খেলারদেশ

সহজ জয় ব্রাজিলের

সহজ জয় ব্রাজিলের

ব্রাজিলের জয়ে একটি গোল ও একটি এসিস্ট করে ম্যাচসেরা হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

Eliaus komol
By Eliaus komol20 Jun 2026, 05:27 (১ দিন আগে)

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ব্রাজিল ও হাইতি দুই দলই দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। ১২ মিনিটে প্রথম জাল খুঁজে পায় ব্রাজিল। অফসাইডের কারণে রাফিনিয়ার উল্লাস হতাশায় রূপ নেয়। তবে হাইড্রশন ব্রেকের আগ পর্যন্ত সেলেকাওরা ছিলো ছন্নছাড়া, এলোমেলো। মাঝমাঠে খেলা গড়ে উঠছিলো না। ডিফেন্ডাররা সামান্য বিল্ডাপ করে আক্রমণভাগে লম্বা পাস দিচ্ছিলেন।

ব্রাজিল এগিয়ে যায় তেইশ মিনিটে, কুনিয়ার গোলে। এই গোলের কারিগর কুনিয়া নিজেই। মাঝমাঠে হাইতির খেলোয়াড়ের কাছ থেকে বল কেঁড়ে নিয়ে ভিনিকে পাস বাড়িয়ে নিজেও উপরে ওঠেন। ফাইনাল থার্ডে ভিনির ডিফেন্স চেড়া পাসে বল জালে পাঠান কুনিয়া।

৩৬ মিনিটে আবারও কুনিয়ার গোল। এই গোলের মূল কারিগর লুকাস পাকেতা। অসাধারণ এক ট্যাকলে বল রিকভার করে সামনে থাকা ভিনিকে পাস দেন। ডিবক্সের দিকে এগিয়ে যাওয়া কুনিয়াকে খুঁজে পেতে তার একটুও অসুবিধা হয়নি। বুলেট গতির শটে স্কোর ২-০ করেন কুনিয়া।

বিরতির আগেই পাকেতার লং পাসে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করে ফেলেন ভিনি জুনিয়র।

বিরতির পর ফরম্যাশন বদলে ৫-৪-১ করে ফেলে হাইতি। তাতে দলটির রক্ষণ দৃঢ়তা বাড়ে, কিন্তু আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল। খেলার ধারার বিপরীতে ৬৩ মিনিটে কর্নার থেকে এক গোল প্রায় শোধ করেই দিয়েছিল হাইতি, কিন্তু এলিসন আর দানিলোর অসাধারণ ডিফেন্ডিং-এ গোলবঞ্চিত হয় তারা। পরের মিনিটেই বিশ্বকাপ অভিষেক হয় ১৮ বয়সী সেনসেশন, স্ট্রাইকার এন্দ্রিকের; পাকেতার বদলি হিসাবে তাকে নামান কোচ কার্লো আনচেলত্তি।

আরেক টিনেজার রায়ানের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বিশ্বকাপ অভিষেকটা প্রায় রাঙিয়েই ফেলেছিলেন এন্দ্রিক। কিন্তু অল্পের জন্য অফসাইডের ফাঁদ এড়াতে পারেননি। ব্রাজিলও আর গোল পায়নি। উল্টো যোগ করা সময়ে এলিসনের দৃঢ়তায় ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পাওয়ায় সমর্থকদের কিছুটা আফসোস রয়ে গেলো বৈকি!

এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি'র শীর্ষে ব্রাজিল। স্কটল্যান্ডকে ১-০ গোলে হারানো মরক্কো সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আছে দ্বিতীয় স্থানে। তিন পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে তিনে, তাদের পরের ম্যাচ ব্রাজিলের বিপক্ষে। আর প্রথম দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো হাইতির।

জিতলেও খুব স্বস্তিতে নেই ব্রাজিল। কারণ রাফিনিয়ার ইঞ্জুরি বড়ো ধাক্কা হয়ে এসেছে। ৪১ মিনিটে মাঠ ছাড়া বার্সেলোনা উইঙ্গারের বিশ্বকাপই শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

Advertisement
Eliaus komol

Eliaus komol

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।