খেলারদেশ

প্রিমিয়ার লিগ ট্রান্সফার

সিটির 'সাভিনিও' কেন টটেনহ্যামে 'সাভিও'?

দল বদলের মধ্য দিয়ে নিজের নামও বদলে ফেললেন ব্রাজিলিয়ান উইঙ্গার

সিটির 'সাভিনিও' কেন টটেনহ্যামে 'সাভিও'?

সিটির 'সাভিনিও' কেন টটেনহ্যামে 'সাভিও'?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

টটেনহ্যামে যোগ দেওয়ার পর নামের পুরনো রূপে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিও। ম্যানচেস্টার সিটি থেকে লন্ডনের ক্লাবটিতে যোগ দেওয়ার পর নতুন ক্লাবের জার্সিতে তার নাম লেখা হয়েছে ‘সাভিও’। অথচ সিটির হয়ে গত দুই মৌসুমে তিনি পরিচিত ছিলেন ‘সাভিনিও’ নামে।

Image

কেন এই নাম বদল? সাভিওর পুরো নাম সাভিও মোরেইরা দে অলিভেইরা। ২২ বছর বয়সী এই ফুটবলার অ্যাথলেটিকো মিনেইরোতে ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে যোগ দেন ফরাসি ক্লাব ত্রোয়ারে। এরপর ধারে জিরোনায় দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান তিনি।

জিরোনায় খেলার সময় তার জার্সিতে লেখা থাকত ‘সাভিও’। সেই মৌসুমে ১১ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। একই সময় প্রথমবার ব্রাজিল জাতীয় দলে ডাক পান। কিন্তু জাতীয় দলে ডাক পাওয়ার পরই নামের গল্পে আসে পরিবর্তন।

২০২৪ সালের জুলাইয়ে সাভিও জানিয়েছিলেন, জাতীয় দলে প্রথম ডাক পাওয়ার সময় তার জার্সিতে ‘সাভিনিও’ লেখা হয়েছিল। জিরোনার সমর্থকেরাও তাকে মূলত সাভিনিও নামেই চিনতেন। যদিও জার্সিতে লেখা থাকত ‘সাভিও’।

Image

সেই নামটাই ম্যানচেস্টার সিটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সিটির জার্সিতে তাই দেখা যায় ‘সাভিনিও’ নাম। সিটিতে প্রথম মৌসুমে ১৩টি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তবে পরের মৌসুমে কোচ পেপ গার্দিওলার পরিকল্পনায় তার গুরুত্ব কমে যায়। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩টি ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন।

এরপর দীর্ঘদিনের আগ্রহের পর তাকে দলে টানে টটেনহ্যাম। দলবদলের অঙ্কটা সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত যেতে পারে বলে জানা গেছে। আর নতুন ক্লাবে এসে আবার পুরোনো নামেই ফিরেছেন সাভিও। তবে কেন এমন সিদ্ধান্ত, তার আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো দেননি তিনি বা টটেনহ্যাম।

তবে ধারণা করা হচ্ছে, এটা হতে পারে নতুন করে শুরু করার সিদ্ধান্ত। জিরোনায় যে ‘সাভিও’ নামেই তার উত্থান হয়েছিল, টটেনহ্যামে সেই পরিচয়েই আবার নিজেকে ফিরে পেতে চাইছেন ব্রাজিলিয়ান তারকা।

বুধবার কারাবাও কাপের ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে টটেনহামের হয়ে অভিষেকও হতে পারে তার।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।