বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা।

বিশ্বকাপ ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন স্লাভকো ভিনচিচ
২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী লড়াইয়ে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৪৬ বছর বয়সি এই কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ফিফা। ভিনচিচকে সহায়তা করবেন তাঁরই স্বদেশি সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ক্লাব ফুটবলেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি। বিশ্বকাপে তাঁর অভিষেক হয় ২০২২ সালে কাতারে, যেখানে দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৬ আসরে এরই মধ্যে গ্রুপ পর্বে ব্রাজিল–মরক্কো এবং জর্ডান–আলজেরিয়া, পাশাপাশি শেষ ষোলোর আগে শেষ বত্রিশে মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ পরিচালনা করেছেন। আর্জেন্টিনা–স্পেনের ফাইনাল হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরে চতুর্থ দায়িত্ব।
আর্জেন্টিনার সঙ্গে একমাত্র অভিজ্ঞতা
আর্জেন্টিনার ম্যাচে এর আগে মাত্র একবারই দায়িত্ব পালন করেছেন ভিনচিচ। সেটি ছিল ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। সেই ম্যাচে লিওনেল মেসির দল ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল। ম্যাচের সপ্তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের ওপর ফাউলের ঘটনায় পেনাল্টির বাঁশি বাজান ভিনচিচ, যেখান থেকে গোল করেন মেসি। ওই ম্যাচে সৌদি আরবের ছয়জন ফুটবলার হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কোনো খেলোয়াড় কার্ড পাননি।
স্পেনের ম্যাচেও পরিচিত মুখ
স্পেনের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচও পরিচালনা করেছেন ভিনচিচ। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে স্পেনের ম্যাচে তাঁর যাত্রা শুরু হয়। পরে ইউরো ২০২০-এ স্পেন–সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন–ইতালি ম্যাচেও ছিলেন প্রধান রেফারি।
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের খেলায়ও দুবার দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৪ ইউরোতে ইতালির বিপক্ষে স্পেনের ১-০ গোলের জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচ দুটিই পরিচালনা করেছিলেন ভিনচিচ। বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচে ইয়ামালের অসাধারণ দূরপাল্লার গোল বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অভিজ্ঞতা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাই থাকবে সবার নজরে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।