খেলারদেশ

প্রতিযোগিতা চলাকালীন সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ সাইক্লিস্ট নিহত

পর্তুগালে আয়োজিত ‘ভোলতা আ পর্তুগাল' সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় ১৯ বছর বয়সী ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং মারা গেছেন।

প্রতিযোগিতা চলাকালীন সড়ক দুর্ঘটনায় ব্রিটিশ সাইক্লিস্ট নিহত

ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

পর্তুগালে আয়োজিত ‘ভোলতা আ পর্তুগাল' সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় ১৯ বছর বয়সী ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং মারা গেছেন। মর্মান্তিক এই ঘটনার পর প্রতিযোগিতার অষ্টম ধাপটি স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

প্রতিযোগিতার আয়োজক ও পর্তুগিজ সাইক্লিং ফেডারেশন শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানায়, মেলগাসো থেকে ফাফে পর্যন্ত চলমান অষ্টম ধাপের রেসে অংশ নেওয়ার সময় এক ‘গুরুতর দুর্ঘটনার’ শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এনএসএন ডেভেলপমেন্ট টিমের এই রাইডার।

গভীর শোক প্রকাশ করে আয়োজক সংস্থা ও পর্তুগিজ সাইক্লিং ফেডারেশন বলেছে, ‘দুঃখের এই মুহূর্তে আমরা ফিনলে টার্লিংয়ের পরিবার, সতীর্থ, এনএসএন ডেভেলপমেন্ট টিম এবং তাঁর সমস্ত বন্ধু ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ দুর্ঘটনার কারণে রেস সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং ফাফেতে নির্ধারিত পোডিয়াম বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করা হয়।

এনএসএন সাইক্লিং টিম টার্লিংয়ের মৃত্যুতে শোক জানিয়ে এক বার্তায় বলেছে, ‘আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ফিনলে টার্লিংয়ের প্রয়াণের খবর জানাচ্ছি। ফিন আমাদের টিমের অত্যন্ত পছন্দের একজন সদস্য ছিলেন। তবে সবচেয়ে বড় কথা—তিনি ছিলেন একজন অসাধারণ ছেলে, ভাই এবং বহু মানুষের প্রিয় বন্ধু। আমরা তাঁর শূন্যতা গভীরভাবে অনুভব করব।’

ফিনলে টার্লিং বিখ্যাত সাইক্লিং টিম 'ইনিওস গ্রেনেডিয়ার্স'-এর রাইডার জোশুয়া টার্লিংয়ের ছোট ভাই। তিনি গ্রেট ব্রিটেনের হয়ে রোড ও ট্র্যাক সাইক্লিংয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০২৫ মৌসুমের শুরুতে তিনি ‘ইসরায়েল-প্রিমিয়ার টেক একাডেমি’তে যোগ দেন, যা পরবর্তীতে পুনর্নামকরণ করে ‘এনএসএন সাইক্লিং টিম’ রাখা হয়।

চলতি বছর টার্লিং ‘ট্যুর দু রুয়ান্ডা'-র ষষ্ঠ ধাপে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়া ব্রিটিশ ন্যাশনাল অনূর্ধ্ব-২৩ টাইম ট্রায়াল চ্যাম্পিয়নশিপে তিনি তৃতীয় স্থান লাভ করেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।