খেলারদেশ

হামজা চৌধুরী

লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

অবশেষে লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে ফিরলেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে হামজাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরী

হামজা চৌধুরী

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অবশেষে লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে ফিরলেন বাংলাদেশের জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে হামজাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে হামজার সম্পর্ক অবশ্য নতুন না। গত মৌসুমে ধারে ব্রামল লেনে খেলেছিলেন তিনি। সেই সময় দলের সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল তার। এবার স্থায়ীভাবেই সেই ঠিকানায় ফিরলেন বাংলাদেশের এই তারকা। শেফিল্ডে ফিরে উচ্ছ্বসিত হামজা। ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুবই আনন্দিত। এখানে আগেরবার সময়টা দারুণ উপভোগ করেছিলাম। তাই দলবদলটি শেষ করতে পেরে সত্যিই ভালো লাগছে।”

Image

কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন হামজা। ওয়াটফোর্ডে অল্প সময়ের জন্য ওয়াইল্ডারের সঙ্গে কাজ করার পর শেফিল্ডে আবারও তার অধীনে খেলেছেন তিনি। সেই সম্পর্কই এবারও হামজাকে ক্লাবটিতে ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। “আমি অল্প সময় ওয়াটফোর্ডে তার সঙ্গে কাজ করেছি। এরপর এখানে আগের সময়টাতেও তার অধীনে খেলেছি। আমরা সবসময় যোগাযোগ রেখেছি। তার অধীনে খেলতে আমার সত্যিই ভালো লাগে,” বলেন হামজা।

লেস্টার সিটিতে প্রায় দুই দশক কাটিয়েছেন হামজা। ক্লাবটির একাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নেওয়া এই মিডফিল্ডারের জন্য তাই নতুন ক্লাবে যাওয়া বড় একটি পরিবর্তন। “আমার জন্য এটা বড় পরিবর্তন। প্রায় ২০ বছর লেস্টারে ছিলাম। আমার ও পরিবারের জন্য এটি নতুন একটা অধ্যায়। তবে সামনে কী অপেক্ষা করছে, সেটা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি এখানে আমাদের দারুণ এক মৌসুম কাটবে,” বলেন তিনি।

Image

শেফিল্ড ইউনাইটেডের সতীর্থদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি হামজার। আগের দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে গত এক থেকে দেড় বছর নিয়মিত যোগাযোগ ছিল তার। “আমি সব ছেলেদের সঙ্গেই যোগাযোগ রেখেছি। এখানে যখন ছিলাম, আমাদের খুব ভালো একটা দল ছিল। গত এক থেকে দেড় বছরও আমরা যোগাযোগ রেখেছি। পরিচিত মুখগুলো আবার দেখতে পেরে ভালো লাগছে,” বলেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

হামজাকে দলে পাওয়ার আনন্দের মাঝেই অবশ্য নিজেদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। নতুন চ্যাম্পিয়নশিপ মৌসুমে এখনো জয় পায়নি দলটি। প্রথম তিন ম্যাচেই ড্র করেছে তারা। সপ্তাহান্তে কার্ডিফ সিটির বিপক্ষেও কোনোমতে এক পয়েন্ট নিয়ে ফিরেছে শেফিল্ড। ম্যাচে টম ক্যানন ও ক্যালাম ও'হেয়ার গোল করলেও ওয়াইল্ডার স্বীকার করেছেন, প্রতিপক্ষই বেশির ভাগ সময় ভালো খেলেছে। “আমরা কিছু সময় ভাগ্যের সহায়তা পেয়েছি এবং তারাই ভালো দল ছিল,” ম্যাচ শেষে বলেন ওয়াইল্ডার।

Image

তবে এর আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে ফলাফল নিয়ে হতাশ নন তিনি। ওয়াইল্ডারের মতে, চ্যাম্পিয়নশিপে কখনো কখনো ভালো না খেলেও পয়েন্ট নিয়ে ফিরতে হয়। “আমি দীর্ঘদিন ধরে চ্যাম্পিয়নশিপে আছি। এমন ফল নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। অনেক সময় আমরা ভালো খেলেও প্রাপ্য ফল পাইনি। এটাই ফুটবল,” বলেন তিনি। শেফিল্ড ইউনাইটেড এখনো অপরাজিত থাকলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ওয়াইল্ডার। তার লক্ষ্য দ্রুত দলকে আরও ধারাবাহিক করে তোলা।

“আমরা এখনো অপরাজিত, এটা অবশ্যই ভালো। কিন্তু নিজেদের পারফরম্যান্স নিয়ে আমি নিজেকে বোকা বানাচ্ছি না। আমরা জানি, আমাদের আরও কাজ করতে হবে। ধারাবাহিকতা খুঁজে বের করতে হবে,” বলেন তিনি।

এমন পরিস্থিতিতেই শেফিল্ড ইউনাইটেডে নতুন করে যোগ দিলেন হামজা চৌধুরী। পরিচিত কোচ, পরিচিত সতীর্থ এবং পরিচিত পরিবেশ, সব মিলিয়ে বাংলাদেশের এই মিডফিল্ডারের জন্য নতুন মৌসুমে নিজের প্রভাব রাখার ভালো সুযোগ তৈরি হয়েছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।