খেলারদেশ

তীব্র বিরোধিতার মুখে 'এফএফই' প্রকল্প বাতিল করল ফিফা

উয়েফার পর এশিয়ান ফুটবল এসোসিয়েশন ও কনকাকাফের বিশ্বকাপ বয়কটের হুমকির মুখে বেসরকারি খাতে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানিন্না ইনফান্তিনো।

তীব্র বিরোধিতার মুখে 'এফএফই' প্রকল্প বাতিল করল ফিফা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট পরিচালনার স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সদস্য দেশগুলোর তীব্র বিরোধিতা এবং বিশ্ব ফুটবলে নজিরবিহীন বিতর্কের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগ বাতিল করা হয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, “বিশ্বের ফুটবল সংস্থাগুলোকে শক্তিশালী করাই ছিল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মূল লক্ষ্য। তবে প্রকল্পটি তীব্র বিভাজন তৈরি করায় ফুটবলের ঐক্য ও উন্নয়নের স্বার্থেই আর সামনে না এগোনোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

প্রস্তাব অনুযায়ী, ২০ বিলিয়ন ডলারের নতুন ইউনিট গঠন করে এর ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহের পরিকল্পনা ছিল। কিন্তু ইউয়েফা, কনকাকাফ ও এএফসি আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ফিফা মিডিয়ার অফিসিয়াল প্রেস রিলিজ

ফিফা মিডিয়ার অফিসিয়াল প্রেস রিলিজ

ইউরোপিয়ান ফুটবল সাপোর্টার্স সংগঠন জানায়, ফুটবলের মালিকানা কোনো সংস্থা বা বিনিয়োগকারীর নয়; এটি সমর্থক, খেলোয়াড় ও ফুটবল সম্প্রদায়ের সম্পদ। সংগঠনের পরিচালক স্টুয়ার্ট ডাইকস বলেন, “ফুটবল বিক্রির জন্য নয়; এটি একটি সামাজিক সম্পদ, যার মূল্য সৃষ্টি করেন সমর্থক ও খেলোয়াড়রা।”

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল জানায়, তারা সদস্য দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শ শুরু করেছে। তাদের মতে, আর্থিক সিদ্ধান্তের প্রয়োজন থাকলেও তা কখনোই ফুটবলের মৌলিক চরিত্রের ঊর্ধ্বে যেতে পারে না।

এশিয়ান ফুটবল কনফেডারেশনও ইউয়েফা ও কনকাকাফের অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছে। এএফসি বলেছে, বিশ্ব ফুটবলে যে বিভাজন তৈরি হয়েছে, তাতে এই প্রস্তাব এগিয়ে নেওয়ার মতো ঐকমত্য আর নেই।

নরওয়েজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিজে ক্লাভেনেস বলেন, “এই প্রস্তাব আন্তর্জাতিক ফুটবলের জন্য অত্যন্ত গুরুতর পরিস্থিতি তৈরি করেছে। ফুটবলের মালিকানা সদস্যদের হাতেই থাকা উচিত এবং এটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত।”

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।