খেলারদেশ

জামাল মুসিয়ালা

মুসিয়ালার অসুস্থতা নিয়ে বায়ার্নের অবস্থান

জামাল মুসিয়ালার অসুস্থতা নিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতা, ইউর্গেন ক্লপের ফোনে পেলেন বিশেষ বার্তা

মুসিয়ালার অসুস্থতা নিয়ে বায়ার্নের অবস্থান

জামাল মুসিয়ালা

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জামাল মুসিয়ালার শারীরিক অবস্থা নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে। বায়ার্ন মিউনিখের সঙ্গে এ বিষয়ে তার সমঝোতাও হয়েছিল বলে জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড। এমনকি জার্মানি জাতীয় দলের নতুন কোচ ইয়ুর্গেন ক্লপও মুসিয়ালাকে ফোন করে তার পাশে থাকার বার্তা দিয়েছেন।

আগস্টের মাঝামাঝি আরবি লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে হঠাৎ মাঠে পড়ে যান মুসিয়ালা। তখনো তার স্নায়বিক সমস্যার বিষয়টি প্রকাশ্যে আসেনি। পরে হাইডেনহাইমের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচেও একই ধরনের ঘটনা ঘটে।

স্পোর্ট বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, লাইপজিগ ম্যাচের দুই দিন পর বায়ার্নের সাবেেনার স্ট্রাসের কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক হয়। সেখানে বায়ার্নের ক্রীড়া বিভাগের প্রধান ম্যাক্স এবের্ল, ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রয়ন্ড, মুসিয়ালা, তার ব্যবস্থাপনা দল এবং চিকিৎসকদের একজন উপস্থিত ছিলেন।

বায়ার্নের কর্তারা মুসিয়ালার শারীরিক সমস্যার বিষয়টি গত মৌসুমজুড়েই জানতেন বলে দাবি করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে জানানোর পরামর্শও দেওয়া হয়েছিল। তবে তখনই এটা প্রকাশ করতে প্রস্তুত ছিলেন না মুসিয়ালা।

শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ম্যাচে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলে মুসিয়ালা নিজেই বিষয়টা প্রকাশ্যে জানাবেন। ঠিক এক দিন পর হাইডেনহাইমের বিপক্ষে আবার মাঠে পড়ে যান তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিবৃতি দেন, সেটা ক্লাবের সঙ্গে আলোচনা করেই তৈরি করেছিলেন মুসিয়ালা।

এরপর মুসিয়ালার সঙ্গে ফোনে কথা বলেন জার্মানি জাতীয় দলের নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ। স্পোর্ট বিল্ডের দাবি, ক্লপ তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। পাশাপাশি জানান, জার্মানি দলের ভবিষ্যৎ পরিকল্পনায় মুসিয়ালা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ক্লপের সঙ্গে সেই কথোপকথনে মুসিয়ালা বেশ খুশি হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

মুসিয়ালার বায়ার্নের সঙ্গে বর্তমান চুক্তি নিয়েও এসেছে নতুন তথ্য। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা সেই চুক্তি থেকে বছরে প্রায় আড়াই কোটি ইউরো আয় করেন তিনি। চুক্তির সময় তার বর্তমান সমস্যাগুলো দেখা দেয়নি। ফলে এ ধরনের পরিস্থিতি নিয়ে চুক্তিতে কোনো বিশেষ শর্ত বা সুরক্ষা রাখা হয়নি।

বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের পর মুসিয়ালার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের মাত্রা কিছুটা কমানো হয়েছিল। পরবর্তী সময়ে আবার সেটার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মাত্রার প্রভাব পুরোপুরি পেতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে আপাতত দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে অনুশীলন করছেন তিনি।

Image

কবে ফিরতে পারেন মুসিয়ালা?

স্পোর্ট বিল্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার বুন্দেসলিগার উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে মুসিয়ালার খেলার সম্ভাবনা নেই। আট দিন পর শালকের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ফেরার সম্ভাবনাই বেশি।

১৭ সেপ্টেম্বর জার্মানির নতুন কোচ হিসেবে ক্লপ প্রথমবার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করবেন। তার আগেই মুসিয়ালা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বায়ার্নের আচরণে মুসিয়ালা সন্তুষ্ট বলেও জানিয়েছে স্পোর্ট বিল্ড। কোচ ভিনসেন্ট কোম্পানির সঙ্গেও সম্প্রতি ব্যক্তিগতভাবে কথা হয়েছে তার। কোম্পানি মুসিয়ালাকে জানিয়েছেন, ২০২৪ সালে বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এটাই তার সেরা অবস্থার সময়। বেলজিয়ান কোচ প্রকাশ্যেও মুসিয়ালার সাম্প্রতিক উন্নতির প্রশংসা করেছেন।

এর পাশাপাশি মাঠের বাইরেও মুসিয়ালাকে ঘিরে চলছে নতুন কাজ। কয়েক মাস ধরে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধারণ করা হচ্ছে। মুসিয়ালাকে নিয়ে তথ্যচিত্র তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্পোর্ট বিল্ড। তবে সেটা কোথায় প্রকাশ হবে বা কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।