খেলারদেশ

ব্রাজিল, নরওয়ে, ভিনিসিয়াস, হালান্ড

আজ ভিনিসিয়াস বনাম হালান্ড

ব্রাজিল বনাম নরওয়ে: আজ ভিনিসিয়াস বনাম হালান্ড

আজ ভিনিসিয়াস বনাম হালান্ড

ব্রাজিল বনাম নরওয়ে: আজ ভিনিসিয়াস বনাম হালান্ড

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিশ্বকাপের শেষ ষোলোতে, বাংলাদেশ সময় সোমবার ৬ জুলাই রাত ২টায়, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আসরের অন্যতম ডার্কহর্স নরওয়ে। ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই দুই দলের দুই সুপারস্টার—ভিনিসিয়াস জুনিয়র ও আর্লিং হালান্ড।

তবে এই লড়াই শুধু দুই তারকার নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনেরও। একদিকে কার্লো আনচেলত্তির বল দখলভিত্তিক ব্রাজিল, অন্যদিকে স্তালে সলবাকেনের দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ও সরাসরি আক্রমণে ভরসা করা নরওয়ে।

ব্রাজিলের সামনে অস্বস্তিকর ইতিহাস

১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল নরওয়ে

১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল নরওয়ে

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল নরওয়ে। সব মিলিয়ে, দুই দলের চারটি আন্তর্জাতিক ম্যাচে নরওয়ে জিতেছে দুটি, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

আরও বিস্ময়কর বিষয় হলো, বিশ্বকাপে যেসব দেশের বিপক্ষে ব্রাজিল খেলেছে, তাদের মধ্যে মাত্র তিনটি দেশের বিপক্ষেই তারা এখনো জয়ের মুখ দেখেনি—নরওয়ে সেই বিরল তালিকার একটি।

ম্যাচের আগে চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন,

আমি উদ্বিগ্ন, যেমনটা সব সময়ই থাকি। তবে উদ্বিগ্ন হওয়া আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এক বিষয় নয়। আমি আগাম প্রস্তুতি নিয়েই ভাবি, তাই উদ্বিগ্ন থাকা স্বাভাবিক। কিন্তু আমি আত্মবিশ্বাসী। আমরা আগের চেয়ে উন্নতি করেছি এবং আশা করি আগামীকালও আরও ভালো খেলব।

গ্রুপ 'সি' চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে ব্রাজিল। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় সেলেসাওরা। তবে শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে বেশ ভুগতে হয়। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপ মিশনের স্বপ্ন বাঁচিয়ে রাখে আনচেলত্তির দল।

অন্যদিকে গ্রুপ 'আই'-এ ফ্রান্সের রানার্সআপ হয়ে শেষ ৩২-এ ওঠে নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও, ফ্রান্সের কাছে হারে তারা। পরে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম নকআউট জয় তুলে নেয় স্ক্যান্ডিনেভিয়ানরা।

হালান্ডকে থামানোই ব্রাজিলের সবচেয়ে বড় পরীক্ষা

Image

এই বিশ্বকাপে নরওয়ের ১০ গোলের মধ্যে পাঁচটিই এসেছে আর্লিং হালান্ডের পা থেকে। নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত ফর্মে আছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হালান্ডকে থামাতে হলে পুরো দলকেই একসঙ্গে কাজ করতে হবে। তার মতে, শুধু একজন ডিফেন্ডার দিয়ে হালান্ডকে আটকে রাখা সম্ভব নয়।

হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডারদের তাকে নিয়ে আলাদা করে কিছু বোঝানোর দরকার নেই। তারা আমার চেয়েও তাকে ভালো চেনে, কারণ অনেকবার তার বিপক্ষে খেলেছেন। আমরা ম্যাচের প্রস্তুতিতে তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই বিবেচনায় রেখেছি। হালান্ড অত্যন্ত বিপজ্জনক একজন স্ট্রাইকার।

কার্লো আনচেলত্তি

হালান্ডকে বলই পেতে দেওয়া যাবে না

ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও মনে করেন, হালান্ডকে থামানোর সবচেয়ে ভালো উপায় হলো তাকে বলই না পৌঁছাতে দেওয়া এবং সেট-পিসে বাড়তি সতর্ক থাকা।

রাফিনিয়া খেলতে চায়, সে অনুশীলনও করেছে। এখন কোচ কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার বিষয়। আর হালান্ডের কথা বলতে গেলে, আমি তার বিপক্ষে অনেকবার খেলেছি। আমার কাছে হ্যারি কেইনের সঙ্গে সেও বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। সে অসাধারণ ফুটবলার। তাই আমাদের চেষ্টা থাকবে যেন বল তার কাছে না পৌঁছায়। আমরা আক্রমণ করব, কিন্তু সব সময় একজন খেলোয়াড়কে তার সঙ্গে লেগে থাকতে হবে। কারণ আমরা জানি, মাত্র একটি সুযোগ পেলেই সে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আগামীকাল তাকে সেই সুযোগ দেওয়া যাবে না।

ব্রুনো গিমারায়েস

ব্রুনো আরো বলেন, 'আমার মনে হয় ম্যাচটি খুবই কঠিন ও রুদ্ধশ্বাস হবে। তারা নিজেদের শক্তির জায়গাগুলো কাজে লাগাবে। কর্নার বা ফ্রি-কিক পেলেই তারা সর্বস্ব দিয়ে গোল করার চেষ্টা করবে। পুরো সপ্তাহজুড়ে আমরা তাদের এসব শক্তি কীভাবে নিষ্ক্রিয় করা যায়, তা নিয়েই অনুশীলন করেছি। তারা যথেষ্ট মানসম্পন্ন দল। তাই কঠিন ম্যাচেরই প্রত্যাশা করছি। তবে আমরা আশা করি নিজেদের সেরা ফুটবল খেলতে পারব এবং শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করব।'

ব্রাজিলের ভরসা ভিনিসিয়াস

Image

অন্যদিকে ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা ভিনিসিয়াস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করে তিনি ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই কীর্তি গড়েছেন। উল্লেখযোগ্যভাবে, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

দলে ফিরছেন রাফিনিয়া, তবে...

Image

রাফিনিয়ার অবস্থার উন্নতি হচ্ছে। এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার মতো অবস্থায় আছেন এবং প্রয়োজনে কিছু সময় খেলতেও পারবেন। রাফিনিয়া খুব দ্রুত ও ভালোভাবে সেরে উঠেছেন। এতে আমরা খুব খুশি, কারণ রাফিনিয়া আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।

কার্লো আনচেলত্তি

ব্রাজিল ঘাঁটিতে স্বস্তির খবর, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে রাফিনিয়া দলে ফিরেছেন। তবে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম। বদলি হিসেবে নামতে পারেন বার্সেলোনা উইঙ্গার। অন্যদিকে লুকাস পাকেতা চোটের কারণে ছিটকে গেছেন, আর কাসেমিরোর ফিটনেস নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে। তবে নেইমার পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন আনচেলত্তি।

লুকাস পাকেতার মানের আর কোনো খেলোয়াড় আমাদের দলে নেই। তাই তার জায়গায় অন্য ধরনের একজন খেলোয়াড়কে খেলাতে হবে। দানিলো, গ্যাব্রিয়েল, মাতেউস কুনিয়া কিংবা এডারসনের খেলার ধরন একে অপরের থেকে আলাদা। আমাদের ম্যাচ পরিকল্পনার সঙ্গে সবচেয়ে মানানসই খেলোয়াড়কেই আমি বেছে নেব। অবশ্যই প্রতিপক্ষের শক্তিকেও বিবেচনায় রাখতে হবে, কারণ সেটিও খুব গুরুত্বপূর্ণ।

কার্লো আনচেলত্তি

নরওয়ের দলে বড় কোনো চোটের সমস্যা নেই। শুধু ডিফেন্ডার জুলিয়ান রিয়ারসনের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সুপারকম্পিউটারের মতে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ।

এই ম্যাচের বিজয়ী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর। তাই শেষ ষোলোর এই লড়াইটি শুধু দুটি দলের জন্যই নয়, পুরো টুর্নামেন্টের গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।