২৫ জুলাই লগো উন্মোচন
নভেম্বরে ঢাকায় সাফের ১৫তম আসর
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর

২০০৩ সালে ঢাকায় হওয়া সাফে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশ
অবশেষে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে সাফ কমিটি।
বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশিপ ফিরছে দীর্ঘ আট বছর পর। সবশেষ ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় এই আসর। ফলে এবারের টুর্নামেন্ট ঘিরে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আগামী ২৫ জুলাই ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর আনুষ্ঠানিক লোগো উন্মোচন হবে। এরপর ১লা আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল জানিয়েছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের পর বছর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। তাই প্রতিযোগিতাটি আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।’
তিনি আরও বলেন, ‘২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘোষণা দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য আরও উত্তেজনাপূর্ণ সময় তৈরি করেছে। বাংলাদেশকে আয়োজক হিসেবে নিশ্চিত করা বিশেষভাবে আনন্দের, কারণ দেশটিতে ফুটবলের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। আমরা আশা করি, বাংলাদেশ খেলোয়াড় ও সমর্থকদের জন্য একটি দুর্দান্ত ও সফল আয়োজন উপহার দেবে।’
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ হবে টুর্নামেন্টটির ১৫তম আসর। আয়োজক হিসেবে বাংলাদেশের নাম চূড়ান্ত হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। আগামী কয়েক মাসে টুর্নামেন্টকে ঘিরে আরও নানা আয়োজন ও কার্যক্রমের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সাফ।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।