খেলারদেশ

অন্যদের দেখতেই আকবরকে বাইরে রেখেছিলেন নির্বাচকরা!

আকবরের সামর্থ্য নিয়ে আমরা জানি, তাকে হিসেবের বাইরে রাখা হয়নি- বললেন হাবিবুল বাশার।

অন্যদের দেখতেই আকবরকে বাইরে রেখেছিলেন নির্বাচকরা!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ হাইপারফরম্যান্স দলে ছিলেন আকবর আলী। তবে ডিপিএল শেষে এইচপি ক্যাম্প কিংবা ‘এ’ দল- কোনো জায়গায় তার সুযোগ হয়নি। সে সময় ইংল্যান্ডের মাটিতে সাটারডে লিগে খেলেছিলেন।

তার জায়গা কেন হয়নি? এই প্রশ্নের অবশ্য সঠিক কোনো উত্তর তখন পাওয়া যায়নি। এ নিয়ে এবার মুখ খুলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি জানান, অন্য ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিতেই আকবরকে দলের বাইরে রাখা হয়েছিল।

এ নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘তার জায়গায় নতুন কাউকে সুযোগ দিয়ে দেখি, তিনি কেমন করছেন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো সফর হয়েছে। আকবর আমাদের চিন্তার বাইরে না। জিম্বাবুয়ে সিরিজে খেলেছেন। সামনেও খেলবেন। এমন না যে চিন্তার বাইরে চলে গেছেন।’

তাকে যে বিবেচনার বাইরে রাখা হয়নি, সেটাও স্পষ্ট করেছেন তার কথায়।

সুমন বলেন, ‘আকবর আলীকে নিয়ে কিন্তু কখনও বলিনি হিসাবের বাইরে চলে গেছে। এর আগে জিম্বাবুয়ে সিরিজে (এ দল) কিন্তু দলে ছিলেন। পারফর্ম করেছেন। আকবরের সামর্থ্য সম্পর্কে আমরা জানি। তাকে নিয়ে বেশি চিন্তা নেই। তিনি ইংল্যান্ডে খেলছেন, আমরা জানি।’

২০২০ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী এখন পর্যন্ত ২৮ প্রথম শ্রেণি, ১০৬ লিস্ট ‘এ’ ও ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অনুর্ধ্ব-১৯ দলে থাকা তার বেশিরভাগ সতীর্থের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও, তিনি এখনও ডাক পাননি।

ব্যাটিং সামর্থ্যে খানিকটা পিছিয়ে থাকায় জাতীয় দলের দরজা এখনও খোলেনি তার জন্য। তবে, ২০২০ সাল থেকে জাতীয় দলের আশেপাশে থাকা বেশিরভাগ দলে তিনি ছিলেন নিয়মিত মুখ। এবারই তার ব্যতিক্রম হয়েছে, ছিলেন না কোথাও।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।