খেলারদেশ

নারী টি২০ বিশ্বকাপ ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় টি২০ বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের

ব্যাটারদের ব্যর্থতায় নারী টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় টি২০ বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের

লরা ভলভার্টের উইকেট নিয়ে মারুফার উল্লাস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

আবারও ব্যাটিং ব্যর্থতার কারণে ডুবলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ক্রিকেটতীর্থ লর্ডসে নিজেদের অভিষেক ও এবারের নারী টি২০ বিশ্বকাপের শেষটা রাঙিয়ে নিতে পারতো বাংলাদেশ। কিন্তু সাউথ আফ্রিকার বোলারদের বিপক্ষে ব্যাটাররা সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ হাতছাড়া হয়েছে ব্যাটারদের কারণে, এবারও ঘটলো একই ঘটনা।

টস জিতে লন্ডনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে মারিজান কাপের করা ইনিংসের প্রথম বলেই বোল্ড হন প্রথম জুয়াইরিয়া ফেরদৌস। আরেক ওপেনার তাজ নেহার ১২ বল খেলে মাত্র ১ রান করে ফেরেন শাবনিম ইসমাইলের বলে।

ইনিংসের প্রথম বলেই বোল্ড হন জুয়াইরিয়া

ইনিংসের প্রথম বলেই বোল্ড হন জুয়াইরিয়া

চতুর্থ ওভারে ১৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও শারমিন সুপ্তা। তৃতীয় উইকেটে এ দুজন ৫৬ রান যোগ করলেও রান তোলার গতি ছিলো ধীর, এই রান তুলতে তারা খেলেছেন ৬২ বল।

সোবহানা দলের সর্বোচ্চ স্কোরার। তিনি ৪২ রান করতে খেলেছেন ৪৮ বল, বাউন্ডারি মেরেছেন মাত্র তিনটি আর ছক্কা একটি। মাত্র এক চারে ২২ রান তুলতে সুপ্তা খেলেছেন ২৯ বল।

শেষ দিকে অধিনায়ক জ্যোতি কিছুটা দ্রুত গতিতে রান তুললেও ২০ ওভারে ১১৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। চারটি চার ও এক ছক্কায় ২০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন জ্যোতি।

ভারতের বিপক্ষে আগের ম্যাচে স্বল্প পুঁজি নিয়েও লড়েছিলেন বোলাররা। সাউথ আফ্রিকার বিপক্ষেও দেখা গেলো একই চিত্র, এবার সংগ্রহটা আরও কম।

সাউথ আফ্রিকার ইনিংসের প্রথম বলেই তারকা ব্যাটার ও দলের অধিনায়ক লরা ভোলভার্টকে বোল্ড করেন মারুফা আক্তার। দ্বিতীয় উইকেটে তাজমিন ব্রিটস ও এনেরিয়ে ডার্কসেন ৫২ রান তুললেও টাইগ্রেস বোলাররা ছিলেন কৃপণ।

বোলার-ফিল্ডারদের অসাধারণ পারফরম্যান্স ঢেকে গেছে ব্যাটারদের অনুজ্জ্বলতায়

বোলার-ফিল্ডারদের অসাধারণ পারফরম্যান্স ঢেকে গেছে ব্যাটারদের অনুজ্জ্বলতায়

ডার্কসেন ৪৫ রান করে বর্ষীয়ান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের বলে ক্যাচ দিয়ে আউট হবার পর অন্য প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরে। কিন্তু তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিলো না।

জেতার জন্য জিততে মাত্র তিন রান ডিফেন্ড করতে হতো মারুফাকে। কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় ৫ রান ওভারের প্রথম দুই বলেই তুলে ফেলেন ক্লোয়ি ট্রিয়ন। চার উইকেটে হেরে যায় বাংলাদেশ।

৯ রানে ১ উইকেট ও ১৬ রান করে জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সাউথ আফ্রিকান অলরাউন্ডার মারিজান কাপ।

পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচ জিতে নারী টি২০ বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা। দুই জয়ে গ্রুপ এ-তে ৬ দলের মধ্যে ৪র্থ হয়েছে কোচ সারোয়ার ইমরানের দল। অথচ ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটাররা আরেকটু ভালো করলে সেমিফাইনাল খেলাও অসম্ভব ছিলো না বাংলাদেশের জন্য।

লর্ডসেই দিনের পরের ম্যাচে ইন্ডিয়া নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। গ্রুপ এ থেকে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। অন্য গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।

৫ ইনিংসে ১২৭ রান করে এবারের টি২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের সবচেয়ে সফল ব্যাটার অধিনায়ক জ্যোতি, আর ৬ উইকেট নিয়ে সফলতম বোলার নাহিদা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।