খেলারদেশ

স্পেন

ফুটবলে জুলিয়া রবার্টস কেন এত আলোচিত?

স্প্যানিশ ফুটবলে, বিশেষত কোচদের প্রেস কনফারেন্সে জুলিয়া রবার্টসের প্রসঙ্গ তোলা হয় কেন?

ফুটবলে জুলিয়া রবার্টস কেন এত আলোচিত?

পেপ গার্দিওলা ও জুলিয়া রবার্টস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফুটবলের দুনিয়ায় কিছু রসিকতা সময়ের সঙ্গে হারিয়ে যায়। আবার কিছু রসিকতা এমনভাবে জনপ্রিয় হয়, যা প্রজন্ম পেরিয়েও টিকে থাকে। স্প্যানিশ ফুটবলে জুলিয়া রবার্টসকে ঘিরে এমনই এক অদ্ভুত রসিকতা তৈরি হয়েছে। কোচদের সংবাদ সম্মেলনে হঠাৎ করেই উঠে আসে হলিউডের এই অভিনেত্রীর নাম। কখনো ট্রান্সফার গুঞ্জনের প্রসঙ্গে, কখনো ম্যানেজার বদলের আলোচনায়। শুরুটা অবশ্য পেপ গার্দিওলাকে ঘিরে।

গার্দিওলা একাধিকবার বলেছেন, তার জীবনের তিন আইডল হলেন মাইকেল জর্ডান, টাইগার উডস এবং জুলিয়া রবার্টস। কথাটা নিছক মজা ছিল না। গার্দিওলা সত্যিই রবার্টসের ভক্ত। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর অভিনেত্রী নিজেই তাকে অভিনন্দন জানান। সেই স্বীকৃতি গার্দিওলার কাছে ছিল বিশেষ কিছু।

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পেপ গার্দিওলা ও সিটিকে অভিনন্দন জানান জুলিয়া রবার্টস

চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পেপ গার্দিওলা ও সিটিকে অভিনন্দন জানান জুলিয়া রবার্টস

তবে জুলিয়া রবার্টসকে নিয়ে তার সবচেয়ে বিখ্যাত মন্তব্যটি এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে। ইউনাইটেডের মাঠে রবার্টসের উপস্থিতির প্রসঙ্গ টেনে গার্দিওলা মজা করে বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগে তিনি একজন ‘ব্যর্থ’। কারণ জুলিয়া রবার্টস ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দেখতে গিয়েছিলেন, সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলে তিনি ম্যানচেস্টারে এসেও ইউনাইটেডে যাবেন কিন্তু সিটিতে আসবেন না, তা হয়!

সান্তিয়াগো সোলারি

সান্তিয়াগো সোলারি

সেখান থেকেই বিষয়টা ফুটবল মহলে আরও জনপ্রিয় হয়ে ওঠে। যে রসিকতা ঢুকে পড়ে রিয়াল মাদ্রিদেও। তখন কোচ ছিলেন সান্তিয়াগো সোলারি। হোসে মরিনিওর আবার রিয়ালে ফেরার গুঞ্জন চলছিল। এক সাংবাদিক সোলারিকে জিজ্ঞেস করেন, জুলিয়া রবার্টস তাকে নাকি মরিনিওকে পছন্দ করবেন? অদ্ভুত এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার বদলে সোলারি আরও মজা করে বলেন, রিয়াল মাদ্রিদ সবসময়ই জুলিয়া রবার্টসের চেয়েও বেশি কাঙ্ক্ষিত। পরে যখন তাকে জিজ্ঞেস করা হয়, রবার্টস আসলে কাকে পছন্দ করবেন, সোলারির উত্তর ছিল আরও সংক্ষিপ্ত, “ভালো প্রশ্ন। তাকে জিজ্ঞেস করুন।”

বছর কয়েক পরও রসিকতাটি হারিয়ে যায়নি। ২০২৬ সালের এপ্রিলে রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়াকে জিজ্ঞেস করা হয়, কিলিয়ান এমবাপ্পে মরিনিওর রিয়ালে ফেরার গুঞ্জনসংক্রান্ত একটা পোস্টে লাইক দিয়েছেন, এ নিয়ে তার মত কী? আরবেলোয়া গুঞ্জনের জবাব না দিয়ে বলেন, “আমি কেয়ার করি না। সে মরিনিও, জুলিয়া রবার্টস কিংবা যাকে খুশি লাইক করতে পারে।” সাংবাদিকদের হাসির মধ্যেই পুরোনো সেই রসিকতা আবার ভাইরাল হয়ে যায়।

আলভারো আরবেলোয়া

আলভারো আরবেলোয়া

কিন্তু জুলিয়া রবার্টসই কেন? এর পেছনে প্রজন্মগত কারণও রয়েছে। ১৯৯০ সালের ‘প্রিটি উইম্যান’ থেকে শুরু করে ‘নটিং হিল’ ও ‘এরিক ব্রকোভিচ’—জুলিয়া রবার্টসের জনপ্রিয়তার শীর্ষ সময়টা মিলে যায় বর্তমান প্রজন্মের অনেক স্প্যানিশ কোচ ও সাবেক খেলোয়াড়ের বেড়ে ওঠার সময়ের সঙ্গে। সত্তর ও আশির দশকে জন্ম নেওয়া এই প্রজন্মের কাছে রবার্টস ছিলেন পরিচিত এক সাংস্কৃতিক প্রতীক। ফলে সংবাদ সম্মেলনে তার নাম বললেই সবাই রসিকতাটা বুঝে ফেলেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জুলিয়া রবার্টস

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জুলিয়া রবার্টস

এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ২০১৭ সালে মাদ্রিদে রবার্টসের সফরের সময় তার প্রতি নিজের আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছিল। অর্থাৎ বিষয়টি শুধু গার্দিওলা বা কয়েকজন কোচের ব্যক্তিগত রসিকতা না। ধীরে ধীরে এটা স্প্যানিশ ফুটবল সংস্কৃতিরই এক পরিচিত রেফারেন্সে পরিণত হয়েছে।

আরেকটা কারণও আছে। একবার কোনো রসিকতা সংবাদ সম্মেলনে ভালোভাবে কাজ করলে সেটা টিকে যায়। সাংবাদিকরা পরবর্তী কোচদের একই প্রসঙ্গে প্রশ্ন করেন, কোচরাও জানেন, জুলিয়া রবার্টসের নাম বললে হাসি আসবে, শিরোনাম হবে, অথচ কঠিন প্রশ্নের সরাসরি উত্তরও দিতে হবে না।

তাই জুলিয়া রবার্টস এখন স্প্যানিশ ফুটবলে শুধুই হলিউড তারকা নন। ট্রান্সফার গুঞ্জন এড়ানো, অস্বস্তিকর প্রশ্ন পাশ কাটানো কিংবা সংবাদ সম্মেলনে একটু হাসির খোরাক দেওয়ার, তিনি যেন এক ধরনের সাংস্কৃতিক ‘কোড’।

আর সেই কোডের শুরুটা করেছিলেন গার্দিওলা। এরপর সোলারি সেটিকে রিয়াল মাদ্রিদে নিয়ে যান। আরবেলোয়া ২০২৬ সালে এসে প্রমাণ করেন যে ‘স্প্যানিশ ফুটবলে জুলিয়া রবার্টস’-এর বিখ্যাত রসিকতার শেষ এখনো হয়নি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।