খেলারদেশ

পেপ গার্দিওলা

গার্দিওলা: প্যাশন হারালে সম্পর্কও হারায়, ফুটবলও

পেপ গার্দিওলার বিস্ফোরক ড্রেসিংরুম বক্তব্যে নিজের ডিভোর্সের উদাহরণ টেনে বলেন, ‘আমরা প্যাশন হারিয়ে ফেলেছিলাম’

গার্দিওলা: প্যাশন হারালে সম্পর্কও হারায়, ফুটবলও

গার্দিওলা: “প্যাশন হারালে সম্পর্কও হারায়, ফুটবলও”

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শেষ কয়েক বছরে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের প্রভাব কতটা পড়েছিল, তা নিয়ে প্রথমবারের মতো কিছুটা খোলামেলা কথা বলেছেন পেপ গার্দিওলা। নতুন অ্যামাজন প্রাইম ডকুমেন্টারি 'আ বিউটিফুল অবসেশন'-এ উঠে এসেছে তার এক বিস্ফোরক ড্রেসিংরুম বক্তব্য, যেখানে নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ টেনে খেলোয়াড়দের হারিয়ে যাওয়া প্যাশন ফিরে পাওয়ার আহ্বান জানান।

Image

২০২৪ সালে স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে গার্দিওলার দাম্পত্য জীবনের অবসান ঘটে। বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি স্প্যানিশ কোচ। তবে জুভেন্টাসের কাছে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে হারের পর সিটির ড্রেসিংরুমে দেওয়া সেই বক্তব্যে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকেই খেলোয়াড়দের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

সেটা ছিল সিটির জন্য অত্যন্ত কঠিন সময়। ১০ ম্যাচে এটা ছিল তাদের সপ্তম হার; ওই সময়ের মধ্যে জয় এসেছিল মাত্র এক ম্যাচে। ক্ষুব্ধ গার্দিওলা খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “ছেলেরা, আমি একটা কথা স্বীকার করতে চাই। আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীর কাছ থেকে বিবাহবিচ্ছেদ করেছি।”

এরপর নিজের সাবেক স্ত্রী সম্পর্কে গার্দিওলা বলেন, “সে আমার স্ত্রী, আমার সাবেক স্ত্রী। আমি তাকে অসম্ভব ভালোবাসি। কিন্তু আমরা প্যাশনটা হারিয়ে ফেলেছিলাম। অনেক কারণে আমরা সেই প্যাশন হারিয়েছিলাম। আমি কি তাকে ভালোবাসি? অবশ্যই। সে কি আমাকে ভালোবাসে? হ্যাঁ। কিন্তু আমরা আবেগটা হারিয়ে ফেলেছিলাম।”

এরপর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে ফুটবলের সঙ্গে মিলিয়ে খেলোয়াড়দের প্রশ্ন করেন গার্দিওলা—তারা কেন ফুটবল খেলে? “তোমরা কীভাবে ফুটবল খেলো? শুধু বেতন পাও বলে? নাকি ভেতর থেকে আসা কোনো কিছুর জন্য? আবেগটা কোথায়? জীবনে তুমি যা-ই করতে যাও, সেটা প্যাশন দিয়ে করো। আমি ভালো খেলোয়াড় চাই না। আমি এমন খেলোয়াড় চাই, যাদের মধ্যে প্যাশনটা আছে।”

Image

গার্দিওলার কথায় স্পষ্ট, ম্যানচেস্টার সিটির সেই কঠিন সময় শুধু মাঠের ফলাফলেই সীমাবদ্ধ ছিল না; তাঁর নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও তখন বড় ধরনের পরিবর্তন চলছিল।

গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়ার পর এখন কোচিং থেকে কিছুটা দূরে থাকতে চান গার্দিওলা। গ্রীষ্মে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার সুযোগও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।

নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চিত গার্দিওলা। ডকুমেন্টারিতে তিনি বলেন, “আমি নিজেও জানি না আমি কী করতে যাচ্ছি। সত্যি বলতে, আমি জানি না। তবে নিশ্চিতভাবেই আবার ফিরে আসাটা কঠিন হবে, আজ এমনটাই মনে হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আবার ফিরে আসাটা কঠিন হবে। আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে ঘটে যাওয়া অনেক বিষয় থেকে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে হবে। অন্য কিছুতে নিজেকে খুঁজে পেতে হবে।”

এরপর কাতালোনিয়ার একটি শব্দের ব্যাখ্যা দেন গার্দিওলা—‘বাদার’। তার মতে, এর অর্থ অনেকটা কিছু না করে স্থিরভাবে বসে থাকা। গার্দিওলা বলেন, “কাতালোনিয়ায় একটি শব্দ আছে—‘বাদার’। মানে এভাবে বসে থাকা। তাই সেটাই করো। এই মুহূর্তে এটাই আমার প্রধান লক্ষ্য।”

ম্যানচেস্টার সিটির হয়ে এক দশকের অসাধারণ সাফল্যের পর গার্দিওলার বিদায় তাই শুধু এক ফুটবল অধ্যায়ের সমাপ্তি না; তার নিজের কথাতেই স্পষ্ট, এটা ছিল দীর্ঘ ও ক্লান্তিকর এক ব্যক্তিগত ও পেশাগত যাত্রার পর নিজেকে নতুন করে খুঁজে নেওয়ারও সময়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।