ক্যারিবিয়দের স্পিন-বিষে নীল করে সমতায় নিউজিল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৮ ওভারে ১৩৮ (ক্যাম্পবেল ৪৩,লেনক্স ৮-০-১৯-৫)। নিউজিল্যান্ড: ৩২.৪ ওভারে ১৪১/৫ (ল্যাথাম ৩৭*,ব্রেসওয়েল ২৪*; পিয়ের ৯-১-৩৩-২)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা। ম্যান অব দা ম্যাচ: জেডেন লেনক্স।

সিরিজ সমতায় ফিরিয়েছে নিউজিল্যান্ড
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্পিনারদের রেকর্ড গড়া বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল কিউইরা।
ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে শুরু করেছিল, পরের গল্পটা ছিল তার সম্পূর্ণ উল্টো। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল ও আকিম ওগিসের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় ৬৩ রান। এর মধ্যে ক্যাম্পবেল ছিলেন বেশ আগ্রাসী, খেলেন ৪১ বলে ৪৩ রানের ইনিংস। তবে কিউই পেসাররা শুরুতে সুবিধা করতে না পারলেও, স্পিনাররা আক্রমণে আসতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। ওগিসকে (১৮) ফিরিয়ে ব্রেসওয়েল প্রথম জুটি ভাঙার পর, পরের ওভারেই ক্যাম্পবেলের অফ স্টাম্প উপড়ে দেন মিচেল স্যান্টনার। এরপর আর দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত স্রেফ ১৩৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ডের জয়ের নায়ক চলতি বছরেই অভিষিক্ত হওয়া স্পিনার লেনক্স। ষষ্ঠ বোলার হিসেবে সবার শেষে আক্রমণে এসে ক্যারিবিয়ানদের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠেন তিনি। মাত্র ১৯ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। লেনক্সের ৫ উইকেটের পাশাপাশি মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট। একটি রান আউট বাদে ওয়েস্ট ইন্ডিজের বাকি ৯টি উইকেটই ভাগ করে নেন কিউই স্পিন ত্রয়ী। নিউজিল্যান্ডের ওয়ানডে ইতিহাসে স্পিনারদের যৌথভাবে ৭টির বেশি উইকেট নেওয়ার রেকর্ড এটাই প্রথম।
ক্যারিবিয়ানদের পক্ষে শেই হোপ, শেরফেন রাদারফোর্ড ও কেসি কার্টি দ্রুত বিদায় নিলে মিডল অর্ডার ধসে পড়ে। আমির জাঙ্গু ২৪ রান করলেও দলের শেষ ৫ ব্যাটসম্যান মিলে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছেন মাত্র ১০ রান! শেষ ৪১ রানে তারা হারায় ৭টি উইকেট। স্পিন সহায়ক উইকেটে ১৩৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ পরীক্ষা দিতে হয়েছে কিউই ব্যাটসম্যানদের। ৩৫ রানের উদ্বোধনী জুটিতে উইল ইয়াং ২৮ রান করে বিদায় নেন। তিনে নামা মার্ক চ্যাপম্যান খাতা খোলার আগেই রান আউটের শিকার হন। এরপর হেনরি নিকোলস দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। তবে ড্যারেল মিচেল এবং অধিনায়ক টম ল্যাথাম দলকে টেনে তোলেন। মিচেল ও ফক্সক্রফট দ্রুত বিদায় নিলেও, ল্যাথাম অপরাজিত ৩৭ এবং মাইকেল ব্রেসওয়েল ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৮ ওভারে ১৩৮ (ক্যাম্পবেল ৪৩,লেনক্স ৮-০-১৯-৫)। নিউজিল্যান্ড: ৩২.৪ ওভারে ১৪১/৫ (ল্যাথাম ৩৭*,ব্রেসওয়েল ২৪*; পিয়ের ৯-১-৩৩-২)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা। ম্যান অব দা ম্যাচ: জেডেন লেনক্স।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।