খেলারদেশ

আবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক

এই দুই ওপেনার মিলে এবারের আসরে করেছেন ছয় সেঞ্চুরি।

আবারও নাঈম-মাহফিজুলের ব্যাটে শতক
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ঢাকা বিভাগের নাঈম শেখ ও ময়মনসিংহ বিভাগের মাহফিজুল ইসলাম রবিন। বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন মাহফিজুল আর রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করেন নাঈম।

চতুর্থ রাউন্ডের প্রথম দিনে ওপেনিংয়ে এনে একপ্রান্ত আগলে রেখে দলকে দারুণ শুরু এনে দেন নাঈম শেখ। আগের দুই ম্যাচের ধারাবাহিকতায় এবারও তিন অঙ্কের ঘর স্পর্শ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এনসিএলে আগের দুই ম্যাচে যথাক্রমে সিলেট বিভাগের বিপক্ষে ১৩৭ ও ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ১৩৫ রান করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দিনে আগের দুই ইনিংসকে ছাড়িয়ে গেছেন। এনসিএলের এবারের আসরে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০৫ বলে ১৪৫ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি। এ সময় তার ইনিংসে ছিল ১২ চার ও চার ছয়।

নাঈমের মতো ওপেনিংয়ে আলো ছড়াচ্ছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। চতুর্থ রাউন্ডে এবারের আসরে নিজের তৃতীয় শতকের দেখা পেয়েছেন। পাশাপাশি অপেক্ষায় আছেন প্রথম শ্রেণির ক্রিকেটে হাজার রানের মাইলফলক ছোঁয়ার।

দারুণ কীর্তির অপেক্ষায় থাকা এই ডানহাতি ওপেনারের এটি ছিল চতুর্থ সেঞ্চুরি। বগুড়ায় চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রেখে দারুণভাবে ময়মনসিংহকে এগিয়ে নিচ্ছেন এই তরুণ।

এনসিএলের এবারের আসরের প্রথম রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঠিক ১০০ রানে থেমেছিলেন রবিন। আর তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে খেলেন ১১৬ রানের দারুণ এক ইনিংস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই দুই ইনিংসকে পেছনে ফেলে ক্যারিয়ার সেরা ইনিংসের দিকে ছুটছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৪ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ইনিংসে ছিল ১২ চার ও এক ছয়।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।