খেলারদেশ

বার্সেলোনা

হুয়ান গাম্পার ট্রফি কতটা গুরুত্বপূর্ণ?

হুয়ান গাম্পার ট্রফি কী? কতটা গুরুত্বপূর্ণ? বার্সেলোনার ঐতিহ্যবাহী প্রাক-মৌসুম আয়োজনের ইতিহাস

হুয়ান গাম্পার ট্রফি কতটা গুরুত্বপূর্ণ?

হুয়ান গাম্পার ট্রফি কতটা গুরুত্বপূর্ণ?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

প্রতি মৌসুম শুরুর আগে বার্সেলোনার ঘরের মাঠে বসে বিশেষ এক ফুটবলীয় উৎসব। এটা সাধারণ কোনো প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ না বা প্রাক-মৌসুমের অখ্যাত ও অগুরুত্বপূর্ণ মনে হওয়া ট্রফিগুলোর একটা না। বিশেষত বার্সেলোনা ও বার্সা সমর্থকদের কাছে। কারণ এর সাথে বার্সেলোনা ক্লাবটির ইতিহাস, ঐতিহ্য ও নতুন মৌসুমের প্রত্যাশাকে একসঙ্গে উদ্‌যাপন করার উপলক্ষ। এই আয়োজনই ‘হুয়ান গাম্পার ট্রফি’।

হুয়ান গাম্পার ট্রফি

হুয়ান গাম্পার ট্রফি

লা লিগার নতুন মৌসুম শুরুর ঠিক আগে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচ বার্সেলোনার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। বার্সা প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করার সুযোগ পায়। তবে এই ম্যাচের গুরুত্ব কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়।

নামের পেছনে যিনি

হুয়ান গাম্পার

হুয়ান গাম্পার

হুয়ান গাম্পার ছিলেন বার্সেলোনার প্রতিষ্ঠাতা। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া হান্স-ম্যাক্স গাম্পার উনিশ শতকের শেষ দিকে বার্সেলোনায় আসেন। ফুটবলের প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি কয়েকজন সতীর্থকে নিয়ে ১৮৯৯ সালে প্রতিষ্ঠা করেন এফসি বার্সেলোনা।

গাম্পার শুধু ক্লাবের প্রতিষ্ঠাতাই ছিলেন না, ছিলেন বার্সেলোনার শুরুর দিকের একজন খেলোয়াড়ও। পরবর্তীতে তিনি ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। তার নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও ফুটবলের প্রতি ভালোবাসা বার্সেলোনার প্রাথমিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্লাবের সঙ্গে যুক্ত বহু মূল্যবোধের শেকড়ও খুঁজে পাওয়া যায় তার সময়ের কর্মকাণ্ডে।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পার

বার্সেলোনার প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পার

গাম্পারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৬৬ সালে প্রথমবার আয়োজন করা হয় হুয়ান গাম্পার ট্রফি। শুরুতে এটা ছিল বহু-দলীয় টুর্নামেন্ট। সময়ের সঙ্গে আয়োজনের ধরন বদলেছে। শেষ পর্যন্ত রূপ নেয় বার্সেলোনার আয়োজনে একক প্রাক-মৌসুম ম্যাচে।

দীর্ঘ ছয় দশকে বিশ্বের অনেক বড় ক্লাব এই আয়োজনে অংশ নিয়েছে। বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও বোকা জুনিয়র্সের মতো ইউরোপ ও বিশ্বের শীর্ষ ক্লাবগুলোও খেলেছে হুয়ান গাম্পার ট্রফিতে।

কেন এত গুরুত্বপূর্ণ?

Image

হুয়ান গাম্পার ট্রফি বার্সেলোনার সমর্থকদের কাছে নতুন মৌসুমের আনুষ্ঠানিক সূচনার মতো। এই ম্যাচেই অনেক সময় সমর্থকেরা প্রথমবারের মতো নতুন মৌসুমের দলকে একসঙ্গে মাঠে দেখার সুযোগ পান। নতুন খেলোয়াড়দেরও প্রথমবারের মতো ঘরের মাঠে সমর্থকদের সামনে দেখা যায়। কোচের কৌশল, সম্ভাব্য একাদশ এবং নতুন মৌসুমের পরিকল্পনার আভাসও পাওয়া যায় এই ম্যাচে।

তাই ফলাফল গুরুত্বপূর্ণ হলেও হুয়ান গাম্পার ট্রফির আসল তাৎপর্য আরও গভীরে। এটি বার্সেলোনার অতীতকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য নতুন যাত্রার ঘোষণা। বার্সেলোনা সমর্থকদের জন্য এটি একই সঙ্গে নতুন মৌসুমের দলকে স্বাগত জানানো এবং ক্লাবের প্রতিষ্ঠাতার স্মৃতিকে সম্মান জানানোর ঐতিহ্যবাহী আয়োজন।

ছয় দশকের ইতিহাস পেরিয়ে হুয়ান গাম্পার ট্রফি তাই আজও বার্সেলোনার গ্রীষ্মকালীন ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে একটা প্রীতি ম্যাচের আড়ালে জড়িয়ে আছে ক্লাবটির জন্ম, ঐতিহ্য ও ভবিষ্যতের গল্প।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।