বিশ্বকাপ ফাইনাল: স্পেন বনাম আর্জেন্টিনা
স্পেন বনাম আর্জেন্টিনা: যা যা জানা দরকার
একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, অন্যদিকে লামিন ইয়ামালের নতুন যুগের সূচনা—দুই প্রজন্মের প্রতীকী লড়াইও বটে।

স্পেন বনাম আর্জেন্টিনা: যা যা জানা দরকার
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আজ রাত ১টায় মুখোমুখি হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহারণে একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, অন্যদিকে লামিন ইয়ামালের নতুন যুগের সূচনা—দুই প্রজন্মের প্রতীকী লড়াইও বটে।
ম্যাচের তথ্য
ম্যাচ: স্পেন বনাম আর্জেন্টিনা
প্রতিযোগিতা: ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল
ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি
তারিখ: ১৯ জুলাই ২০২৬ (স্থানীয় সময়)
বাংলাদেশ সময়: ২০ জুলাই, রাত ১:০০টা

কীভাবে ফাইনালে উঠল দুই দল?
স্পেন: লুইস দে লা ফুয়েন্তের দল পুরো টুর্নামেন্টে ছিল অবিশ্বাস্য ধারাবাহিক। গ্রুপ পর্বে ছিল শতভাগ সাফল্য। শেষ ৩২-এ অস্ট্রিয়াকে ৩-০, শেষ ১৬-এ পর্তুগালকে ১-০, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ পরাজিত করে তারা ফাইনালে আসে। সবচেয়ে অবাক করার বিষয়, পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র একটি গোল হজম করেছে এবং সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই ক্লিন শিট রেখেছে।
আর্জেন্টিনা: লিওনেল স্কালোনির দলকে অবশ্য কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। গ্রুপ পর্বে শতভাগ জয়, কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়, মিশরের বিপক্ষে শেষ ১০ মিনিটে দুই গোল করে প্রত্যাবর্তন, সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় লাভ করে তারা ফাইনালে আসে। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দলও আর্জেন্টিনা।

ম্যাচ নির্ধারণ করতে পারে যে তিন দ্বৈরথ
১। লামিনে ইয়ামাল বনাম লিওনেল মেসি; ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত গল্প। ৩৯ বছর বয়সী মেসি খেলছেন নিজের শেষ বিশ্বকাপ ম্যাচ। টুর্নামেন্টে ইতোমধ্যে করেছেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালকে অনেকেই মেসির উত্তরসূরি মনে করেন। বিশ্বকাপে এখন পর্যন্ত তার অবদান তুলনামূলক কম হলেও বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে।
২। রদ্রি বনাম এনজো ফার্নান্দেজ; মিডফিল্ডের এই লড়াইই ম্যাচের গতি নির্ধারণ করতে পারে। রদ্রি স্পেনের বল দখল, রক্ষণ ও খেলার ছন্দ নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার সবচেয়ে গতিশীল মিডফিল্ডারদের একজন, যিনি ইতোমধ্যে দুটি গোল করেছেন এবং মেসির সঙ্গে দারুণ সমন্বয় গড়েছেন।
৩। মিকেল ওয়ারিয়াসাবাল বনাম রোমেরো–লিসান্দ্রো; স্পেনের প্রধান স্ট্রাইকার মিকেল ওয়ারিয়াসাবালকে সামলানোর দায়িত্ব থাকবে আর্জেন্টিনার শক্তিশালী সেন্টার-ব্যাক জুটি ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের ওপর। এই শারীরিক লড়াই স্পেনের আক্রমণের কার্যকারিতা অনেকটাই নির্ধারণ করবে।

সম্ভাব্য একাদশ
স্পেন (৪-২-৩-১): উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেহান্দ্রো বায়েনা; মিকেল ওয়ারসাবাল।
আর্জেন্টিনা (৪-৩-৩): এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
সাম্প্রতিক ফর্ম
স্পেন (শেষ পাঁচ ম্যাচ): উরুগুয়ে ০-১ স্পেন, অস্ট্রিয়া ০-৩ স্পেন, পর্তুগাল ০-১ স্পেন, বেলজিয়াম ১-২ স্পেন, ফ্রান্স ০-২ স্পেন. গোল: ৯, হজম: ১।
আর্জেন্টিনা (শেষ পাঁচ ম্যাচ): জর্ডান ১-৩ আর্জেন্টিনা, কেপ ভার্দে ২-৩ আর্জেন্টিনা, মিশর ২-৩ আর্জেন্টিনা, সুইজারল্যান্ড ১-৩ আর্জেন্টিনা, ইংল্যান্ড ১-২ আর্জেন্টিনা। গোল: ১৪, হজম: ৭।
মুখোমুখি পরিসংখ্যানে সাম্প্রতিক চার দেখায়: স্পেনের জয়: ৩, আর্জেন্টিনার জয়: ১। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৮ সালের প্রীতি ম্যাচে, যেখানে স্পেন ৬-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়েছিল।
যেদিকে নজর থাকবে
মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচ। স্পেন জিতলে ইউরো ও বিশ্বকাপ টানা দুই বড় শিরোপা। আর্জেন্টিনা জিতলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি। মেসি বনাম ইয়ামাল—দুই প্রজন্মের প্রতীকী দ্বৈরথ। রদ্রি ও এনজো ফার্নান্দেজের মিডফিল্ড যুদ্ধ। লুইস দে লা ফুয়েন্তে বনাম লিওনেল স্কালোনির কৌশলগত লড়াই।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল শুধু দুটি দলের শিরোপার লড়াই নয়; এটি দুই ফুটবল দর্শন, দুই প্রজন্ম এবং ইতিহাসের মুখোমুখি হওয়ার এক অনন্য অধ্যায়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।