খেলারদেশ

বাংলাদেশ ক্রিকেট দল

প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট বাংলাদেশ, জিম্বাবুয়ে দিন শেষ করেছে ১ উইকেটে ১৩৪ রান তুলে।

প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ

বাংলাদেশের ব্যাটারকে আউট করে জিম্বাবুয়ে দলের উদযাপন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

হারারেতে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনেই স্বাগতিক জিম্বাবুয়ের দাপটে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। এ বছর টেস্ট ক্রিকেটে দুর্দান্ত খেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ নম্বরে উঠে যাওয়া টাইগার দলকে বেশ বড় ধাক্কাই দিয়েছে এই ফরম্যাটে অনিয়মিত জিম্বাবুয়ের ব্যাটার-বোলাররা।

টস জিতে নিজেদের পরিচিত কন্ডিশনে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয় উইকেটকিপার-ব্যাটার অমিত হাসান ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের। বিশ্রাম দেওয়া হয় লিটন দাসকে। আগের টেস্ট থেকে বাদ পড়েন ওপেনার তানজিদ তামিম।

জিম্বাবুয়ের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুমিনুল হক ছাড়া সুবিধা করতে পারেননি আর কোনো টাইগার ব্যাটার। একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ২৮তম টেস্ট ফিফটি তুলে ৬০ রান করে নিয়াম্বুরির শিকার হন মুমিনুল।

ফিফটির পর মুমিনুল হক

ফিফটির পর মুমিনুল হক

ক্রিজে থিতু হয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, কিন্তু ইনিংস বড়ো করতে পারেননি। সাদমান ২০ ও শান্ত ১৯ রান করে ইভান্সের বলে ক্যাচ দিয়ে আউট হন। আর কোনো ব্যাটারই দুই অঙ্কের রানের কোটায় পৌঁছাতে পারেননি। দুই অভিষিক্ত ব্যাটার তাওহিদ হৃদয় ও অমিত হাসান প্যাভিলিয়নে ফেরেন যথাক্রমে ৩ ও ৪ রান করে।

বাংলাদেশ দলের প্রথম ইনিংস মাত্র ১৪০ রানে গুটিয়ে যায়। ৬১ রানে চার উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের ২০ বছর বয়সী বাঁহাতি পেসার নিউম্যান নিয়াম্বুরি। দুটি করে উইকেট রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র‍্যাড ইভান্সের।

চার উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের নিউম্যান নিয়াম্বুরি

চার উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের নিউম্যান নিয়াম্বুরি

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও হতাশার দিন কেটেছে টাইগারদের। ক্রিজে দাপট দেখাচ্ছেন স্বাগতিক ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ৮৯ রান তুলে নিজেদের দলের ওপর থেকে চাপ একেবারেই সরিয়ে ফেলেন দুই জিম্বাবুইয়ান ওপেনার ইনোসেন্ট কাইয়া ও বেন কারেন। ব্যক্তিগত ৪২ রানে কারেন খালেদের শিকার হলেও ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত আছেন কাইয়া। ৩৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের চেয়ে প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে জিম্বাবুয়েকে। দ্বিতীয় দিন সকালে দ্রুত উইকেট তুলে জিম্বাবুয়ের লিড যথাসম্ভব কম না রাখতে না পারলে ম্যাচ থেকে ছিটকে যাবে বাংলাদেশ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।