও সাম্প্রতিক কথায় ভবিষ্যৎ নিয়ে তার অনিশ্চয়তা স্পষ্ট হয়েছে।

Image

অবসরের ব্যাপারে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ১৬ আগস্ট ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগিজ তারকা বলেছেন, ২০২৬/২৭ মৌসুমই সম্ভবত তার ক্যারিয়ারের শেষ বছর। ‘সম্ভবত’ শব্দটি অবশ্য গুরুত্বপূর্ণ। এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি তিনি। তবে তার আল-নাসরের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদও ২০২৭ সালের জুন পর্যন্ত। ফলে সময়ের হিসাবটাও বেশ পরিষ্কার। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় লক্ষ্য, ১০০০ ক্যারিয়ার গোল। বর্তমান হিসাবে রোনালদোর গোলসংখ্যা ৯৭৭। অর্থাৎ চার অঙ্কে পৌঁছাতে প্রয়োজন আর মাত্র ২৩ গোল। মৌসুমের শুরুতেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারলে সেটাই হতে পারে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আদর্শ সমাপ্তি।

তবে সমস্যা একটাই, রোনালদো যে স্বাভাবিক ফুটবল যুক্তিতে চলেন না! ৩৫ বছর বয়সেও তিনি গোলের পেছনে ছুটেছেন। ৩৭-এ নিজের শারীরিক মান ধরে রেখেছেন। ৪০ পেরিয়েও মাঠে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। তাই ১,০০০ গোল করার পরও যদি তিনি ১,০৫০ কিংবা ১,১০০ গোলের নতুন লক্ষ্য ঠিক করে ফেলেন, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এবার পার্থক্যটা হলো, রোনালদো শুধু অবসরের কথা বলেননি। অবসরের পর কী করবেন, তা নিয়েও কথা বলেছেন। পরিবারকে সময় দেওয়া, ভ্রমণ করা, প্যাডেল খেলা; ফুটবলের বাইরের জীবন নিয়েও ভাবছেন তিনি। এটাই লক্ষণ যে, তিনি মানসিকভাবেও বিদায়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।

Image

মেসির গল্পটা একটু ভিন্ন। মেসি বরাবরই অবসরের বিষয়ে অনেক বেশি অনিশ্চিত। কখনো নির্দিষ্ট সময়সীমা দেননি। বরং বারবার বলেছেন, শরীর ও মন যতদিন চাইবে, ততদিন খেলবেন। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি ২০২৮ সালের এমএলএস মৌসুম পর্যন্ত। অর্থাৎ কাগজে-কলমে তিনি ৪১ বছর বয়স পর্যন্ত খেলতে পারেন। তবে চুক্তি থাকলেই যে সেই পর্যন্ত খেলতে হবে, এমন নয়।

২০২৬ বিশ্বকাপেও মেসি দেখিয়েছেন বয়স তার পারফরম্যান্সকে খুব একটা থামাতে পারেনি। ৩৯ বছর বয়সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। টুর্নামেন্টে করেছেন আট গোল, সঙ্গে চারটি অ্যাসিস্ট। ফলে তাকে এখনই মাঠ ছাড়ার কোনো স্পষ্ট ফুটবলীয় কারণ নেই। কিন্তু আগস্টে পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। বাবার মৃত্যুর পর বদলে গেছে মেসির ভাবনা।

চলতি মাসের শুরুতে মেসির বাবা হোর্হে মেসি মারা যান। তার পুরো ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন ছিলেন তিনি। শৈশব থেকে পেশাদার ফুটবলার হয়ে ওঠা, প্রায় পুরো পথেই বাবাকে পাশে পেয়েছেন মেসি। বিশ্বকাপের সময়ও বাবার অসুস্থতা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। বাবার মৃত্যুর পর মেসি লিখেছেন, তিনি জীবনে মূলত ফুটবলই খেলেছেন এবং এখন আর কতদিন খেলবেন, তা নিয়ে তার ‘অনেক প্রশ্ন’ তৈরি হয়েছে।

এটা অবশ্য অবসরের ঘোষণা না। কিন্তু মেসির আগের বক্তব্যগুলোর তুলনায় নিঃসন্দেহে অনেক বেশি আবেগপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাই এখন মেসির ক্ষেত্রে প্রশ্নটা শুধু শরীরের না। তিনি আদৌ আর কতদিন ফুটবল খেলতে চান, সেই মানসিকতাই গুরুত্বপূর্ণ।

Image

তাহলে কে আগে অবসর নেবেন? বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এগিয়ে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ তার হাতে একটা সম্ভাব্য সময়সীমা আছে। ২০২৭ সালের জুনে আল-নাসরের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। তিনি নিজেই বলেছেন, এই মৌসুম সম্ভবত তার শেষ। ২০২৬ বিশ্বকাপও ছিল তার শেষ বিশ্বকাপ। এর সঙ্গে আছে ১,০০০ গোলের মাইলফলক। সবকিছু মিলিয়ে ২০২৭ সালে রোনালদোর বিদায় নেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

অন্যদিকে মেসির হাতে ২০২৮ পর্যন্ত চুক্তি আছে। এমএলএসে তুলনামূলক কম শারীরিক চাপেও তিনি নিজের সেরাটা দিতে পারছেন। ফলে আরও এক-দুই বছর চালিয়ে যাওয়ার বাস্তব সুযোগ তার রয়েছে। তবে মেসির সাম্প্রতিক মানসিক অবস্থার কারণে ব্যবধানটা আর আগের মতো নিশ্চিত নয়।

Image

এই ক্ষেত্রে তিনটি সম্ভাবনা বিবেচনাযোগ্য:

প্রথম সম্ভাবনা, রোনালদো আগে অবসর নেবেন। এটাই সবচেয়ে সম্ভাব্য দৃশ্য। ২০২৬/২৭ মৌসুম শেষ করবেন রোনালদো, হয়তো ১,০০০ গোলের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন। এরপরই আসবে বিদায়। দ্বিতীয় সম্ভাবনা, দুজন প্রায় একই সময়ে অবসর নেবেন। রোনালদো ২০২৭ সালে বিদায় নিলেন, আর মেসিও একই সময় বা কিছুদিন পর সিদ্ধান্ত নিলেন, এমন দৃশ্যও অসম্ভব নয়। তৃতীয় সম্ভাবনা, মেসিই আগে থামবেন। এটার সম্ভাবনা এখনো সবচেয়ে কম। তবে বাবার মৃত্যুর পর ফুটবল নিয়ে তার নতুন করে তৈরি হওয়া অনিশ্চয়তা সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না।

শেষ পর্যন্ত সিদ্ধান্তটা হয়তো গোল, ট্রফি কিংবা চুক্তির হিসাবেও হবে না। নির্ভর করবে দুজনের সবচেয়ে সহজ এক প্রশ্নের উত্তরের ওপর, তারা আর কতদিন ফুটবল উপভোগ করতে চান? ২০ বছরেরও বেশি সময় ধরে ‘মেসি বনাম রোনালদো’ ছিল ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ। ‘কে সেরা’ সেই প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক হয়তো কখনো শেষ হবে না। কিন্তু এবার প্রতিযোগিতাটা অন্যরকম। কে আগে মাঠ ছাড়বেন?

আজকের হিসাব বলছে, রোনালদোই সম্ভবত ২০২৭ সালে প্রথম বিদায় নেবেন। মেসি হয়তো থাকবেন আরও কিছুদিন—সম্ভবত ২০২৭ বা ২০২৮ পর্যন্ত।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।