খেলারদেশ

একাদশে নেই কুবারসি, লাপোর্টের কেউই

ফিফার বিশ্বকাপ একাদশে চমক

বিশ্বব্যাপি ফুটবল ফ্যানদের অনলাইন ভোটে ফিফা এই একাদশ বেছে নিয়েছে। ফিফার ওয়েবসাইটের মাধ্যমে ভোট আহবান করা হয়েছিল।

ফিফার বিশ্বকাপ একাদশে চমক
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বড় চমক দিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। টুর্নামেন্টের সেরা দুই সেন্টারব্যাক, চ্যাম্পিয়ন স্পেনের রক্ষণজুটি পাউ কুবারসি ও আয়মারিক লাপোর্তের একাদশে জায়গা হয়নি। কুবারসি তাঁর পারফরম্যান্স দিয়ে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। কুবারসি ও লাপোর্তের জায়গায় একাদশে ঠাঁই পেয়েছেন ফ্রান্সের দায়োত উপামেকানো ও আর্জেন্টিনার সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেস। পরিসংখ্যান বলছে ২০২৬ বিশ্বকাপে ডিফেন্ডারদের মধ্যে কুবারসি সবচেয়ে বেশি সময় খেলেছেন (৭৫০ মিনিট); কুবারসির ৭ ক্লিনশিটের বিপরীতে উপামেকানোর ক্লিনশিট ৪টি; কুবারসি টুর্নামেন্টে গোল হজম করেছেন ১টি আর উপামেকানো ৭টি; পাস সম্পন্ন করায় দুজনে কাছাকাছি অবস্থান করছেন--কুবারসির সম্পন্ন করা পাস ৯৬% আর উপামেকানোর ৯৫%; বল রিকভারিতে দুজনেই টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪টি করে; কুবারসি গোলের সুযোগ তৈরি করেছেন ৭টি ও উপামেকানো ৪টি। তবে তিনটি জায়গায় পারফরম্যান্সে কুবারসির চেয়ে উপামেকানো অনেক এগিয়ে--কুবারসি ট্যাকল জিতেছেন মাত্র তিনটি, উপামেকানো ১৪টি; কুবারসির ইন্টারসেপশন ৩টি, উপামেকানোর টুর্নামেন্ট সর্বোচ্চ ১৫টি; বল ক্লিয়ারেন্স স্প্যানিশ ডিফেন্ডারের ৩৩টি ও ফরাসি ডিফেন্ডারের ৩৮টি।

দর্শকের ভোটে নির্বাচিত সেরা একাদশ

দর্শকের ভোটে নির্বাচিত সেরা একাদশ

লাপোর্ত ও লিসান্দ্রোর পারফরম্যান্সের পরিসংখ্যানে দেখা যাচ্ছে শুধু গোলের অবদানে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেস এগিয়ে আছেন। টুর্নামেন্টে তাঁর একটি করে গোল ও অ্যাসিস্ট আছে; লাপোর্তের অ্যাসিস্ট একটি। বাকি সব পারফরম্যান্সে লাপোর্ত মোটামুটি এগিয়ে ছিলেন। ডিফেন্ডার হয়েও টুর্নামেন্টে ৩য় সর্বোচ্চ পাস সম্পন্ন করা খেলোয়াড় তিনি। তবে দলের রক্ষণভাগে প্রভাব ও ফাইনালে ওঠার অবদান বিবেচনায় নিলে লিসান্দ্রো মার্তিনেসকেই এগিয়ে রাখতে হয়।

সবচেয়ে বেশি ৭টি ক্লিনশিট ও মাত্র একটি গোল হজম করা স্পেন নাম্বার ওয়ান উনাই সিমনেরও ফিফার স্বপ্নের বিশ্বকাপ একাদশে জায়গা হয়নি। গোলরক্ষকের জায়গাটি অর্জন করে নিয়েছেন টুর্নামেন্টের চমক কেপ ভার্দের অধিনায়ক, টুর্নামেন্টের ব্রেকআউট স্টার ভোজিনিয়া। নাতি-নাতনিদের কাছে সারাজীবন গল্প করার মতো আরও একটি রসদ পেয়ে গেলেন তিনি। তাঁকে নিয়ে অবশ্য কেপ ভার্দেবাসী ও দুনিয়ার ফুটবলপ্রেমিরাও যুগ যুগ ধরে গল্প করবে।

বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন স্পেনের তিনজন, রানার আপ আর্জেন্টিনার দুইজন, ফ্রান্সের তিনজন; ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে জায়গা পেয়েছেন। ৪-৩-৩ ফরম্যাশনে এই খেলোয়াড়রা হলেন: ভোজিনিয়া, মার্ক কুকুরেয়া, দায়ত উপামেকানো, লিসান্দ্রো মার্তিনেস, পেদ্রো পোরো, রদ্রি, মাইকেল ওলিসে, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও আর্লিং হালান্ড।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।