খেলারদেশ

বৃহস্পতিবার জানা যাবে কবে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার জানা যাবে কবে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

দুই যুগ পর আফ্রিকায় ফিরবে ক্রিকেট বিশ্বকাপ! এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে শুরু থেকে কোনো কমতি রাখছে না ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী ১ অক্টোবর কেপটাউনে আইসিসির সঙ্গে যৌথ উদ্যোগে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সময়সীমা ঘোষণা করবে স্বাগতিকরা।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আগামী বছরের ২ অক্টোবর থেকে শুরু হবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। ২১ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে এই আসরের। এক বছরের ক্ষণগণনা করবে বলেই আগামী ১ অক্টোবর বিশ্বকাপের সময়সীমা ঘোষণা করা হবে।

সাধারণত প্রতি বছরের ২ অক্টোবর পালন করা হয় গান্ধী জয়ন্তী। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার আছে একটি বিশেষ যোগসূত্র। সে কারণেই এই দিনটি করে স্মরণ করে ২ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু করা হবে।

এবারের আসরে ১৪ টি দল অংশ নেবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আপাতত কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় এক রকম নিশ্চিত হয়ে গেছে কারা সরাসরি বিশ্বকাপে সুযোগ পেয়েছে। দলগুলো হল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

আরেক আয়োজক নামিবিয়া সহযোগী সদস্য দেশ হওয়ায় তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নিতে পার করতে হবে বাছাইপর্বের বাধা। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। সেখান থেকে নিশ্চিত হবে, কারা সুযোগ পাবে আগামী আসরে।

বিশ্বকাপের সময়সূচি ঘোষণার দিনে টিকিটের জন্যও আবেদন গ্রহণ করা শুরু করবে আইসিসি। আপাতত আবেদন নেওয়া হবে। কবে নাগাদ টিকিট দর্শকদের হাতে পৌঁছাবে, তা এখনও নিশ্চিত করেনি। আর কতদিন আবেদন নেওয়া হবে, সেটাও জানায়নি আইসিসি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।