সহজ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচটিতে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭৬ মিনিটে ৩৮০ দিন পর অবশেষে মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

ব্রাজিল বনাম স্কটল্যান্ডে ম্যাচে সেলেকাওদের জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। ফলে ১৯৮২ থেকে প্রতিবার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হলো।
ম্যাচটিতে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন ভিনিসিয়াস জুনিয়র।
ম্যাচের সপ্তম মিনিটেই, ইঞ্জুরিতে থাকা রাফিনিয়ার বদলে মাঠে নামা ১৯ বছর বয়সী রাইট উইঙ্গার রায়ানের প্রেসে পরাস্ত স্কট ম্যাককেনার রক্ষণভাগের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র।

ভিনি জুনিয়রের প্রথম গোল
২২তম মিনিটে আবারও বল জালে পাঠিয়েছিলেন রিয়াল মাদ্রিদের উইংগার সুপারস্টার। তবে ভিএআর পর্যালোচনার পর জ্যাক হেন্ড্রিকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়। গোলটি বাতিল করা নিয়ে সমালোচনার তৈরি হয় টিভি আলোচক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে।

ভিনি জুনিয়রের বিতর্কিতভাবে বাতিল হওয়া গোলের আগে
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গিমারেসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। এর ফলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেকাওরা।

ভিনি জুনিয়রের দ্বিতীয় গোল
এতে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করে রেকর্ড বইতে জোয়ার্জিনিয়ো, রোমারিও, রোনালদো, রিভালদোর পাশে নাম লেখান ভিনিসিয়াস জুনিয়র। পরিসংখ্যানের হিসাবে দুই বিশ্বকাপে ৭ ম্যাচ খেলা ভিনির গোলসংখ্যা ৮টি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ব্রুনো গিমারায়েসের নিখুঁত পাস থেকে গোল করে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোলের দেখা পান ম্যাথিউস কুনিয়া। ৭৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ; ভক্তদের চোখ জুড়িয়ে দিয়ে ৩৮০ দিন পর অবশেষে মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।

৩৮০ দিন পর মাঠে নেইমার জুনিয়র
৬২ মিনিটে আসরের দ্বিতীয় হলুদ কার্ড পান ব্রাজিলীয় রাইট-ব্যাক দানিলো। ফলে তাঁকে নক-আউট পর্বের প্রথম ম্যাচ খেলতে পারবেন না।
কিন্তু আশার ব্যাপার হচ্ছে, দলের প্রাণভোমরা নেইমার দীর্ঘদিন পর ইঞ্জুরি থেকে ফিরলেও সহজাত ভঙ্গিতেই খেলেছেন। অল্প সময়ের জন্য নামলেও ৩টি ভালো সুযোগ তৈরি দেন, নিজেও অন টার্গেট শট নেন একটি।
ব্রুনো গিমারেস, পাকেতার পাশাপাশি এন্ড্রিকও (৮২') দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং রায়ানের দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের।
অন্যদিকে, স্কটল্যান্ড মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে ব্রাজিল সীমানায় কিছুটা চাপ তৈরি করতে সক্ষম হন, তাঁর দুটো বিপদজনক হেডশট ঠেকাতে হয় অ্যালিসনকে। তবে শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাথিউস কুনিয়ার তৃতীয় গোলের পর সেলেব্রেশন
এই জয়ের ফলে গ্রুপ সি’র শীর্ষস্থান নিশ্চিত করলো ব্রাজিল। অন্যদিকে সমান পয়েন্ট (৭) নিয়ে মরক্কো গোল ব্যবধানে (৩) পিছিয়ে থাকায় গ্রুপ রানার-আপ হয়।
উল্লেখ্য যে, বিশ্বকাপ ইতিহাসে সেলেকাওরা প্রথম রাউন্ডে মাত্র ৫টি ম্যাচ হেরেছে। এবার চ্যাম্পিয়ন হবার তকমা নিয়ে না এলেও, যতই ম্যাচ আগাচ্ছে, আনচেলত্তির দল ততই ধারালো হয়ে উঠতে দেখা যাচ্ছে। এছাড়া, অ্যালিসনের ক্লিন শিট রাখাও দলটির জন্য ভালো ইঙ্গিত।
ব্রাজিল রাউন্ড অব ৩২-এ ২৯ জুন হিউস্টনে গ্রুপ কে-এর রানার-আপ দলের মুখোমুখি হবে।
এদিকে জোড়া গোলের সুবাদে টুর্নামেন্টে নিজের মোট চার গোল নিয়ে ভিনিসিয়াস জুনিয়র দলের সর্বোচ্চ গোলদাতা এখন, যা তাকে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রেখেছে।

রনক জামান
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।