খেলারদেশ

আতলেতিকো মাদ্রিদ

আর্সেনালকে আলভারেজের ‘না!’

আর্সেনালের কাছে হুলিয়ান আলভারেজকে বিক্রি করতে রাজি আতলেতিকো মাদ্রিদ, কিন্তু নিজেই ‘না’ বললেন আর্জেন্টাইন তারকা

আর্সেনালকে আলভারেজের ‘না!’

আর্সেনালকে আলভারেজের ‘না!’

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

হুলিয়ান আলভারেজকে আর্সেনালের কাছে বিক্রি করতে রাজি আতলেতিকো মাদ্রিদ। দুই ক্লাবের মধ্যে নাকি সমঝোতার পথও তৈরি হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ আলভারেজ।

আর্সেনাল তাকে দলে নিতে আগ্রহী। আতলেতিকোও এখন উত্তর লন্ডনের ক্লাবটির প্রস্তাবে সাড়া দিতে প্রস্তুত। এমনকি ভিক্টর গিয়োকেরেসকে ঘিরে সম্ভাব্য অদলবদলের কথাও আলোচনায় এসেছে। তবে আলভারেজের ইচ্ছা সম্পূর্ণ ভিন্ন। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আতলেতিকো ছাড়তে হলে আলভারেজ শুধু বার্সেলোনায় যেতে চান। কাতালান ক্লাবকেই নিজের ‘স্বপ্নের গন্তব্য’ হিসেবে দেখছেন তিনি। ফলে আর্সেনালের প্রস্তাব সামনে থাকলেও সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতি দিচ্ছেন না বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

আলভারেজকে ঘিরে পরিস্থিতি অবশ্য বেশ কিছুদিন ধরেই জটিল। সাবেক ম্যানচেস্টার সিটি তারকার সঙ্গে আতলেতিকোর সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। ক্লাব ছাড়ার ইচ্ছার কথাও তিনি বিভিন্নভাবে প্রকাশ করেছেন। সমস্যা হলো, বার্সেলোনা এখন আর তাকে পাওয়ার দৌড়ে তৎপর না। কাতালান ক্লাবটি এর আগে আলভারেজকে পাওয়ার জন্য প্রায় ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা যায়। কিন্তু আতলেতিকো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর বার্সেলোনা আপাতত নিজেদের চেষ্টা গুটিয়ে নিয়েছে।

আতলেতিকোর অবস্থানও ছিল বেশ কঠোর। ক্লাবটির প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন প্রকাশ্যেই জানিয়েছিলেন, তারা আলভারেজকে বিক্রি করতে চান না। বলেন, ‘আমরা তাকে বিক্রি করতে চাই না। ১০ কোটি ইউরোর প্রস্তাব গ্রহণ করিনি। ১৫ কোটি বা ২০ কোটি ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না। আমার কোনো সন্দেহ নেই, হুলিয়ানের জন্য আতলেতিকোই সঠিক জায়গা এবং সে আতলেতিকোর কেন্দ্রীয় ফরোয়ার্ড। আমরা তাকে রাখতে চাই।’

এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে সমর্থকদের আচরণে। ২০২৬/২৭ লা লিগায় মালাগার বিপক্ষে আতলেতিকোর ২-০ গোলের জয়ের ম্যাচে স্কোয়াডেই ছিলেন না আলভারেজ। তার অনুপস্থিতিতে গ্যালারির একাংশ থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে লক্ষ্য করে দুয়ো ও বিরূপ স্লোগান শোনা যায়। আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনিও পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তবে নির্দিষ্ট করে আলভারেজের নাম না নিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন, দলবদলের জানালা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সব সম্ভাবনাই খোলা। তিনি বলেন, ‘আমাদের সমর্থকদের প্রতি আমার অনেক সম্মান আছে। আমরা সবসময়ই বলি, নির্দিষ্ট কিছু সম্ভাবনার জন্য আমরা উন্মুক্ত। ১৫ বছর ধরে আমি একই কথা বলে আসছি, দলবদলের জানালা বন্ধ না হওয়া পর্যন্ত যেকোনো কিছু ঘটতে পারে।’

এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলভারেজ কি নিজের পছন্দে অটল থাকবেন? আর্সেনাল ও আতলেতিকো সমঝোতার কাছাকাছি পৌঁছালেও খেলোয়াড়ের সম্মতি ছাড়া সেই চুক্তি বাস্তবায়ন সম্ভব না। আর আলভারেজ যদি বার্সেলোনার অপেক্ষাতেই থাকেন, তাহলে গ্রীষ্মকালীন দলবদলের শেষদিকে এই গল্প আরও বড় নাটকে রূপ নিতে পারে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।