খেলারদেশ

নেদারল্যান্ডস ফুটবল লিগ

ফেয়েনুর্ড সমর্থকদের আতশবাজিতে আহত ৫

ফেয়েনুর্ড সমর্থকদের আতশবাজিতে আহত পাঁচ ক্যামবুর সমর্থক, ধোঁয়ায় পুরো মাঠ ঢেকে গেলে প্রায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি

ফেয়েনুর্ড সমর্থকদের আতশবাজিতে আহত ৫

ফেয়েনুর্ড সমর্থকদের আতশবাজিতে আহত ৫

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ডাচ ফুটবলে আবারও গ্যালারির সহিংসতা ছাপিয়ে গেল মাঠের উত্তেজনাকে। ফেয়েনুর্ডের বিপক্ষে ম্যাচে সফরকারী সমর্থকদের ছোড়া আতশবাজিতে আহত হয়েছেন এসসি ক্যামবুরের পাঁচ সমর্থক। তাদের মধ্যে কয়েকজনের শরীরে দগ্ধ হওয়ার পাশাপাশি চোখ ও শ্রবণশক্তিতেও আঘাত লেগে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রবিবার এরেদিভিসির ম্যাচে ক্যামবুরকে ৫-২ গোলে হারায় ফেয়েনুর্ড। কিন্তু ম্যাচের ১২তম মিনিটেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সফরকারী গ্যালারি থেকে বিপুল পরিমাণ লাল ফ্লেয়ার জ্বালানোর পাশাপাশি আতশবাজি ছোড়া হয় মাঠে এবং স্বাগতিক সমর্থকদের দিকেও।

Image

ধোঁয়ায় পুরো মাঠ ঢেকে গেলে প্রায় ১০ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। খেলোয়াড়দেরও মাঠের বাইরে পাঠানো হয়। একটা আতশবাজি ফেয়েনুর্ডের গোলরক্ষক তিয়ার্ক আর্নস্টের মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরিত হয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় গ্যালারিতে। ক্যামবুর জানিয়েছে, ঘটনায় পাঁচ সমর্থক আহত হয়েছেন। তাদের কারও শরীরে পোড়া জখম হয়েছে, কেউ চোখে আঘাত পেয়েছেন, আবার কারও শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Image

ঘটনার পর নিজেদের সমর্থকদের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ফেয়েনুর্ড। ক্লাবটি এই ঘটনাকে ‘ভয়াবহ’ এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। একই সঙ্গে দায়ীদের শনাক্ত করতে স্টেডিয়ামের সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেয়েনুর্ডের কোচ জিওভান্নি ভ্যান ব্রঙ্কহর্স্টও ক্যামবুর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ক্লাবের মহাব্যবস্থাপক রবার্ট এনহর্ন বলেন, এমন ঘটনার পর ম্যাচের জয় নিয়েও আনন্দ করার পরিস্থিতি নেই। অন্যদিকে ক্যামবুরও ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে। ক্লাবটির ভাষ্য, স্টেডিয়ামের ভেতরে আতশবাজি জ্বালানো কিংবা ছোড়ার কোনো সুযোগই থাকা উচিত নয়। স্থানীয় প্রশাসন ও পুলিশও তদন্তে যুক্ত হয়েছে।

বিশেষ করে এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সামগ্রী কীভাবে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে স্টেডিয়ামে ঢুকল, সেটাই এখন বড় প্রশ্ন। নেদারল্যান্ডসে সাম্প্রতিক সময়ে গ্যালারিতে ফ্লেয়ার ও আতশবাজি নিয়ে একাধিক অপ্রীতিকর ঘটনার পর নতুন করে স্টেডিয়াম নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।