খেলারদেশ

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং

ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ হিসাবে সাবেক সতীর্থ ব্র‍্যান্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হচ্ছেন নিউজিল্যান্ড গ্রেট স্টিফেন ফ্লেমিং

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং

স্টিফেন ফ্লেমিং (ফাইল ফটো)

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ব্র‍্যান্ডন ম্যাককালামের বাজবল ক্রিকেট তত্ত্ব টেস্ট ক্রিকেটে ব্যর্থ হওয়ায় ইংলিশ ক্রিকেট ক্ল্যাসিক ঘরানাতেই ফিরে যাচ্ছে। ম্যাককালামের ইংল্যান্ড টেস্ট দল বেশ কিছু স্মরণীয় মুহূর্ত ও বিনোদন উপহার দিয়েছে বটে, দল হিসাবে ইংল্যান্ড ব্যর্থতাই বেশি দেখেছে। যে কারণে এ মাসের শুরুতে চাকরি থেকে বরখাস্ত হন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার ম্যাককালাম। তাঁর জায়গায় আরেক কিউই গ্রেট, সাবেক অধিনায়ক ও বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার স্টিফেন ফ্লেমিংকে নিয়োগ দিতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০০৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকে বিভিন্ন টি২০ ফ্র‍্যাঞ্চাইজির সাথে প্রধান কোচ হিসাবে তাঁর কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তখন থেকেই আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং একাধিক ট্রফি জিতেছেন। ম্যাককালাম বরখাস্ত হবার পর সাবেক হেড কোচ জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ারের দ্বারস্থ হয় ইসিবি, কিন্তু তিনি চাকরি নিতে রাজি হননি। এরপরই ফ্লেমিংয়ের দিকে মনযোগ দেয় তারা। দায়িত্ব নেওয়ার পর হেড অব ক্রিকেট রব কি ও প্রধান নির্বাচক মার্কাস নর্থের সঙ্গে মিলে টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে ফ্লেমিংকে, কারণ নিয়মিত অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি অবসর নিয়েছেন।

ম্যাককালামের অধীনে শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড, প্রথম ১২ টেস্টের ১০টিতেই জয় পায় তারা। এরপর ৩৭ টেস্টের ১৮-টিতে হেরেছে ও জিতেছে ১৭টি। একবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। ইংরেজরা ২০২৪ থেকে একাধিক ম্যাচের কোনো দ্বিপাক্ষিক সিরিজও জিততে পারেনি।তাই নতুন করে, নতুন লক্ষ্য নিয়ে ইসিবি ফ্লেমিংকে নিয়োগ দিচ্ছে।

ফ্লেমিং কবে দায়িত্ব নেবেন, তা এখনও ঠিক হয়নি। ১৯ আগস্ট থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে নাকি ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে, তা এখনও ঠিক করতে পারেনি।ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অন্তর্বতী হেড কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন ম্যাককালামের সহকারী মার্কাস ট্রেসকোথিক ও নতুন অধিনায়ক নির্বাচন পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন জো রুট।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।