খেলারদেশ

চেলসি

ছদ্মবেশে চেলসিতে হ্যাজার্ড

‘আমাকে কি ওরা চিনতে পারবে?’ ছদ্মবেশে চেলসির স্ট্যামফোর্ড ব্রিজে ইডেন হ্যাজার্ড

ছদ্মবেশে চেলসিতে হ্যাজার্ড

ছদ্মবেশে চেলসিতে হ্যাজার্ড

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

হুডে মুখ ঢাকা। গায়ে হালকা নীল নাইকির ট্র্যাকস্যুট। স্ট্যামফোর্ড ব্রিজের করিডোর আর ক্লাব শপে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি। উদ্দেশ্য একটাই, কেউ তাকে চিনতে পারে কি না তা দেখা। তবে বেশিক্ষণ রহস্য থাকেনি। তিনি আর কেউ না, চেলসির সাবেক কিংবদন্তি ইডেন হ্যাজার্ড।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে এমনই মজার এক ভিডিও বানিয়েছেন বেলজিয়ান তারকা। মাথায় হুড তুলে চেলসির ক্লাব শপে ঢুকে কর্মী ও সমর্থকদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তিনি। হ্যাজার্ড দোকানে ঘুরে চেলসির জার্সি দেখেন। এরপর নিজের নামে ‘হ্যাজার্ড ১০’ লেখা একটা জার্সিও বানিয়ে নেন। এমনকি সাবেক সতীর্থ জন টেরিকে ট্যাগ করে মজা করে ‘লেজেন্ড ডিসকাউন্ট’ পাওয়ার কথাও বলেন।

এরপর চেলসি ফাউন্ডেশনে অনুদান দেন হ্যাজার্ড। সবশেষে হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশ করে চিৎকার করে বলেন, ‘কাম অন চেলসি!' পুরো ভিডিওটাই ছিল স্মৃতিমেদুর এক মজার আয়োজন। অবসরের পরও যে ক্লাবটার সঙ্গে তার সম্পর্কটা কত গভীর, তাই যেন আবার দেখিয়ে দিলেন হ্যাজার্ড।

Image

২০১২ থেকে ২০১৯, সাত বছর চেলসির জার্সিতে নিজেকে ক্লাবটির অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দুর্দান্ত ড্রিবলিং, গতি আর সৃষ্টিশীল ফুটবলে হয়ে উঠেছিলেন সমর্থকদের প্রিয় মুখ। জিতেছিলেন দুইটা প্রিমিয়ার লিগ, দুইটা ইউরোপা লিগসহ একাধিক ট্রফি ও ব্যক্তিগত পুরস্কার।

এরপর ২০১৯ সালে রিয়াল মাদ্রিদে পাড়ি দেন হ্যাজার্ড। কিন্তু স্প্যানিশ ক্লাবে চেলসির সেই হ্যাজার্ডকে আর দেখা যায়নি। চোটের পর চোটে জর্জরিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবরে মাত্র ৩২ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানান তিনি। অবসরের পর অবশ্য ফুটবলের ব্যস্ত জীবন থেকে অনেকটাই দূরে সরে গেছেন হ্যাজার্ড। স্ত্রী নাতাশা ও পাঁচ সন্তানকে নিয়ে মাদ্রিদেই সময় কাটাচ্ছেন। মজা করে নিজেকে এখন ‘ফুটবলার না, ট্যাক্সিচালক’ বলেও থাকেন তিনি।

তবে পুরোপুরি খেলাধুলা ছেড়ে দেননি। সাইক্লিং, প্যাডেল ও গলফে সময় কাটান। মাঝেমধ্যে দাতব্য অনুষ্ঠান কিংবা সাবেক তারকাদের নিয়ে আয়োজিত লিজেন্ডস ম্যাচেও দেখা যায় তাকে। নতুন মৌসুমে চেলসির পথচলার শুরুতেও তাই প্রিয় ক্লাবের পাশে থাকতে চেয়েছেন হ্যাজার্ড। সোমবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চেলসি।

তার ঠিক আগে স্ট্যামফোর্ড ব্রিজে ফিরে সাবেক তারকার এই মজার কাণ্ড যেন সমর্থকদের জন্যও হয়ে থাকল পুরনো দিনের এক টুকরো স্মৃতি। ফুটবল ছেড়েছেন প্রায় তিন বছর আগে। কিন্তু চেলসির সমর্থকদের কাছে হ্যাজার্ডকে চিনতে কোনো ছদ্মবেশই যথেষ্ট না।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।