খেলারদেশ

প্রিমিয়ার লিগ প্রিভিউ

আজ শুরু প্রিমিয়ার লিগ, কেমন হবে নতুন মৌসুম?

আজ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু, শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনাল। উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগের ফ্যান্টাসি লিগ যারা খেলেন, তাদের জন্য খেলার দেশ একটি পাবলিক লিগ আয়োজন করেছে। খেলুন, জিতে নিন বড় রকমের আকর্ষণীয় পুরস্কার। Khelar Desh FnF (খেলার দেশ এফএনএফ) নামে লিগটির জয়েনিং কোড k4jm79

আজ শুরু প্রিমিয়ার লিগ, কেমন হবে নতুন মৌসুম?

আজ শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আবারও শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জেতা আর্সেনাল এবার নামছে সেই মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে। তবে পথটা মোটেও সহজ হবে না। ম্যানচেস্টার সিটি শুরু করছে পেপ গার্দিওলাকে ছাড়া নতুন যুগে। লিভারপুল, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডও নতুন কোচের অধীনে নিজেদের নতুন করে সাজিয়েছে। আর ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিকের প্রথম পূর্ণ মৌসুম।

শুক্রবার দিবাগত রাত ১টায় আর্সেনালের মাঠে কোভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। শনিবার মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও সান্ডারল্যান্ডসহ বেশ কয়েকটি দল। রবিবার ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বোর্নমাউথের, আর নিউক্যাসল খেলবে লিভারপুলের বিপক্ষে। সোমবার ফুলহ্যামের মাঠে চেলসির ম্যাচ দিয়ে শেষ হবে উদ্বোধনী পর্ব।

Image

গত মৌসুমে আর্সেনালকে চ্যাম্পিয়ন করেছিলেন মিকেল আর্তেতা। এবারও সেই দলটির বড় শক্তি হচ্ছে ধারাবাহিকতা। নতুন করে বড় কোনো পরিবর্তনের পথে না গিয়ে বরং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দলকে আরও শক্তিশালী করেছে তারা। সবচেয়ে বড় সংযোজন ব্রুনো গিমারায়েস। নিউক্যাসল থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও মার্টিন জুবিমেন্ডির সঙ্গে গিমারায়েস যোগ হওয়ায় মাঝমাঠে আরও শক্তিশালী হয়েছে দলটি। ক্লাব ব্রুগ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্তোস জোলিসও এসেছেন। লেফট উইংয়ে লিয়ান্দ্রো ত্রোসার্দের জায়গাটা পূরণ করার জন্য তাকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। তবে আর্সেনালের জন্য বড় চ্যালেঞ্জ হবে একই তীব্রতা ধরে রাখা। ঘরোয়া ফুটবলের পাশাপাশি এবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হবে তাদের। গত মৌসুমে ফাইনালে উঠেও পিএসজির কাছে টাইব্রেকারে হেরে গিয়েছিল তারা।

Image

ম্যানচেস্টার সিটির সামনে আবার সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। প্রায় এক দশক পেপ গার্দিওলার অধীনে কাটানোর পর এবার নতুন কোচ এনজো মারেস্কার হাতে দায়িত্ব। গার্দিওলার সাবেক সহকারী মারেস্কা এমন একটি দল পেয়েছেন, যেখানে আলিং হালান্ডের মতো দুর্দান্ত আক্রমণভাগের খেলোয়াড় থাকলেও মাঝমাঠ ও রক্ষণে বড় পরিবর্তন এসেছে। রদ্রি বার্সেলোনায় চলে গেছেন প্রায় ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে। সাত বছর পর ম্যানচেস্টার ছাড়ছেন বার্নার্দো সিলভাও। তিজানি রেইন্ডার্স সৌদি আরবের আল-কাদসিয়ায় যাওয়ার পথে। রক্ষণেও বড় ধাক্কা খেয়েছে সিটি। নাথান আকে, ম্যানুয়েল আকানজি ও জন স্টোনসও দল ছেড়েছেন।

এতসব পরিবর্তনের পর সিটির বড় সিনিয়র সাইনিং এখন পর্যন্ত এলিয়ট অ্যান্ডারসন। নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে আসা এই মিডফিল্ডার শক্তি ও গতিশীলতা যোগ করতে পারবেন। তবে রদ্রির সরাসরি বিকল্প তিনি নন। কমিউনিটি শিল্ডে আর্তেতার আর্সেনালের কাছে ৩-০ গোলে হারটাই মারেস্কার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। সেটাই বুঝিয়ে দিয়েছে সামনে তার কাজ কতটা কঠিন।

Image

লিভারপুলও শুরু করছে নতুন অধ্যায়ে। গত মৌসুমে পঞ্চম হয়ে শেষ করা দলটিতে আর নেই আরনে স্লট। তার জায়গায় কোচ হয়েছেন আন্দোনি ইরাওলা, যিনি গত মৌসুমে বোর্নমাউথকে ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিলেন। লিভারপুলের রক্ষণেও এসেছে বড় পরিবর্তন। অ্যান্ডি রবার্টসন ও ইব্রাহিমা কোনাতে চলে গেছেন। চোটের কারণে শুরুতে থাকছেন না জো গোমেজও। রেন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে জেরেমি জাকে ও বার্সেলোনা থেকে ধারে রোনালদ আরাউহোকে এনেছে ক্লাবটি। তবে সবচেয়ে বড় শূন্যতা তৈরি হয়েছে মোহামেদ সালাহর বিদায়ে। নয় বছর অ্যানফিল্ডে কাটানোর পর তুরস্কের ত্রাবজোনস্পরে চলে গেছেন মিশরীয় তারকা। ওসাসুনা থেকে ভিক্টর মুনিয়োস এলেও সালাহর জায়গা পূরণ করা সহজ হবে না। ফ্লোরিয়ান ভিরৎস ও আলেক্সান্ডার ইসাকের কাছ থেকেও এবার বেশি প্রত্যাশা থাকবে। গত মৌসুমে দুজনের কেউই নিজেদের সেরা ছন্দে ছিলেন না। ইসাকের মৌসুম আবার গোড়ালির গুরুতর চোটে ব্যাহত হয়েছিল। ইরাওলার অধীনে দুজনই লিভারপুলের শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন।

Image

চেলসিতেও নতুন যুগ। গত মৌসুমে ১০ম হয়ে শেষ করা দলটির দায়িত্ব এবার সাবেক রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলোনসোর হাতে। তাকে দল গড়ার জন্য বড় অঙ্কের অর্থও দিয়েছে ক্লাব। অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডে মরগান রজার্সকে এনে ব্রিটিশ ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড় বানিয়েছে চেলসি। ক্রিস্টাল প্যালেস থেকে ৫১ মিলিয়ন পাউন্ডে এসেছেন ফরাসি ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া। অভিজ্ঞ জর্ডান হেন্ডারসন ও স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকও যোগ দিয়েছেন। ইউরোপীয় প্রতিযোগিতায় এবার না থাকায় চেলসির হাতে তুলনামূলক বেশি সময় থাকবে। কোল পালমার যদি নিজের ফর্ম ধরে রাখতে পারেন আর আলোনসো দ্রুত তার পরিকল্পনা কাজে লাগাতে পারেন, তাহলে শীর্ষ চারে ফেরার লড়াইয়ে ভালোভাবেই থাকতে পারে তারা।

Image

ম্যানচেস্টার ইউনাইটেডের গল্পটা অবশ্য কিছুটা আলাদা। জানুয়ারিতে অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে দলকে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে তোলা মাইকেল ক্যারিক এবার প্রথমবারের মতো পুরো মৌসুমের দায়িত্ব পেয়েছেন। অ্যাস্টন ভিলা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডে ইউরি টিলেমানসকে এনেছে ইউনাইটেড। চেলসি থেকে ৪৮ মিলিয়ন পাউন্ডে ফিরিয়ে আনা হয়েছে আন্দ্রে সান্তোসকে। বার্সেলোনায় ধারে কাটানো সময় শেষে মার্কাস র‍্যাশফোর্ডও ফিরেছেন। আর পুরো পরিকল্পনার কেন্দ্রে থাকছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ক্যারিকের বড় কাজ হবে গত মৌসুমের ঘুরে দাঁড়ানোর ধারাটা এবারও ধরে রাখা।

Image

শীর্ষ চারের লড়াইয়ের বাইরে ইউরোপীয় প্রতিযোগিতার জায়গাগুলো নিয়েও এবার জমবে লড়াই। অ্যাস্টন ভিলা গত মৌসুমে চতুর্থ হওয়ার পাশাপাশি ইউরোপা লিগ জিতেছিল। তবে রজার্স ও টিলেমানসকে হারিয়েছে তারা। জোহান মানজাম্বি ও জোয়াও গোমেসকে এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা করেছে ভিলা।

নিউক্যাসলের সামনে আরও কঠিন পুনর্গঠন। প্রায় পাঁচ বছর দায়িত্বে থাকার পর এডি হাও চলে গেছেন। তার জায়গায় এসেছেন ম্যাথিয়াস ইয়াইসল। এর মধ্যেই ব্রুনো গিমারায়েস, সান্দ্রো তোনালি ও অ্যান্থনি গর্ডন দল ছেড়েছেন। আমর দেদিচ, বাজুমানা তুরে ও আলাদজি বাম্বাসহ বেশ কয়েকজনকে এনে দল সাজানোর চেষ্টা করছে নিউক্যাসল।

টটেনহ্যামও বড় পরিবর্তনের পথে। গত মৌসুমে ১৭তম হয়ে কোনোমতে অবনমন এড়ানো দলটির দায়িত্ব নিয়েছেন রবার্তো দে জারবি। সান্দ্রো তোনালি, মাতেউস ফার্নান্দেস ও জান-পল ভান হেকে তাদের বড় সংযোজন। অন্যদিকে অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো ও ডেজেড স্পেন্স দল ছেড়েছেন।

নটিংহ্যাম ফরেস্টে কোচ হয়েছেন অলিভার গ্লাসনার। আর বোর্নমাউথ এবার প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলবে। ব্রাইটন, ব্রেন্টফোর্ড ও লিডস ইউনাইটেডও এবার লিগের ওপরের দিকে চমক দিতে পারে। লিডস ক্লাব রেকর্ড ফিতে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড ও ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে দলে এনেছে।

প্রিমিয়ার লিগে ফিরেছে কোভেন্ট্রি, হাল ও ইপসউইচ। তিন দলের জন্যই মূল লক্ষ্য হবে টিকে থাকা। হাল ১১ জন খেলোয়াড়কে দলে এনেছে। তাদের মধ্যে অলিম্পিয়াকোস থেকে ২০ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যে আসা গ্রিসের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস সবচেয়ে বড় নাম।

Image

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে কোভেন্ট্রি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে তারা নটিংহ্যাম ফরেস্ট থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার তাইও আওনিয়িকে এনেছে। ইপসউইচও চ্যাম্পিয়নশিপে মাত্র এক মৌসুম কাটিয়ে ফিরে এসেছে। ১০ জন নতুন খেলোয়াড়ের পেছনে তারা খরচ করেছে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি। তবে বড় অঙ্কের বিনিয়োগ করলেও প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপের আর্থিক এবং মানগত পার্থক্যটা বিশাল। তাই নতুন মৌসুমে তিন দলের জন্যই টিকে থাকা কঠিন পরীক্ষা হতে পারে।

সব মিলিয়ে এবারের প্রিমিয়ার লিগে অনিশ্চয়তার কমতি নেই। আর্সেনাল যেখানে শিরোপা ধরে রাখার মিশনে নামছে, সেখানে ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসিকে নতুন কোচ ও নতুন দল নিয়ে পথ চলতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেড চাইবে ক্যারিকের অধীনে গত মৌসুমের উন্নতিটাকে আরও বড় করে তুলতে।

এবার ইউরোপীয় প্রতিযোগিতায় খেলবে প্রিমিয়ার লিগের নয়টি দল। তাই দীর্ঘ মৌসুমে বেঞ্চের শক্তি, চোট সামলানো এবং নতুন কৌশলের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই অনেক ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। শিরোপার লড়াই থেকে অবনমন—সবকিছু মিলিয়ে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগ আরও একবার জমজমাট হওয়ার অপেক্ষায়।

Image
খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।