ক্যারিবিয়দের পেস বিষে হারলো পাকিস্তান
দুই ম্যাচ সিরিজের প্রথম।টেস্টে পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচসেরা।জাস্টিন গ্রিভসকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ দলের উল্লাস
১৫৬ রানের লিড ও ৭ উইকেটে ১২৭ রান নিয়ে ত্রিনিদাদের তারুবার ব্রায়াল লারা ক্রিকেট একাডেমি স্টেডিয়ামের অভিষেক টেস্টের চতুর্থ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুই অপরাজিত ব্যাটার কিমার রোচ ও শামার জোসেফ দলের রানটা ১৫৪ পর্যন্ত নিয়ে যান। মোহাম্মদ আলীর বলে দলের সর্বোচ্চ ৩৮ রান করে বোল্ড হন জোসেফ। এরপর আরেক টেইলএন্ডার জোমেল ওয়ারিকানকে নিয়ে দলের সংগ্রহে আরও ১৫ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন কিমার রোচ। তাঁর অবদান ১৮ রান। ১৪ রান করা ওয়ারিকানকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ১৮১ রানে গুটিয়ে দেন মোহাম্মদ আব্বাস; তিনি ২২ রানে ৫ ক্যারিবিয় ব্যাটার শিকার করেন।

২০ রানে ৫ উইকেট নিয়েছেন জেইডন সিলস
প্রায় দেড় দিন সময়ে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ২১১ রান; সহজ মনে হলেও ওয়েস্ট ইন্ডিজ তা অসম্ভব বানিয়ে ফেলে। স্বাগতিক পেসারদের নীল ছোবলে পাকিস্তানের ব্যাটাররা সামান্য প্রতিরোধও গড়তে পারেননি। দলীয় ৫ রানে ইমাম উল হককে দিয়ে শুরু, অধিনায়ক বাবর আজম বাদে বাকিরা ড্রেসিং রুম আর ক্রিজে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন।বাবর একপ্রান্ত আগলে ৫৮ রান করলেও অন্যদের ব্যর্থতায় দুই সেশনেরও কম সময়ে মাত্র ৪০.২ ওভারে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ১২০ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের দাপুটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৪.২ ওভার বল করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামান ফাস্ট বোলার জেইডন সিলস। কিমার রোচের শিকার দুই উইকেট। ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।