রাফায়েল লেয়াও ট্রান্সফার
লেয়াওর দলবদলে নাটকীয়তা
রাফায়েল লেয়াওকে নিয়ে শেষ মুহূর্তের নাটক, গালাতাসারায়কে পেছনে ফেলছে অ্যাস্টন ভিলা

রাফায়েল লেয়াও
সাত বছরের সম্পর্কের ইতি টানতে চলেছেন রাফায়েল লেয়াও। এসি মিলান ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়েছিলেন পর্তুগিজ এই তারকা। নতুন ঠিকানা হিসেবে এত দিন গালাতাসারায়কেই এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে লেয়াওকে নিয়ে দৌড়ে ঢুকে পড়েছে অ্যাস্টন ভিলা।
মিলান ও গালাতাসারায়ের মধ্যে সমঝোতা হয়েছে এরই মধ্যে। আজ মিলানে দুই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গালাতাসারায়ের মধ্যস্থতাকারী জর্জ গার্দি। বৈঠকের পর চুক্তির মূল বিষয়গুলোতে দুই পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
চুক্তির অঙ্কও মোটামুটি চূড়ান্ত। লেয়াওকে পেতে মিলানকে প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরো দেবে গালাতাসারাই। এর সঙ্গে আরও ৫০ লাখ ইউরো বোনাস থাকছে। সব মিলিয়ে চুক্তির মূল্য দাঁড়াচ্ছে ৫ কোটি ইউরো।
সবকিছু যখন প্রায় চূড়ান্ত, তখনই নতুন প্রস্তাব নিয়ে হাজির অ্যাস্টন ভিলা। ইতালিয়ান সাংবাদিক দানিয়েলে লঙ্গোর দাবি, গালাতাসারায়ের মোট প্রস্তাবের সমান অর্থই দিচ্ছে ইংলিশ ক্লাবটি। তবে তাদের প্রস্তাবে নিশ্চিত অর্থের পরিমাণ বেশি।
জিয়ানলুকা দি মারজিওর তথ্য অনুযায়ী, অ্যাস্টন ভিলা মিলানকে দিচ্ছে ৪ কোটি ২০ লাখ ইউরো। এর সঙ্গে আরও ৩০ লাখ ইউরো বোনাস থাকছে। অর্থাৎ মোট অঙ্ক গালাতাসারায়ের সমান, ৫ কোটি ইউরো।
এখন মূল সিদ্ধান্তটা লিয়াওয়ের। গালাতাসারায় তাকে প্রতি মৌসুমে ১ কোটি ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে আরও ২০ লাখ ইউরো পাওয়ার সুযোগ থাকবে তার। অন্যদিকে অ্যাস্টন ভিলার প্রস্তাব বছরে ৭০ লাখ ইউরো। অর্থাৎ ব্যক্তিগত চুক্তিতে গালাতাসারায়ের প্রস্তাব অনেক বেশি লাভজনক।
তবে অ্যাস্টন ভিলার সামনে রয়েছে অন্য সুবিধা। ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চকে বিশ্বের সবচেয়ে বড় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল মঞ্চগুলোর একটি হিসেবে দেখা হয়। ফলে লেয়াওকে এখন দুই ধরনের সুযোগের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, বড় মঞ্চে খেলার সুযোগ কিংবা বেশি বেতন।

লেয়াও গত মে মাসেই মিলান ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। সাত বছর মিলানে কাটিয়ে জিতেছেন ২০২১/২২ মৌসুমের সিরি আ শিরোপা এবং ২০২৪ সালের ইতালিয়ান সুপার কাপ। ২০২২/২৩ মৌসুমে মিলানের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল যাত্রাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সিরি আ জেতা মৌসুমে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন লেয়াও। ড্রিবলিং, গোলের সুযোগ তৈরি, সহায়তা ও গোল করার দক্ষতায় ধীরে ধীরে মিলানের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন তিনি।
এখন সেই সম্পর্ক ভাঙার সময় এসে গেছে। গালাতাসারায়ের সঙ্গে মিলনের চুক্তি প্রায় চূড়ান্ত হলেও লেয়াওয়ের ব্যক্তিগত সম্মতিই এখন বাকি। এর মধ্যেই অ্যাস্টন ভিলার নতুন প্রস্তাব পুরো হিসাব বদলে দিয়েছে। শেষ পর্যন্ত লিয়াও কোথায় যাবেন, তুরস্কে নাকি ইংল্যান্ডে—সে সিদ্ধান্ত এখন পুরোপুরি তার হাতে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগ অভিযানে বার্সার প্রতিপক্ষ ফেইনুর্দ
ক্লাব ফুটবলচ্যাম্পিয়ন্স লিগে জমজমাট রাত, জয় ভিলা-বেতিস-ডর্টমুন্ডের
ক্লাব ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।