খেলারদেশ

কেন নেই আকবর? প্রশ্নের উত্তরে নির্বাক সবাই

নির্বাচকরা জানিয়েছেন, বিসিবির বিবেচনাতে আছেন আকবর। তবে কোন সিরিজ বা সফরের জন্য তা বলেননি তারা।

কেন নেই আকবর? প্রশ্নের উত্তরে নির্বাক সবাই

আকবর আলী

ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ইমার্জিং দল, এইচপি দল, ‘এ’ দল ও জাতীয় দল- বিসিবির অধীনে মোট চারটি দল একসঙ্গে আছে দেশের বাইরে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে। প্রতিটি স্কোয়াডে একটু চোখ বুলালে দেখবেন, কোথাও নেই আকবর আলীর নাম। বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ ‘শিরোপা’ জেতানো ক্রিকেটারের না থাকা একটু বিস্ময়করই!

তার দলে না থাকার কোনো সঠিক ব্যাখ্যা আসলে পাওয়া যায়নি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বিভিন্ন সময় গণমাধ্যমকে জানান, তাদের বিবেচনায় আছেন আকবর। যদি বিবেচনাতেই থাকেন, তাহলে তিনি কেন দলে নেই? সেই প্রশ্নের কোনো ব্যাখ্যা দেননি তিনি।

Image

বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোনো ব্যস্ততা নেই। নিজেকে চাঙা রাখতে এখন ইংল্যান্ডে ভিলেজ ক্রিকেট খেলছেন আকবর আলী। সঙ্গে ব্যস্ত আছেন কোচিং নিয়ে।

এমন অবসর সময় কাটানো আকবর সবশেষ ঘরোয়া মৌসুমে ছিলেন দারুণ ছন্দে। অধিনায়ক হিসেবে রংপুর বিভাগকে জিতিয়েছেন এনসিএল টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণির টুর্নামেন্টের ট্রফি। প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছিলেন দারুণ ছন্দে। বিপিএলেও করেছেন ভালো পারফর্ম।

বিপিএলে চার ম্যাচে ৯৮ স্ট্রাইক রেটে করেছেন ৭০ রান। ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে ফিনিশার হিসেবে ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। ৯ ইনিংসে ১১৯ স্ট্রাইক রেটে করেছেন ২১৭ রান। আর এনসিএল টি-টোয়েন্টিতে ১৪৯ স্ট্রাইক রেটে করেছেন ২০৩ রান।

রঙিন পোশাকে তার এই পারফরম্যান্সের সুবাদে যে কোনো দলেই তার জায়গা পাওয়া ছিল সহজ ব্যাপার। তবুও, তাকে বিবেচনায় রাখেননি নির্বাচকরা।

ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট-কিপার ভূমিকায় আকবর আলীর চেয়ে সেরা পছন্দ আর কেউ হতে পারে না। বর্তমান, জাতীয় দল ছাড়া প্রতিটি জায়গায় উইকেট-কিপার নিয়ে বেশ সংকটে আছে বিসিবি। তাই বাধ্য হয়ে ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলিদের উইকেটরক্ষকের ভূমিকায় খেলাচ্ছে।

ফিনিশার হিসেবে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায় তার দারুণ ছন্দকে বিবেচনায় নেওয়া হয়নি। অথচ, ২০২০ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর প্রায় প্রতিটি দলে সব সময়ই ছিল আকবরের নাম।

পরিসংখ্যান তার পক্ষে থাকার পরও দলে জায়গা না হওয়া নিয়ে থাকা কানাঘুষা শোনা যায়, বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে থাকা দ্বন্দ্বের কারণেই নাকি তিনি নেই বিসিবির কোনো দলে। তবে, আকবর তেমন কিছু স্বীকার করছেন না। বরং, নির্বাচকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নিজের উন্নতিতে মনযোগ দিয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমে।

তিনি আরও জানান, নির্বাচকদের কাছ থেকে জানতে পেরেছেন, তাকে বিবেচনায় রাখা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে হবে।

আর কত পারফর্ম করলে, তবে বিসিবির কোনো দলে তার জায়গা হবে? এই প্রশ্নের উত্তর নেই আকবরের কাছে। নেই নির্বাচকদের কাছে।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।