খেলারদেশ

মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল?

মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল?

মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল?

মোহাম্মদ সালাহর আবেদন নাকচ করছেন ম্যাচ রেফারি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় মিশরের বাতিল হওয়া গোলটা। সাবেক প্রিমিয়ার লিগ রেফারি অ্যান্ডি ডেভিসের বিশ্লেষণ অনুযায়ী, ভিএআর-এর হস্তক্ষেপ এবং শেষ পর্যন্ত গোল বাতিল—দুটিই ছিল সঠিক সিদ্ধান্ত।

৬২তম মিনিট: জিকোর দুর্দান্ত গোল, কিন্তু...

Image

মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। আপাতত তাই মনে হচ্ছিল। কিন্তু ভিএআরের হস্তক্ষেপের পর গোলটি বাতিল করে দেন রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার।

কারণ, গোলের আগে একই আক্রমণের ধারাবাহিকতায় মিশরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের জার্সি টেনে ধরার পাশাপাশি তার পায়ের ওপর পা রেখেছিলেন।

Image

ভিএআর কর্মকর্তা জেরোম ব্রিজার্ড বিষয়টি রিভিউয়ের জন্য রেফারিকে মনিটরে ডাকেন। রিপ্লে দেখার পর রেফারি গোল বাতিল করেন। রায় হয়, ভিএআরের সিদ্ধান্তটিই সঠিক। আত্তিয়ার ফাউলের কারণে আর্জেন্টিনা বল হারায় এবং সেই একই আক্রমণ থেকে গোল আসে। তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়াই সঠিক সিদ্ধান্ত।

শেষদিকে মিশরের দুটি পেনাল্টির দাবি

Image

ম্যাচের শেষ মুহূর্তে মিশর দুটি আলাদা পেনাল্টির আবেদন জানায়। প্রথম ঘটনায়, আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যাক-অ্যালিস্টার পেনাল্টি এলাকায় হামদি ফাথির জার্সি ধরেছিলেন বলে অভিযোগ ওঠে। তবে রেফারি খেলা চালিয়ে যেতে বলেন। দ্বিতীয় ঘটনায়, যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ দাবি করেন, আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ তাকে ফাউল করেছেন। এখানেও রেফারি কোনো পেনাল্টি দেননি। ভিএআর উভয় ঘটনাই পর্যালোচনা করে মাঠের সিদ্ধান্ত বহাল রাখে।

Image

কেন পেনাল্টি দেওয়া হয়নি?

অ্যান্ডি ডেভিসের মতে, ম্যাক অ্যালিস্টারের জার্সি ধরা ছিল খুবই সামান্য এবং দীর্ঘস্থায়ী নয়। এতে হামদি ফাথির বল পাওয়ার সক্ষমতায় উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তাই এটি পেনাল্টি দেওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি।

অন্যদিকে, সালাহর ঘটনায় আলভারেজের স্পষ্ট কোনো ফাউলিং অ্যাকশন দেখা যায়নি। দুজনের বুটে-বুটে স্বাভাবিক সংস্পর্শ হয় এবং সালাহ প্রয়োজনের তুলনায় সহজেই মাটিতে পড়ে যান। ফলে এটিও পেনাল্টির পর্যায়ে পড়ে না।

অনেকে এটিকে বাতিল হওয়া মিশরের গোলের আগের ফাউলের সঙ্গে তুলনা করতে পারেন। তবে মূল পার্থক্য হলো, আগের ঘটনায় ডিফেন্ডারের স্পষ্ট ফাউল আক্রমণের গতিপথ বদলে দিয়েছিল। আর সালাহর ঘটনায় সংস্পর্শটি ছিল উভয় খেলোয়াড়ের স্বাভাবিক গতির ফল, স্পষ্ট ফাউল নয়।

চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ফিফা ম্যাচ অফিসিয়ালদের শেষ সিদ্ধান্ত, মিশরের গোল বাতিল করা সঠিক সিদ্ধান্ত, হামদি ফাথির ওপর পেনাল্টি না দেওয়াও সঠিক, এবং সালাহর দাবিও পেনাল্টির পর্যায়ে পড়েনি।

তবে ম্যাচ শেষে মিশর কোচ হোসাম হাসান নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন,

আমি এই ফলাফলে বা ম্যাচের ঘটনাগুলোতে সন্তুষ্ট নই একদমই। সুন্দর শব্দ-বাক্য ব্যবহার করে সেগুলোকে হালকা করতে চাই না। ফলাফলকেও ‘দুর্ভাগ্য’ বলতে চাই না। আমাদের সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট অবিচারের শিকার হয়েছি।

ফক্স স্পোর্টসের বিশ্লেষক রব গ্রিন সম্প্রচার চলাকালেই গোল বাতিলের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য কী দারুণ স্বস্তি! মাঠের ১০০ গজ দূরে কেউ একজন কারও পায়ে পা দিয়েছে, আর সেই কারণে ভিএআরকে খেলায় টানা হলো? আমরা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ভিএআর তার ক্ষমতার সীমানা ছাড়িয়ে গেছে। রেফারি ঘটনাটি দেখেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ মিশরের দুর্দান্ত কাউন্টার-অ্যাটাক থেকে পাওয়া গোলটি কেড়ে নেওয়া হলো।’

সাবেক ফিফা রেফারি ও ফুটবল আইন বিশ্লেষক মার্ক ক্ল্যাটেনবার্গও সিদ্ধান্তটির সঙ্গে একমত নন। তাঁর মতে, ঘটনাটি ফাউলই ছিল না, আর হলেও সেটি ভিএআরের হস্তক্ষেপের পর্যায়ে পড়ে না। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না এটা ফাউল ছিল। আর যদি ধরেও নিই, তবুও এই গোল বাতিল করতে ভিএআরের হস্তক্ষেপ করা উচিত ছিল না। এটি ভিএআরের সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনা নয়।’

ক্ল্যাটেনবার্গ আরও উল্লেখ করেন, এই বিশ্বকাপে রেফারিরা ধারাবাহিকভাবে শারীরিক সংস্পর্শের ক্ষেত্রে খেলাকে চলতে দিচ্ছেন। তাঁর ভাষায়, ‘ফাউল থেকে গোল হওয়া পর্যন্ত প্রায় ১০ সেকেন্ড পার হয়েছিল। এই সময় আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছিল। তাই গোল বাতিলের জন্য এত দূরের ঘটনাকে খুঁটিয়ে দেখা অনেকের কাছেই আর্জেন্টিনার পক্ষে অন্যায্য সুবিধা হিসেবে মনে হবে।’

আটলান্টার এই রোমাঞ্চকর রাতটি একদিক থেকে ‘ভিএআর’ নামক আধুনিক ফুটবল-প্রযুক্তির ব্যবহার আরও একবার প্রকাশ্যে বিতর্কিত করে তুলল যেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।