উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
বার্সেলোনাকে হারালো পিএসজি, বড় জয় রোমার
উয়েফা চ্যাম্পিয়নস লিগে জমজমাট লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অন্যম্যাচে, স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। ২০ অক্টোবরের ম্যাচে পিএসজির জয়ে শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিতিনিয়া ও ফ্যাবিয়ান রুইস। আর রোমার বড় জয়ে গোল করেছেন মারিও হার্মোসো, নাহুয়েল মোলিনা, নিকোলো পিসিল্লি ও ডনি ম্যালেন।

বার্সেলোনার প্রথম হার, পিএসজির দুর্দান্ত জয়ঃ
নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পিএসজি ও বার্সেলোনা। দুই দলের আক্রমণাত্মক লড়াইয়ে তৈরি হয় একের পর এক গোলের সুযোগ। শেষ পর্যন্ত স্বাগতিকদের কার্যকর ফিনিশিংয়ের কাছে হার মানতে হয়েছে বার্সেলোনাকে।
প্রথমার্ধের ৩৮ মিনিটে দেজিরে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। জোয়াও নেভেসের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে পিএসজি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৫৫ মিনিটে ফেরমিন লোপেজের আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান জাভি এসপার্ট। এরপর দুই দলই আক্রমণে গতি বাড়ায়। ৭২ মিনিটে কর্নার থেকে হেডে পিএসজিকে আবার এগিয়ে দেন লুকাস হার্নান্দেজ।
ম্যাচের শেষ ১০ মিনিটে জমে ওঠে লড়াই। ৭৯ মিনিটে দুর্দান্ত শটে গোল করে বার্সেলোনাকে আবার সমতায় ফেরান লামিন ইয়ামাল। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৮১ মিনিটে দূরপাল্লার শটে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনিয়া। পাঁচ মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন ফ্যাবিয়ান রুইস।
বাকি সময়ে আর গোল করতে পারেনি বার্সেলোনা। ফলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার ধারাও ভাঙল হান্সি ফ্লিকের দলের। ৪০টি শটের এই আক্রমণাত্মক লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

স্লোভানকে উড়িয়ে রোমার বড় জয়ঃ
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিকোয় স্লোভান ব্রাতিস্লাভাকে ৪-০ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে রোমা। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে জিয়ান পিয়েরো গাসপেরিনির দল। প্রতিপক্ষকে মাত্র একটি শট নেওয়ার সুযোগ দিয়ে নিজেদের রক্ষণও অক্ষত রেখেছে ইতালিয়ান ক্লাবটি।
২১ মিনিটে মারিও হার্মোসোর হেডে এগিয়ে যায় রোমা। এরপর ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাহুয়েল মোলিনা। ডনি ম্যালেনের শট থেকে ফিরতি বল পেয়ে জালে পাঠান এই আর্জেন্টাইন ডিফেন্ডার। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে রোমা। নিকোলো পিসিল্লির গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন ম্যালেন। রোমার আক্রমণভাগের কার্যকারিতা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণের সামনে পুরো ম্যাচেই অসহায় দেখিয়েছে স্লোভানকে।
চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল রোমাকে। এবার চার গোলের জয় সেই হতাশা কাটানোর পাশাপাশি নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে দলটিকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলঅঘটনের শিকার মিলান, সোসিয়েদাদের বড় জয়
ক্লাব ফুটবলচেলসি-টটেনহ্যাম ম্যাচে ফেস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করবে পুলিশ
ক্লাব ফুটবললাইপজিগের বিপক্ষে বড় জয় রিয়ালের, আর্সেনাল-বায়ার্ন ম্যাচে জেতেনি কেউ
ক্লাব ফুটবলকোমোর বড় জয়ে ভঙ্গুর ম্যানচেস্টার ইউনাইটেড
ক্লাব ফুটবলবায়ার্নের মাঠে আর্সেনালের কঠিন পরীক্ষা
ক্লাব ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।