খেলারদেশ

সতেরো বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে টাইগাররা

আগামী ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে একটি একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

সতেরো বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে টাইগাররা

বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ইল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস

Kh
By Khelar Desh Desk

আগামী ২০২৭ সালের মে মাসে ইংল্যান্ড সফরে একটি একমাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ইসিবি। তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, ভেন্যু নির্ধারণ অনেকটাই নির্ভর করছে ২০২৭ সালের জুনে হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওপর। ইসিবির বিদ্যমান চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লন্ডনে আয়োজন করতে হবে। প্রাথমিকভাবে লর্ডসকে ফাইনালের ভেন্যু হিসেবে ভাবা হলেও পিচের মান নিয়ে উদ্বেগ থাকায় বিকল্প হিসেবে ওভালকে বিবেচনা করা হচ্ছে।

যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওভালে অনুষ্ঠিত হলে বাংলাদেশ-ইংল্যান্ডের একমাত্র টেস্টটি আয়োজন করা হবে ঐতিহাসিক লর্ডসে। সে ক্ষেত্রে লন্ডনেই চারটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ নিয়ে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে ইসিবি। ২০২৭ সালের অ্যাশেজ সিরিজের জন্য এডজবাস্টন, ট্রেন্ট ব্রিজ, রোজ বোল, লর্ডস ও ওভালকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ায় উত্তর ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা নিজেদের বঞ্চিত মনে করছেন। বাংলাদেশ টেস্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে ওল্ড ট্রাফোর্ডের নামও আলোচনায় ছিল। তবে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্ষতিপূরণ পেলে ভেন্যুটি বাদ দিতে রাজি বলে জানা গেছে।

বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার বিষয়টিও আলোচনার জন্ম দিয়েছে। কারণ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সেই সিরিজের কয়েক মাস পরই ইংল্যান্ডের মাটিতে আবার মুখোমুখি হবে দুই দল।

এর ফলে ২০২৭ সালে ইংল্যান্ড টানা নয়টি টেস্ট ম্যাচ খেলবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এছাড়া মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্টও খেলবে ইংল্যান্ড। সব মিলিয়ে ২০২৭ সাল ইংল্যান্ডের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি টেস্ট মৌসুম হতে যাচ্ছে। আর সেই সূচির অংশ হিসেবেই দীর্ঘদিন পর ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

Kh

Khelar Desh Desk

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।