এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব
বাংলাদেশের দায়িত্বে জেরার্ড জোন্সই
জোন্সের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পরই তৈরি হয় নানা আলোচনা।

অনূর্ধ্ব-২০ ফুটবলারদের অনুশীলনে জেরার্ড জোন্স।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের দায়িত্বে জেরার্ড জোন্সই থাকছেন। এমনটাই জানিয়েছে বাফুফের একাধিক সূত্র। ইংলিশ এই কোচকে তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছিল, এক ভিডিও বার্তায় সেটি সরাসরি নাকচ করেছেন জেরার্ড জোন্স।
জোন্সের বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পরই তৈরি হয় নানা আলোচনা। এর আগে অনূর্ধ্ব-২০ দলের টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। ঘটনাটি নিয়ে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তদন্তও শুরু করেছে।
তবে বরখাস্তের খবরকে ‘ভুল বা মিথ্যা’ তথ্য হিসেবে অভিহিত করেছেন জোন্স। নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ফেডারেশন থেকে তাঁকে বরখাস্ত করার বিষয়ে কিছুই জানানো হয়নি। তাঁর দাবি, এসব খবর দলের মধ্যে বিভাজন তৈরি করছে। এর আগে জোন্সকে ঘিরে আরও কিছু বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর বেতন না পাওয়া ও নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি। পরে সহকারী কোচের সঙ্গে বিরোধের ঘটনাও প্রকাশ্যে আসে। এসব ঘটনায় বাফুফের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছিল।
তবে মাঠের লড়াইয়ের আগে আপাতত জোন্সের নেতৃত্বেই এগোচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গত জুনে দুই বছরের চুক্তিতে বাফুফের যুব ও উন্নয়ন বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান এই ইংলিশ কোচ। তাঁর প্রথম বড় দায়িত্বই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য প্রস্তুত করা।
এবারের বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য তিন দল স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। তাশখন্দে ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে গ্রুপের ম্যাচগুলো।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপের লড়াইয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা সাত রানার্সআপ দলও এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেবে।
এদিকে বাংলাদেশ দলের উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে জোন্সকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা দলের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। বাফুফে আগে নির্ধারিত সংবাদ সম্মেলনও শেষ মুহূর্তে স্থগিত করেছিল। তবে জোন্সের নিজের বক্তব্য অনুযায়ী, তিনি এখনো দলের প্রধান কোচ এবং এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিতেই আছেন।
তাই সবশেষ অবস্থায়, জোন্সকে বরখাস্ত করার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত উজবেকিস্তানের মাটিতে বাংলাদেশের ডাগআউটে এই ইংলিশ কোচকেই দেখা যাওয়ার কথা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
দেশের ফুটবলভারতের কাছে হেরেই বিদায় নিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলসিরিয়ার কাছেও হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবলউজবেকিস্তানের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০
দেশের ফুটবললেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী
দেশের ফুটবলসেরাদের নিয়েই নারী ফুটবল দল ঘোষণা
দেশের ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।