ফুটবল স্ক্যান্ডাল
আদালতে রাহিম স্টার্লিং
দুর্ঘটনার পর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে আদালতে স্টার্লিং

রাহিম স্টার্লিং
সড়ক দুর্ঘটনার কয়েক মাস পর বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে আদালতে হাজির হতে যাচ্ছেন সাবেক ইংল্যান্ড জাতীয় দলের ফুটবল তারকা রাহিম স্টার্লিং। নেশার উদ্দেশ্যে নাইট্রাস অক্সাইড রাখার অভিযোগও আনা হয়েছে স্টার্লিংয়ের বিরুদ্ধে।
গত ২৮ মে সকালে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে এম৩ মহাসড়কে নিজের ল্যাম্বরগিনি নিয়ে দুর্ঘটনায় পড়েন সাবেক ইংলিশ ফরোয়ার্ড। তার গাড়িটি মহাসড়কের পাশের ব্যারিয়ারে গিয়ে ধাক্কা দেয়। ঘটনায় অন্য কোনো গাড়ি জড়িত ছিল না এবং কেউ আহতও হননি। দুর্ঘটনার পর ৩১ বছর বয়সী স্টার্লিংকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত চলাকালে জামিনে মুক্তি পান তিনি।
হ্যাম্পশায়ার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টার্লিংয়ের বিরুদ্ধে বিপজ্জনক গাড়ি চালানো, নেশার উদ্দেশ্যে নাইট্রাস অক্সাইড রাখা এবং নমুনা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে তাকে। দুর্ঘটনার সময় পুলিশ স্টার্লিংকে মাদক গ্রহণের কারণে গাড়ি চালানোর অনুপযুক্ত অবস্থায় থাকার সন্দেহ করেছিল। তবে সেই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়নি। মে মাসে স্টার্লিংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, তার শরীরে মাদক থাকার কোনো প্রমাণ নেই।
সূত্রটি আরও দাবি করেছিল, গত কয়েক বছর স্টার্লিংয়ের জন্য অত্যন্ত কঠিন ছিল। তাকে ‘মূল্যহীন’ এবং ‘ভুলে যাওয়া’ একজনের মতো অনুভব করানো হয়েছিল বলেও দাবি করা হয়। ফুটবল ক্যারিয়ারেও সাম্প্রতিক সময়ে কঠিন সময় পার করছেন স্টার্লিং। গত মৌসুমের শেষ দিকে ফেইনুর্দ ছাড়ার পর এখনো কোনো ক্লাবে যোগ দেননি তিনি। ফেব্রুয়ারিতে স্বল্পমেয়াদি চুক্তিতে ডাচ লিগের ক্লাব ফেইনুর্দে যোগ দিয়েছিলেন চেলসির সঙ্গে পারস্পরিক সমঝোতায় সম্পর্ক শেষ করার পর।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৪ কোটি ৭৫ লাখ পাউন্ডে স্টার্লিংকে দলে নিয়েছিল চেলসি। সিটিতে সাত বছরে চারটি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ ও একটি এফএ কাপ জিতেছিলেন তিনি। এরপর ২০২৪ সালে আর্সেনালে লোনে গেলেও চেলসিতে ফেরার পর ২০২৫ সালে মূল দলের বাইরে করে দেওয়া হয় তাকে। আলাদাভাবে অনুশীলনও করতে হয়েছিল।
ইংল্যান্ডের হয়ে ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে ৮২টি ম্যাচ খেলেছেন স্টার্লিং। অংশ নিয়েছেন তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবলএমি মার্তিনেজকে কেন ‘দিবু’ বলা হয়?
ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।