খেলারদেশ

বিশ্বকাপ ফাইনাল কাণ্ড

দশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে ফিফা।

দশ ম্যাচ নিষিদ্ধ পারদেস,
গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতিতে জড়িয়েছিলো পারদেস ও গাভি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠের উত্তেজনা এবার গড়াল শাস্তির খাতায়। স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিশন। একই ঘটনায় স্পেনের গাভিকে দেওয়া হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা।

গত ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে ফিফা।

প্যারেদেসের বিরুদ্ধে আগ্রাসী আচরণের তিনটি অভিযোগ আনা হয়েছিল। সব মিলিয়ে তাঁকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের অভিযোগে আর্জেন্টিনার নাহুয়েল মলিনাকে সাত ম্যাচ এবং কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া অসদাচরণের দায়ে আর্জেন্টিনার থিয়াগো আলমাদাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। স্পেনের গাভির বিরুদ্ধে ছিল অসদাচরণের অভিযোগ। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

তবে এসব নিষেধাজ্ঞা শুধু জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। ফলে পারদেস, মলিনা, আলমাদা ও গাভি তাঁদের ক্লাবের হয়ে স্বাভাবিকভাবেই খেলতে পারবেন। শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফ নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) জরিমানা করেছে ফিফা। বিশ্বকাপ চলাকালে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচ শুরুতে বিলম্ব, নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, মাঠে বস্তু নিক্ষেপ এবং অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো বিভিন্ন ঘটনায় প্রায় ২ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের প্রদর্শন করা ‘Malvinas argentinas’ লেখা ব্যানারও ফিফার তদন্তের আওতায় ছিল।

ফাইনালের পর প্রায় এক মাসের তদন্ত শেষে এই শাস্তির মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের শেষ ম্যাচকে ঘিরে ফিফার বহুল আলোচিত শৃঙ্খলাজনিত প্রক্রিয়ারও ইতি হলো।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।