বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল প্রিভিউ
অবিশ্বাস্য হালান্ডের সামনে আত্মবিশ্বাসী কেইন-বেলিংহামরা
অন্যান্য কোয়ার্টার ফাইনালিস্টদের (ফ্রান্স ৭৩.৯%, স্পেন ৬৯.৮%, আর্জেন্টিনা ৬৯.৪%) তুলনায় ইংল্যান্ডের ওপর সুপার কম্পিউটারের ভরসা কিছুটা কম, যা এই ম্যাচের রোমাঞ্চ ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আজ রাত ৩টায় মাঠে নামবে ইংল্যান্ড-নরওয়ে
বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে রোমাঞ্চকর এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে ও ইংল্যান্ড। মিয়ামির গরম ও আর্দ্র আবহাওয়ায় সেমিফাইনালে ওঠার এই লড়াইকে চলতি বিশ্বকাপের সবচেয়ে সমানে-সমানে ম্যাচ হিসেবে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

ইংল্যান্ড দল তাকিয়ে থাকবে মূলত হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের দিকেই।
নিজেদের ফুটবল ইতিহাসে এটিই প্রথম কোনো বড়ো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলছে নরওয়ে। গ্রুপ পর্বে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ১০টি পরিবর্তন নিয়ে খেলতে নেমে একমাত্র ম্যাচটি হারলেও, নকআউটে আইভরি কোস্ট এবং ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এবারের বিশ্বকাপে নরওয়ের ম্যাচগুলো থেকে দারুণ বিনোদন খুঁজে পাচ্ছেন দর্শকরা। বিশ্বকাপে ৫টি ম্যাচের প্রতিটিতেই তারা গোল করেছে এবং গোল হজমও করেছে। ১৯৫৪ সালে জার্মানির পর নরওয়েই প্রথম দল যারা সেমিফাইনালের পথে ১০টির কাছাকাছি গোল করেছে এবং খেয়েছে। তবে ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপে নরওয়ের রেকর্ড বেশ দুর্বল, ৬ ম্যাচের একটিতেও জয় নেই।
অন্যদিকে, ঐতিহাসিকভাবে ইংল্যান্ড এই মঞ্চে অনেকবার খেলেছে। এটি তাদের ১১তম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ডের চেয়ে বেশি শুধু ব্রাজিল ও জার্মানি ১৪ বার করে খেলেছে। তবে কোয়ার্টার ফাইনালে তাদের অতীত রেকর্ড খুব একটা আরামদায়ক নয়; আগের ১০টি কোয়ার্টার ফাইনালের মাত্র ৩টিতে তারা জয় পেয়েছে এবং ৭টি ম্যাচেই একাধিক গোল হজম করেছে। উপরন্তু, ইউরোপীয় প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ ৬টি নকআউট ম্যাচের ৫টিতেই হেরেছে ইংল্যান্ড, যার সর্বশেষটি ছিল ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ২-১ গোলের পরাজয়।

বিশ্বকাপ তো বটেই, সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে দুর্দান্ত ফর্মে আছে হালান্ড
ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড়ো বাধা ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। বিশ্বকাপে নিজের প্রথম ৪ ম্যাচেই ৭টি গোল করেছেন হালান্ড, যার মধ্যে ৪টিই ছিল ম্যাচ-জেতানো গোল। নরওয়ের হয়ে ৫৪ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৬২। এর মধ্যে শেষ ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে তিনি করেছেন রেকর্ড ২৭টি গোল। যা রীতিমতো অবিশ্বাস্য। এমন স্ট্রাইকারকে সামলানোই ইংল্যান্ডের সবচেয়ে বড় আতঙ্ক।
ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড এই ম্যাচে মাঠে নামলে, পিটার শিলটনকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন। তবে প্রিমিয়ার লিগে হালান্ডে ১০টি অন-টার্গেট শটের ৭টিই গোল হিসেবে হজম করতে হয়েছে পিকফোর্ডকে, ফলে আজ তার জন্য বড়ো মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে।
ইংল্যান্ডের প্রধান অস্ত্র অধিনায়ক হ্যারি কেইন, যিনি ৬ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে হালান্দের ঠিক পেছনেই আছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে ১২ ম্যাচে ১১ গোল করা কেইন যে-কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তার সাথে যোগ হয়েছেন তরুণ মিডফিল্ডার জুড বেলিংহাম। মেক্সিকোর বিপক্ষে জোড়া গোলসহ টুর্নামেন্টে ইতোমধ্যে ৪টি গোল করেছেন তিনি, যা বিশ্বকাপের এক আসরে কোনো ইংলিশ মিডফিল্ডারের সর্বোচ্চ গোল।
একদিকে মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে ইতিহাস গড়তে মরিয়া নরওয়ে দল, অন্যদিকে হ্যারি কেইন ও জুড বেলিংহামের একক নৈপুণ্যে ভর করে শিরোপার স্বপ্ন দেখা ইংল্যান্ড। মায়ামির উত্তপ্ত মাঠে শেষ পর্যন্ত কার মুখে শেষ হাসি ফুটবে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।
মুখোমুখি লড়াইয়ের ইতিহাস
দুই দল এ পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ইংল্যান্ড জিতেছে বেশিরভাগ ম্যাচেই। নরওয়ে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে এবং শেষ ৪টি দেখায় তারা ইংল্যান্ডের বিপক্ষে কোনো গোলই করতে পারেনি। সর্বশেষ ২০১৪ সালের এক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ১-০ ব্যবধানে জিতেছিল।
সেমিফাইনালের সমীকরণ
সুপার কম্পিউটারের ২৫,০০০ প্রাক-ম্যাচ সিমুলেশনে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২.৩ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৭.৭ শতাংশ। তবে কেবল নির্ধারিত সময়ের জয়ের কথা বিবেচনা করলে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৪ শতাংশ, নরওয়ের জয়ের সম্ভাবনা ২৫.১ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৬ শতাংশ। অন্যান্য কোয়ার্টার ফাইনালিস্টদের (ফ্রান্স ৭৩.৯%, স্পেন ৬৯.৮%, আর্জেন্টিনা ৬৯.৪%) তুলনায় ইংল্যান্ডের ওপর সুপার কম্পিউটারের ভরসা কিছুটা কম, যা এই ম্যাচের রোমাঞ্চ ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।