খেলারদেশ

আন্তর্জাতিক ক্রিকেট

আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারলো ইন্ডিয়া!

সাবেক এক ইন্ডিয়ানের নৈপুণ্যে আয়ারল্যান্ডের কাছে টি২০ সিরিজ হেরেছে ইন্ডিয়া, বেলফাস্টে আইরিশদের জয় ১ রানে।

আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারলো ইন্ডিয়া!
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ইন্ডিয়া টি২০ ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন, তাদের আছে আইপিএল নামে এই ফরম্যাটের বিরাট এক লিগ। সেই ইন্ডিয়াই আয়ারল্যান্ডের কাছে টি২০ সিরিজ খেলে হোয়াইটওয়াশ হয়েছে! এই হারের পেছনে আবার মূল কৃতিত্ব এক সাবেক ইন্ডিয়ানের!

বাইলেটারাল এই সিরিজটা হওয়ার পেছনে বাংলাদেশের অবদান আছে। গত টি২০ বিশ্বকাপে নিরাপত্তার জন্য ইন্ডিয়ায় ভ্রমণে অনিচ্ছুক বাংলাদেশ নিজেদের ম্যাচগুলির ভেন্যু সরিয়ে আইসিসিকে অনুরোধ করেছিল শ্রীলঙ্কায় নিতে; কাজটি সহজ করতে বিশ্বকাপের গ্রুপ অদল-বদলের জন্য বিসিবি প্রস্তাব দেয় ক্রিকেট আয়ারল্যান্ডকে, তারা মৌখিকভাবে রাজিও হয়। এই খবর প্রকাশ পেলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ড ক্রিকেটকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার টোপ দেয়। ইন্ডিয়ার সাথে সিরিজ খেলা মানে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হওয়া, তাই আয়ারল্যান্ড এই প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ায় খেলতে আসেনি। আইসিসিও বাংলাদেশের ভেন্যু বদলানোর প্রস্তাবে রাজি হয়নি। তাই এই সিরিজে তৃতীয় পক্ষ হয়ে ছিলো বাংলাদেশও!

বেলফাস্টে দুই ম্যাচের টি২০ সিরিজের শেষটায় টস জিতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ইন্ডিয়া। সফরকারী বোলারদের নৈপূণ্যে আইরিশদের রান খুব বেশি হয়নি। হ্যারি টেক্টরের ৫৩ ও বেন ক্যালিটজের ৩৭ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড।

কিন্তু ১৫৫ রানের লক্ষ্যকেও পাহাড়সম বানিয়ে ফেলে ইন্ডিয়ার ব্যাটাররা। কৃতিত্ব অবশ্যই আইরিশ বোলারদের। দল রানের খাতা খোলার আগেই শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরেন দুই ইন্ডিয়ান ওপেনার। দুজনকেই ফেরান ইন্ডিয়ার রাজস্থানে জন্ম নেওয়া জয় মুন্দ্রা। পরে শ্রেয়াস আইয়ারকেও আউট করেছেন এই ২৯ বছর বয়সী বাঁহাতি পেসার।

আয়ারল্যান্ডের জয়ের নায়ক জয় মুন্দ্রা

আয়ারল্যান্ডের জয়ের নায়ক জয় মুন্দ্রা

প্রতিরোধ গড়ে তিলক ভার্মা একদিকে আগলে রাখলেও অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন তিলক। শেষ দিকে হার্শিত রানার ক্যামিওতে জয় ও সিরিজ ড্রয়ের সম্ভাবনা জাগে। ১০ বলে ২১ রান করেন রানা।

শেষ ওভারে জয়ের জন্য ইন্ডিয়ার দরকার ছিলো ১৪ রান। হ্যারি টেক্টরের করা ঘটনাবহুল ওভারটিতে দুটি ওয়াইডের সঙ্গে একটি নো বলে অতিরিক্ত ৩ রান পেয়ে যাওয়ার পরেও জয়ের সমীকরণ মেলাতে পারেনি ইন্ডিয়া। পঞ্চম বলে হার্শিত রানা আউট হলে শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৮ রানের, টেক্টর ওয়াইড বা নো বল না করায় প্রিন্স যাদব ছক্কা হারানোর পরেও ১ রানে জিতে যায় আয়ারল্যান্ড।

সিরিজের ট্রফি হাতে আয়ারল্যান্ডের উল্লাস

সিরিজের ট্রফি হাতে আয়ারল্যান্ডের উল্লাস

৩টি করে উইকেট নেন মুন্দ্রা ও ম্যাট হলার্ড। ম্যাচ সেরা হন মুন্দ্রা। ৫ উইকেট নিয়ে সিরিজেরও সেরা হয়েছেন জয় মুন্দ্রা।

প্রথম টি২০-তে আয়ারল্যান্ড জিতেছিল ৩৪ রানে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।