খেলারদেশ

ইংলিশ ক্লাবের হয়ে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার

ইংলিশ ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার: জামালুর রহমানের অজানা গল্প অনেকের অজানা। বার্নলি ক্লাবে তাঁর যোগদান সে সময় ব্যাপক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। ১৯৯১ সালে তিনি বিবিসি টু-এর "On the Line" শীর্ষক একটি প্রামাণ্যচিত্রেও স্থান পান। তিনি ছিলেন ইংল্যান্ডের কোনো পেশাদার ফুটবল ক্লাবের প্রথম এশীয় খেলোয়াড়।

ইংলিশ ক্লাবের হয়ে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার

বার্নলি দলের হয়ে বাংলাদেশি জামালুর রহমান

রনক জামান
By রনক জামান

ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি খেলোয়াড় হামজা চৌধুরীকে সবাই চেনেন। চেনেন ১৯ বছর বয়সী ফুলহাম উইংগার ফারহান আলী ওয়াহিদকেও। তবে এঁরাই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি নন।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সেই প্রথম বাংলাদেশি ফুটবলারের গল্পই আজ বলব, যিনি কেবল প্রথম বাংলাদেশি হিসেবে নন, প্রথম এশীয় ফুটবলার হিসেবে নাম লিখিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগে।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের অবদান খুব বেশি আলোচনায় না এলেও তারা নীরবে ইতিহাস গড়ে গেছেন। তেমনই একজন জামালুর রহমান—যিনি ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া প্রথম বাংলাদেশি ফুটবলার এবং প্রথম এশীয় শিক্ষানবিশ খেলোয়াড।

১৯৭৩ সালের ১ অক্টোবর বাংলাদেশে জন্ম নেওয়া জামালুর রহমান ১৯৮০-এর দশকে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। লন্ডনের উপকণ্ঠের ব্যানস্টেডে বেড়ে ওঠার পর তাঁর ফুটবল প্রতিভা নজরে পড়ে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব বার্নলির। ১৯৯০ সালের গ্রীষ্মে তিনি ক্লাবটির ইয়ুথ ট্রেনিং স্কিম (YTS)-এ যোগ দেন, যা সে সময় তরুণ ফুটবলার গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল।

জামালুরের বার্নলিতে যোগ দেওয়া ছিল শুধু একটি ক্লাব বদলের ঘটনা নয়; এটি ছিল ইতিহাসের সূচনা। তাঁর এই অর্জন সে সময় ব্রিটিশ গণমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলে। ১৯৯১ সালে বিবিসি টু-এর "On the Line" প্রামাণ্যচিত্রে তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদনও প্রচার করা হয়।

মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার জামালুর ছিলেন একজন ক্ষিপ্র ও পরিশ্রমী মিডফিল্ডার। বাম প্রান্তে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও প্রয়োজনে মাঠের বিভিন্ন পজিশনে সমান দক্ষতায় খেলতে পারতেন। তাঁর গতি, ড্রিবলিং এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।

বার্নলির টার্ফ মুরে ক্যারিয়ারের শুরুতে তিনি রিজার্ভ দলের হয়ে পন্টিন্স লিগে খেলেন। বোল্টন ওয়ান্ডারার্স-এর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। এরপর পুরো মৌসুমে রিজার্ভ দলের পাশাপাশি ক্লাবের 'এ' দলের হয়ে ল্যাঙ্কাশায়ার লিগে নিয়মিত খেলেন।

১৯৯২–৯৩ মৌসুমের শুরুতে বার্নলির সঙ্গে পেশাদার চুক্তি করেন জামালুর রহমান। যদিও প্রথম দলে নিয়মিত সুযোগ পাননি, তবুও রিজার্ভ দল, 'এ' দল এবং ফুটবল অ্যাসোসিয়েশন ইয়ুথ কাপের ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রমাণ রেখে গেছেন।

আজও অনেকের কাছে অজানা থেকে গেছে জামালুর রহমানের এই পথচলা। অথচ ইংল্যান্ডের পেশাদার ফুটবলের দরজায় প্রথম বাংলাদেশি হিসেবে কড়া নেড়েছিলেন তিনিই। দেশের ফুটবল ইতিহাসে তাঁর নাম তাই পথিকৃৎ হিসেবে চিরস্মরণীয়।

রনক জামান

রনক জামান

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।