খেলারদেশ

রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রাজিলের স্বর্ণপদক

রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্ব আসরে প্রথম আমেরিকা মহাদেশীয় দল হিসাবে স্বর্ণ জিতে ব্রাজিলের ইতিহাস

রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রাজিলের স্বর্ণপদক
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রিদমিক জিমন্যাস্টিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে ব্রাজিল। ফ্রাঙ্কফুর্টে রোববার শেষ হওয়া ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপের গ্রুপ ৫ বলের ফাইনালে স্বর্ণপদক জিতে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের নারী দল ‘লিওয়াস’। শুধু ব্রাজিল নয়, আমেরিকা মহাদেশের কোনো দেশের জন্যও রিদমিক জিমন্যাস্টিকসে এটি প্রথম বিশ্ব শিরোপা।

এর আগের দিনই গ্রুপ অল-অ্যারাউন্ডে ব্রোঞ্জ জিতেছিল ব্রাজিল। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ৫ বলের ফাইনালে সোনালি সাফল্য এনে দেয় ‘লিওয়াস’। দুর্দান্ত পারফরম্যান্সে তারা পেছনে ফেলে নতুন অল-অ্যারাউন্ড বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও বুলগেরিয়াকে।

ব্রাজিলের সাফল্য অবশ্য সেখানেই থামেনি। গ্রুপ ৩ হুপস ও ২ জোড়া ক্লাবের ফাইনালেও শিরোপা জিতে নেয় ‘লিওয়াস’। ফলে একই দিনে দুটি বিশ্ব শিরোপা ঘরে তোলে ব্রাজিলের দলটি। রিদমিক জিমন্যাস্টিকসে দেশটির জন্য এটি ছিল অবিশ্বাস্য এক দিন।

অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টেও ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। হুপ ফাইনালে ইউক্রেনের তাইসিয়া ওনোফ্রিচুক ৩০.৭০০ পয়েন্ট নিয়ে নিজের প্রথম বিশ্ব শিরোপা জিতেছেন। ইতালির বর্তমান চ্যাম্পিয়ন সোফিয়া রাফায়েলি ৩০.৫০০ পয়েন্ট নিয়ে রুপা পান। জার্মানির তারকা দারিয়া ভারফোলোমেভ ৩০.৪০০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।

ক্লাবস ফাইনালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে বুলগেরিয়ার স্তিলিয়ানা নিকোলোভার। আগের বিশ্ব চ্যাম্পিয়নশিপগুলোতে আটটি রুপা জেতা ২০ বছর বয়সী এই জিমন্যাস্ট অবশেষে পান প্রথম ব্যক্তিগত বিশ্ব শিরোপা। ৩০.১৫০ পয়েন্ট নিয়ে ক্লাবস ইভেন্টে সোনা জেতেন তিনি।

তবে নিকোলোভার সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকটি রুটিন পরই তাকে রিবন ফাইনালে আবার কার্পেটে নামতে হয়। সেখানে আত্মবিশ্বাসী পারফরম্যান্স করলেও ভারফোলোমেভকে আটকাতে পারেননি তিনি। রিবন ফাইনালে ৩০.৫০০ পয়েন্ট নিয়ে সোনা জেতেন ভারফোলোমেভ। এর মধ্য দিয়ে ঘরের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় সোনা জিতলেন তিনি। এটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৪তম বিশ্ব শিরোপা। নিকোলোভা ৩০.৪৫০ পয়েন্ট নিয়ে রুপা এবং বরিসোভা ২৯.৯০০ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন।

ফ্রাঙ্কফুর্টের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য সংশ্লিষ্ট জাতীয় অলিম্পিক কমিটিগুলোর প্রথম পাওয়া কোটা স্থান নিশ্চিত হয়েছিল। শেষ দিনে তাই নজর ছিল বিশ্ব শিরোপার লড়াইয়ে। আর সেই মঞ্চেই ব্রাজিলের ‘লিওয়াস’ লিখেছে রিদমিক জিমন্যাস্টিকসের নতুন ইতিহাস।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।