খেলারদেশ

এমবাপ্পে-ওলিসের রেকর্ডের রাতে তৃতীয় ইংল্যান্ড

দশ গোলের থ্রিলার জিতে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করলো ইংল্যান্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারায় ইংরেজরা; হ্যাটট্রিক করেছেন বুকায়ো সাকা। গোল ও অ্যাসিস্টের রেকর্ড গড়েও পরাজিত দলে কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিসে।

এমবাপ্পে-ওলিসের রেকর্ডের রাতে তৃতীয় ইংল্যান্ড

তৃতীয় হওয়া বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের দ্বিতীয় সেরা সাফল্য

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রেকর্ড, রোমাঞ্চ, গোলবন্যা আর পাল্টাপাল্টি আক্রমণে ভরা ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। একই রাতে লিওনেল মেসির রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নতুন করে গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি এমবাপ্পের প্রথম গোলে এসিস্ট করে নিজেও এক বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি অ্যাসিস্টের রেকর্ড করেছেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।

তুলনামূলক কম আগ্রহের ও কম প্রত্যাশার ম্যাচে শুরু থেকেই দাপট দেখানো ইংলিশরা প্রথমার্ধেই ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায়। যদিও বিরতির পর কিলিয়ান এমবাপ্পেকে সামনে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা চালায় ফ্রান্স, শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।

ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই দূরপাল্লার শটে ইংল্যান্ডকে এগিয়ে দেন ডেকলান রাইস। ১৮ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। এরপর ৩৭ মিনিটে বুকায়ো সাকার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন সাকা, ফলে বিরতিতে যাওয়ার আগেই ইংল্যান্ডের লিড দাঁড়ায় ৪-০।

২২ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

২২ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

দ্বিতীয়ার্ধে একেবারেই বদলে যাওয়া ফ্রান্স আক্রমণের ঝড় তোলে। ৪৮ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তাঁর। মেসির ২১ গোলের রেকর্ড টপকে ২২ গোলের নতুন রেকর্ড গড়লেন এমবাপ্পে। এর আগে ফ্রান্সের প্রথম গোলে এমবাপ্পেকে অ্যাসিস্ট করে এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের পেলের রেকর্ড অতিক্রম করেছেন এই ফরাসি তারকা। একই সঙ্গে এবারের বিশ্বকাপে দশ গোল করে গোল্ডেন বুট প্রায় নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মাইকেল ওলিসে

এক বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন মাইকেল ওলিসে

৫৪ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলেও ম্যাচে ফেরার আশা জাগে ফরাসিদের। তবে ৮৭ মিনিটে জেড স্পেন্স ফাউলের শিকার হলে পাওয়া পেনাল্টি থেকে সাকা নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে আবারও স্বস্তি এনে দেন। ম্যাচের শেষদিকে নাটকীয়তা আরও বাড়ে। ৯৬ মিনিটে উসমান দেম্বেলের গোল ব্যবধান কমালেও যোগ করা সময়ের অষ্টম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে জুড বেলিংহামের গোল ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৬-৪ গোলের এই জয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান নিয়ে শেষ করে ইংল্যান্ড।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।