ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ইংল্যান্ড
লর্ডসে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ২৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড।

টি২০ সিরিজের পর ওয়ানডে সিরিজেও ভারতকে হারালো ইংল্যান্ড
সিরিজে ১-১ সমতা নিয়ে লর্ডসে শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাকব বেথেল ও বেন ডাকেট মিলে দলকে বড় রানের ভিত গড়ে দেন। এই দুজন খেলেছেন ৩১.১ ওভার, তুলেছেন ১৯২ রান। ভারতকে প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রসিধ কৃষ্ণা। ৯৩ বলে ৯১ রান করা বেথেলকে সাজঘরে পাঠান তিনি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অপর ওপেনার ডাকেট ঠিকই ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চহ্রি তুলে নেন। আউট হবার আগে ভারতের বোলারদের কচুকাটা করে ১৮ চার ও এক ছক্কায় দলকে ১৪১ রান দিয়ে যান।

সেঞ্চুরির পর বেন ডাকেট
তিন নম্বরে নামা জো রুটও ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন। ৩৯ বলে ফিফটি তুলে নেওয়া রুট ৯ চারে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। রান উৎসবে যোগ দিয়ে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক হ্যারি ব্রুক। ১২ বলে ১৪ রান করে প্রসিধের দ্বিতীয় শিকার হন তিনি। তবে রুটের সাথে মিলে ইনিংসের শেষ বল পর্যন্ত তাণ্ডব চালান জস বাটলার। তিনটি ছক্কা ও চারটি চারে মাত্র ১৩ বলে ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। সাথে অতিরিক্ত ২৬ রান মিলিয়ে ভারতের সামনে ৩ উইকেটে ৩৮৭ রানের পাহাড় দাঁড় করায় ইংল্যান্ড।
৩৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মা ও অধিনায়ক শুবমান গিলের ব্যাটে দারুণ সূচনা করে ভারত। দুজন বিচ্ছন হবার আগে খেলে ফেলেন ২৪.২ ওভার, স্কোরবোর্ডে যোগ করেন ১৪৭ রান। গিলকে আউট করে ইংল্যান্ডকে প্রথম ব্রেকথ্রু দেন লেগস্পিনার আদিল রশিদ।৮৪ বলে ৭৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন গিল। রোহিত শর্মার সঙ্গে তিন নম্বরে নামা বিরাট কোহলি ইংল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন। দুর্দান্ত ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। ১৭ চার ও ৫ ছক্কায় ১৩৮ রান করে রোহিত যখন পার্টটাইমার বেথেলের বলে বোল্ড হন, তখন ভারতের স্কোরবোর্ডে ৩৮.৪ ওভারে ২৬০ রান। জয়ের ভিত তৈরি করে দিয়ে যান ৩৯ বছর বয়সী রোহিত।

রোহিত শর্মার ৩৪তম ওয়ানডে সেঞ্চুরি বিফলে যায়
কিন্তু রোহিতের দিয়ে যাওয়া ব্যাটনটা মিডল অর্ডার ব্যাটাররা বয়ে নিতে পারেননি। বলতে গেলে বাঁহাতি সিম বোলার স্যাম কারেন নিতে দেননি।৪৪তম ওভারে ভারতের দলীয় ৩০৪ রানে শ্রেয়াস আইয়ার আর ইশান কিষানকে আউট করে ম্যাচ ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন কারেন। তিনি ভারতকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন ৪৫.২ ওভারে, চারটি চার ও তিন ছক্কায় ৬০ বলে ৭৪ রান করা কোহলিকে আউট করে জয়টা ইংল্যান্ডের দিকে নিয়ে আসেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৬০ রান পর্যন্ত পৌঁছাতে পারে ভারত। ২৭ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। ৭৫ রানে ৪ উইকেট নেন স্যাম কারেন। ৯১ রানের পাশাপাশি রোহিত শর্মার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জ্যাকব বেথেল এবং তিন ম্যাচে ২৪৯ রান করে সিরিজ সেরা জো রুট।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।