প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই দল
ফ্রান্সকে হারিয়ে নতুন ইতিহাস লিখবে মরক্কো?
ফ্রান্সের মাঝমাঠ খুবই গোছানো। অন্যদিকে মরক্কোও যোগ্য দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ফলে কঠিন প্রতিন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে আশা করছে দর্শকরা।

এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো
মরক্কো-ফ্রান্সের গতবারের লড়াইটা ছিলো ফাইনালে যাওয়ার। ফ্রান্স সেই লড়াই জিতে ফাইনালে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার কাছে হেরেছিল। বোস্টনে বাংলাদেশ সময় রাত ২টায় মরক্কোর সামনে এবার প্রতিশোধের মঞ্চ আর ফ্রান্স আগের ধারাবাহিকতা ধরে রেখে এই ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চাইবে। তাদের লক্ষ্য অবশ্যই দ্বিতীয় ইউরোপিয়ান দল হিসাবে বিশ্বকাপের টানা তিনটি আসরে ফাইনাল খেলে ট্রফি নেওয়া। গত ২৪ বছরের মধ্যে ফ্রান্স বিশ্বকাপের সবচেয়ে সফল দল। এই সময়ে হওয়া ৭টি আসরের ৪টিতেই ফাইনাল খেলেছে লেস ব্লুস দল, চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। আর মরক্কো প্রথম আফ্রিকান দল হিসাবে কাতারে অনুষ্ঠিত গত আসরে সেমিফাইনাল খেলে এবং তৃতীয় হয়। আগামী বিশ্বকাপ আসরের সহ-আয়োজকরা সেই সফলতা পেরিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।
ফ্রান্স এই বিশ্বকাপে এখন টপ ফেভারিট দল। অপটার পারফরম্যান্স রিভিউতে সবার উপরে অবস্থান করছে কোচ দিদিয়ের দেশমের দল। বাজিকরদেরও বাজির ঘোড়া ফ্রান্স। দলটির আক্রমণভাগের ত্রয়ী এমবাপ্পে-ওলিসে-ডেম্বেলে আছেন দারুণ ফর্মে; যারা যেকোনো রক্ষণভাগের জন্যই ত্রাস। এদের যে কেউ একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবারের আসরে ফ্রান্স এ পর্যন্ত ৫ ম্যাচে ১৩ গোল করেছে। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে একাই করেছেন ৭ গোল, সাথে দুই অ্যাসিস্ট। ওসমান ডেম্বেলের গোল ৪টি, গোল না পেলেও মাইকেল ওলিসের নামের পাশে ৫টি অ্যাসিস্ট আছে।

ফ্রান্সের মাঝমাঠ খুবই বিন্যস্ত। মানো কুনের মতো প্রতিপক্ষের খেলা ধ্বংসকারি যেমন আছেন, নিজেদের খেলা গড়ে দেওয়ার জন্য আছেন রাবিও। চুয়ামেনি ও কন্তের মতো বিশ্বমানের মিডফিল্ডার থাকবেন ফ্রান্সের বেঞ্চে! শুধু আক্রমণে না, এই বিশ্বকাপের অন্যতম সেরা রক্ষণভাগের মালিকও ফ্রান্স; মাত্র দুটি গোল হজম করেছে লেস ব্লুস দল।

অন্যদিকে মরক্কোও যোগ্য দল হিসাবে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বর্তমানে দলটির ফিফা র্যাংকিং পাঁচ। আশরাফ হাকিমি, নাসের মাজরাউয়ি, ইয়াসিন বোনো, দিয়াজ, ওনাহিদের মতো পরীক্ষিত ও অভিজ্ঞদের পাশাপাশি আইয়ুব বুয়াদি, ইসমাইল সাইবারি ও রাহিমিদের মতো নতুনরা বিশ্বকাপে মাঠ মাতাচ্ছেন। তাঁদের কোচ মোহাম্মদ ওয়াহাবি সবশেষ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী কোচ, তিনি জানেন কীভাবে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নকআউট ম্যাচ জিততে হয়। এই বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টুর ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর অভিজ্ঞতা আছে, গ্রুপ পর্বে অসাধারণ খেলে ব্রাজিলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। সবশেষ ম্যাচে অন্যতম স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে। মরক্কো দলের স্কোরিং দক্ষতাও বেশ ভালো। এখনো পর্যন্ত ৫ ম্যাচে ১০ গোল করেছে এটলাস লায়ন্স দল। হার না মানসিকতা মরক্কো দলের সবচেয়ে বড় শক্তি। এই ম্যাচ নিয়ে মরক্কোর একটাই দুঃশ্চিন্তা, তারকা খেলোয়াড় সাইবারি ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি।
এবার বিশ্বকাপে রেফারিং নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। ফ্রান্স-মরক্কো ম্যাচকে ঘিরেও এই বিতর্ক তৈরি হয়েছে। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিচালনার জন্য পাঁচপজন অফিসিয়ালের সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে আর্জেন্টিন থেকে, বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে একই দেশের সব অফিসিয়াল নিয়োগ দেওয়ার ঘটনা আগে ঘটেনি। তাই এই ম্যাচে রেফারি ও ভিএআর-এর সিদ্ধান্তগুলির দিকে দর্শক ও ফুটবল পণ্ডিতদের আলাদা নজর থাকবে। যদিও ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম রেফারিদের নিয়ে চিন্তিত নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তার দল মরক্কোর বিপক্ষে খেলবে, রেফারি তাদের প্রতিপক্ষ নয়।
মরক্কো ও ফ্রান্সের মধ্যকার জয়ী দল আগামী ১৪ জুলাই ডালাসে সেমিফাইনালে স্পেন বনাম বেলজিয়াম ম্যাচে জয়ী দলের সাথে খেলবে।
ফ্রান্স দলের সম্ভাব্য একাদশঃ মাইনান, কোন্ডে, উপামেকানো, সালিবা, ডিনিয়া, কোন, রাবিও, ওলিসে, দেম্বেলে, বারকোলা, এমবাপ্পে। মরক্কোর সম্ভাব্য একাদশঃ বোনো, হাকিমি, দিওপ, হালহাল, মাজরাউয়ি, বুয়াদি, এল আয়নাউয়ি, ব্রাহিম দিয়াজ, ওনাহি, এল খানোস, রাহিমি

রুহুল মাহফুজ জয়
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।