ম্যানচেস্টার সিটি
প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে দামি কিশোর খেলোয়াড় বোয়াদি
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি কিশোর ফুটবলার এখন আইয়ুব বোয়াদি, ম্যানচেস্টার সিটিতে ৫ বছরের চুক্তি

আইয়ুব বোয়াদি
ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন তরুণ মিডফিল্ডার আইয়ুব বোয়াদি। লিল থেকে ১৮ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়াতে রেকর্ড ৮ কোটি ৫৬ লাখ পাউন্ড খরচ করছে সিটি। চুক্তিতে ৮ কোটি ১৩ লাখ পাউন্ড নির্ধারিত ফি। সঙ্গে পারফরম্যান্সভিত্তিক আরও ৪৩ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ রয়েছে লিলের। সিটির সঙ্গে বোয়াদি পাঁচ বছরের চুক্তি করেছেন। অর্থাৎ ২০৩১ সালের জুন পর্যন্ত ইতিহাদে থাকবেন তিনি।
সব মিলিয়ে বোয়াদিই এখন প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি কিশোর ফুটবলার। এর আগে এই রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের লেনি ইয়োরোর। ২০২৪ সালে লিল থেকেই ৫ কোটি ৮৯ লাখ পাউন্ডে ইয়োরোকে দলে নিয়েছিল ইউনাইটেড।

লিলের একাডেমি থেকেই উঠে এসেছেন বোয়াদি। ২০২৩ সালের অক্টোবরে মাত্র ১৬ বছর বয়সে সিনিয়র দলের অভিষেক হয় তার। এরপর লিলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৯৬টি ম্যাচ। নিজের খেলার ধরন নিয়ে বোয়াদি বলেন, “আমি দলের জন্য খেলি। আমি খুবই দলীয় খেলোয়াড়। সতীর্থদের সেরা অবস্থানে পৌঁছে দিতে এবং প্রতিবার দলের জন্য সবকিছু দিতে চেষ্টা করি।” নম্বর ছয় পজিশনে নিজের দায়িত্বের কথাও স্পষ্ট করেছেন তিনি। তার মতে, এই পজিশনে মূল কাজ গোল করা না, বরং পুরো দলকে ভারসাম্য দেওয়া এবং সতীর্থদের সহযোগিতা করা।
লিলের ইতিহাসেও ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন বোয়াদি। চলতি বছরের জানুয়ারিতে মাত্র ১৮ বছর ১১৫ দিন বয়সে লিগ ওয়ানে ৫০ ম্যাচ পূর্ণ করেন তিনি। এর মাধ্যমে ভেঙে দেন ইডেন হ্যাজার্ডের রেকর্ড। ২০০৯ সালে ১৮ বছর বয়সে লিলের হয়ে ৫০তম লিগ ম্যাচ খেলেছিলেন হ্যাজার্ড।
এরপর বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন বোয়াদি। মরক্কোর হয়ে পাঁচ ম্যাচ খেলেন তিনি এবং দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নেমে বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী আফ্রিকান কিশোরের রেকর্ডও গড়েন।
এখন সিটির নতুন মিডফিল্ড প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন বোয়াদি। রদ্রি ও তিজানি রেইনডার্সকে এরই মধ্যে হারিয়েছে সিটি। বার্নার্দো সিলভাও মৌসুম শেষে চুক্তি শেষ করে চলে গেছেন। মিডফিল্ড পুনর্গঠনের অংশ হিসেবে এবার সিটির নজর চেলসির এনজো ফার্নান্দেজের দিকেও বলে খবর। অর্থাৎ বোয়াদিকে দিয়ে রেকর্ড গড়ার পরও গ্রীষ্মের দলবদলে সিটির ব্যস্ততা শেষ হচ্ছে না।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।