সামার ট্রান্সফার
দিওমান্দেকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রিয়ালের
গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন দিওমান্দে। তাঁর গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক দক্ষতা তাঁকে ইউরোপের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।

ইয়ান দিওমান্দে
ইয়ান দিওমান্দেকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার এ তথ্য জানিয়েছেন ট্রান্সফার বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তবে স্প্যানিশ জায়ান্টদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ।
রোমানোর তথ্য অনুযায়ী, রিয়ালের প্রস্তাবটি ছিল ৯০ মিলিয়ন ইউরো নিশ্চিত অর্থের সঙ্গে আরও ১০ মিলিয়ন ইউরো অ্যাড-অনস। তবে লাইপজিগ এই অঙ্কে রাজি হয়নি। ক্লাবটি ইয়ান দিওমান্দের জন্য অন্তত ১০০ মিলিয়ন ইউরো নিশ্চিত অর্থ এবং পারফরম্যান্সভিত্তিক আরও ২০ মিলিয়ন ইউরো অ্যাড-অনস দাবি করছে।

মাত্র ১৯ বছর বয়সী আইভরিয়ান এই উইঙ্গার গত মৌসুমে লাইপজিগের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন। গত মৌসুমে বুন্দেসলিগায় ৩৩ ম্যাচে ১২ গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করেন দিওমান্দে। তাঁর গতি, ড্রিবলিং ও আক্রমণাত্মক দক্ষতা তাঁকে ইউরোপের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।
এর আগে দিওমান্দেকে নিয়ে লিভারপুলের ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল লাইপজিগ। ফলে আইভরিয়ান তারকাকে ঘিরে ট্রান্সফার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। পিএসজিও তাঁকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে বলে জানা গেছে। প্যারিস সেন্ট জার্মেইয়ের সাথে দিওমান্দের পার্সোনাল চুক্তি চূড়ান্ত থাকলেও লাইপজিগের সাথে কোনো চুক্তি চূড়ান্ত না হওয়ায় সেই আলোচনাও আপাতত স্থগিত রয়েছে।
রিয়াল মাদ্রিদের নতুন প্রস্তাব লাইপজিগের চাহিদার কাছাকাছি হলেও দুই ক্লাবের মধ্যে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ফলে দিওমান্দেকে নিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর লড়াই আরও জমে উঠতে পারে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।