খেলারদেশ

কঠিন জয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ফিফা বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ এচিভমেন্ট হলো রাউন্ড অব ১৬ (শেষ ষোলো) পর্যন্ত পৌঁছানো। অন্যদিকে, ব্রাজিল নক আউট রাউন্ডের প্রথম ম্যাচে বাদ পড়ে ১৯৯০ সালে। এরপর টানা তিনবার ফাইনাল খেলে--১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জেতে, ১৯৯৮ সালে রানার্স-আপ হয়। ২০১৪ সালে সেমিফাইনালে উঠলেও বাকি আসরগুলোতে কমপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলেছে।

কঠিন জয়ে শেষ ষোলোতে ব্রাজিল
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ও আকর্ষণীয় ম্যাচগুলোর একটি ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার পরাশক্তি জাপান।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মাঠে নামে দুই দল। ১-০ গোলে প্রথমার্ধে পিছিয়ে পড়েও কাসেমিরো এবং মার্টিনেল্লির অসাধারণ দুই গোলে অসাধারণ কামব্যাকে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে, শেষ ষোলোতে উঠে গেল ব্রাজিল।

ম্যাচের শুরুতে, কার্লো আনচেলত্তির ব্রাজিল অপরিবর্তিত স্কোয়াড নিয়্‌ ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামে। আর ৩-৪-৩ ফর্মেশনে জাপানের স্কোয়াডে দেখা যায় বেশ কিছু পরিবর্তন।

সেলেসাও দলে আজও বেঞ্চে ছিলেন হ্যামস্ট্রিং চোটে থাকা রাফিনিয়া। সামুরাই ব্লুরাও মাঠে নেমেছিল তারকা খেলোয়াড় তাকেফুসা কুবোকে ছাড়া।

শেষ ষোলতে ব্রাজিল

শেষ ষোলতে ব্রাজিল

২য় মিনিটেই ব্রুনো গিমারায়েসের শট ডিফ্লেক্টেড হবার মধ্য দিয়ে ব্রাজিল প্রথম থেকেই জাপানের উপর চাপ তৈরি করতে থাকে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ব্রাজিল ৭৪% পজেশন ধরে রেখে আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। যদিও ব্রাজিলের ধীরগতির বিল্ড আপ ও কৌশলগত আক্রমণগুলো জাপানের কম্প্যাক্ট রক্ষণভাগ দক্ষতার সঙ্গেই সামলে নেয়।

অন্যদিকে, ১২ মিনিটে হলুদ কার্ড দেখা কাইশু সানো ২৯ মিনিটে, দানিলোর রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান; ট্রানজিশনে ক্ষিপ্র গতিতে দূরপাল্লার শটে জাপানের জন্য প্রথম গোল এনে দেন তিনি।

শট অন টার্গেটে ১টির ১টিতেই সফল হয় সামুরাই ব্লুরা। অপরদিকে, প্রথমার্ধে ব্রাজিল ৮টি শটের একটিতেও জালের দেখা পায়নি।

জাপানের প্রথম গোল উদযাপন

জাপানের প্রথম গোল উদযাপন

উল্লেখ্য, ব্রাজিলের না জেতা বিগত ৬টি ম্যাচের মধ্যে ৫টিতেই প্রথমে গোল হজম করেছিল। ফলে চিন্তার ভাঁজ লক্ষ্য করা যায় ব্রাজিলের ডাগআউটে।

জাপানের একমাত্র গোলদাতা কাইশু সানো

জাপানের একমাত্র গোলদাতা কাইশু সানো

প্রথমার্ধে ১-০ গোলে জাপান এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে। লুকাস পাকেতা প্রথম থেকেই চোটে ভুগছিলেন। দ্বিতীয়ার্ধে তাঁর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামে ১৯ বছর বয়সী এন্ড্রিক।

৫১ মিনিটে ব্রুনোর দুর্দান্ত হেডার ফিরিয়ে দেন জাপানি গোলরক্ষক সুজুকি। ৫৩ মিনিটে আবার সুযোগ আসে ব্রুনোর মাধ্যমেই। কিন্তু তাও প্রতিহত করে জাপানের রক্ষণভাগ। শেষমেশ ৫৬ মিনিটে গ্যাব্রিয়েলের বাড়ানো ক্রসে জালের দেখা পায় ব্রাজিল, জাপানের রক্ষণদূর্গ ভাঙতে সক্ষম হয় কাসেমিরোর হেডশট।

কাসেমিরো

কাসেমিরো

এর পরই যেন ব্রাজিল ম্যাচে ফেরে নতুন উদ্যমে। ভিনির নৈপুণ্যও ডানা মেলতে থাকে, গোলের দেখা না পেলেও অসাধারণ কয়েকটি গোলের সুযোগ তিনি তৈরি করেন। জাপানও ট্রানজিশন ফেইজের সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পরিকল্পনামাফিক খেলতে থাকে। ৯০ মিনিটে কাসেমিরো গ্রোইন চোটে মাঠ ছাড়েন, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ফ্যাবিনিও।

ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ হওয়া অতিরিক্ত ৬ মিনিটের মাত্র মিনিটখানেক আগে ব্রুনো গিমারায়েসের দুর্দান্ত পাস থেকে জাপানের কফিনে জয়সূচক শেষ পেরেকটি ঠোকেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। শেষ বাঁশি বাজার আগেই হাসি ফুটে ওঠে ব্রাজিলভক্তদের মুখে। শেষমেশ ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে কিংবা আইভরি কোস্ট।

গ্যাব্রিয়েল মার্টিনেল্লি

গ্যাব্রিয়েল মার্টিনেল্লি

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপে জাপানের সর্বোচ্চ এচিভমেন্ট হলো রাউন্ড অব ১৬ (শেষ ষোলো) পর্যন্ত পৌঁছানো। তারা এখন পর্যন্ত মোট চারবার—২০০২ (সহ-আয়োজক হিসেবে), ২০১০, ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে এই গৌরব অর্জন করেছে। তবে কখনও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। কিন্তু এবারের জাপান ছিল আগের চেয়ে অনেক শক্তিশালী। বিশ্বকাপ শিরোপা জয়ের আশা নিয়েই এবার তারা অংশ নিচ্ছেন বলে স্পষ্ট জানিয়েছিলেন হাজিমে মোরিয়াসু। যদিও এবারের যাত্রা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হেরেই শেষ করতে হলো।

অন্যদিকে, ব্রাজিল নক আউট মিশনের ২য় রাউন্ডে শেষবার বাদ পড়েছিল ১৯৯০ সালে। এরপর টানা তিনবার ফাইনাল খেলে;—১৯৯৪ ও ২০০২ সালে বিশ্বকাপ জেতে, ১৯৯৮ সালে রানার্স-আপ হয়; ২০১৪ সালে সেমিফাইনালে ওঠে, এবং বাকি আসরগুলোতে কোয়ার্টার ফাইনাল খেলেছে। এবারও তার ব্যতিক্রম আপাতত হয়নি।

একদিকে জাপান যেমন ইতিহাস গড়তে মরিয়া ছিল, অন্যদিকে ব্রাজিল ছিল তাদের ধারাবাহিকতা বজায় রাখতে তৎপর—এবং এতে তারাই শেষমেশ সফল হলো।

ব্রাজিল ভক্তদের একাংশ

ব্রাজিল ভক্তদের একাংশ

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।