খেলারদেশ

বিশ্বকাপে যত হ্যাট্রিকের গল্প

বিশ্বকাপে হ্যাটট্রিক: যত জানা-অজানা তথ্য

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি হ্যাটট্রিক হয়েছে, করেছেন—লিওনেল মেসি, জোনাথন ডেভিড, এবং ওসমান দেম্বেলে। বিশ্বকাপের বাকি দুই ম্যাচে কি আরো চমকপ্রদ কিছু হ্যাট্রিকের দেখা পাবে ফুটবল-ভক্তরা?

 বিশ্বকাপে হ্যাটট্রিক: যত জানা-অজানা তথ্য

বিশ্বকাপে হ্যাটট্রিক: যত জানা-অজানা তথ্য

রনক জামান
By রনক জামান

ফিফা বিশ্বকাপের ইতিহাসে (পুরুষ) এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক হয়েছে। বিশ্বকাপের হ্যাটট্রিক নিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কিছু কৌতুহল-উদ্দীপক ও জানা-অজানা তথ্য তুলে ধরা হলো—

এক ম্যাচে সর্বোচ্চ গোল

ওলেগ সালেঙ্কো (রাশিয়া)

ওলেগ সালেঙ্কো (রাশিয়া)

বিশ্বকাপের এক ম্যাচে ৫ গোল করার কীর্তি আছে মাত্র একজনের—রাশিয়ার ওলেগ সালেঙ্কো। ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনকে ৬-১ গোলে হারানোর ম্যাচে তিনি একাই পাঁচবার জালের দেখা পান।

সেই ম্যাচে সালেঙ্কোর পাঁচ গোল ছাপিয়ে যায় ক্যামেরুনের রজার মিলার বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার রেকর্ডকেও। এর আগে সুইডেনের বিপক্ষে একটি গোলসহ টুর্নামেন্টে সালেঙ্কোর মোট গোল দাঁড়ায় ৬, যা তাঁকে বুলগেরিয়ার হ্রিস্টো স্তইচকভের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট জিততে সাহায্য করে। তবে এত গোল করেও রাশিয়াকে নকআউটে তুলতে পারেননি তিনি, কারণ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য কার্যত আনুষ্ঠানিকতা। সুইডেন ও ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল।

মজার ব্যাপার হলো, ১৯৯৪ বিশ্বকাপে করা এই ৬ গোলই ছিল রাশিয়ার জার্সিতে সালেঙ্কোর পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বমোট গোল। এরপর তিনি আর কখনও জাতীয় দলের হয়ে খেলেননি।

সবচেয়ে দ্রুত হ্যাটট্রিক

এরিখ প্রোবস্ট (অস্ট্রিয়া)

এরিখ প্রোবস্ট (অস্ট্রিয়া)

১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার এরিখ প্রোবস্ট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দ্রুত সময়ে, ম্যাচের শুরুতেই হ্যাটট্রিক করেন। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়া তৃতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর প্রোবস্ট ৪, ২১ ও ২৪ মিনিটে গোল করে মাত্র ২৪ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি এখনো বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক।

লাসলো কিস (হাঙ্গেরি)

লাসলো কিস (হাঙ্গেরি)

তবে তিন গোলের মাঝের সময়ের ব্যবধানের বিচারে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি হাঙ্গেরির লাসলো কিসের। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরের বিপক্ষে তিনি মাত্র ৭ মিনিট ৪২ সেকেন্ডে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকের মালিক হন।

সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ হ্যাটট্রিকদাতা

পেলে (ব্রাজিল)

পেলে (ব্রাজিল)

বিশ্বকাপে সর্বকনিষ্ঠ হ্যাটট্রিক করা খেলোয়াড়ের রেকর্ড এখনও পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি মাত্র ১৭ বছর ২৪৪ দিন বয়সে হ্যাটট্রিক করেন। বিশ্বকাপে ১৮ বছরের নিচে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলারও তিনি।

এডমুন্ড কোনেন (জার্মানি)

এডমুন্ড কোনেন (জার্মানি)

কিশোর বয়সে বিশ্বকাপে হ্যাটট্রিক করা আরেকমাত্র খেলোয়াড় জার্মানির এডমুন্ড কোনেন। তিনি ১৯৩৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ১৯ বছর ১৯৮ দিন বয়সে তিন গোল করেছিলেন।

মেসি (আর্জেন্টিনা)

মেসি (আর্জেন্টিনা)

অন্যদিকে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক করা এখন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৫৭ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি এই রেকর্ড গড়েন। ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এই হ্যাটট্রিকের তৃতীয় গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডেও ভাগ বসান এবং পরবর্তীতে আরো গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলশিকারি হয়ে ওঠেন।

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

এর আগে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিক করার রেকর্ড ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ৩৩ বছর ১৩০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন। তার আগে প্রায় ৩০ বছর এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের দখলে। ১৯৭৮ বিশ্বকাপে ইরানের বিপক্ষে তিনি ৩০ বছর ৩৩৫ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন।

হ্যাটট্রিক করেও হেরেছে যারা

বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করেও ম্যাচ হারা খেলোয়াড় মাত্র তিনজন—

আর্নস্ট উইলিমোভস্কি (পোল্যান্ড)

আর্নস্ট উইলিমোভস্কি (পোল্যান্ড)

আর্নস্ট উইলিমোভস্কি (পোল্যান্ড)—১৯৩৮ সালে ব্রাজিলের বিপক্ষে চার গোল করেও ৬-৫ ব্যবধানে হেরেছিলেন। জোসেফ হুগি (সুইজারল্যান্ড)—১৯৫৪ সালে অস্ট্রিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেও ৭-৫ ব্যবধানে হারেন। ইগর বেলানোভ (সোভিয়েত ইউনিয়ন)—১৯৮৬ সালে বেলজিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করেও অতিরিক্ত সময়ে ৪-৩ ব্যবধানে পরাজিত হন।

এর মধ্যে উইলিমোভস্কির কীর্তি সবচেয়ে অবিশ্বাস্য। ব্রাজিলের বিপক্ষে পোল্যান্ডের পাঁচ গোলের মধ্যে চারটিই করেছিলেন তিনি। বিশ্বকাপে তাঁর করা এই চার গোলই ছিল আন্তর্জাতিক আসরে সর্বমোট গোল।

এমবাপ্পে (ফ্রান্স)

এমবাপ্পে (ফ্রান্স)

এছাড়া কিলিয়ান এমবাপ্পে ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করলেও ম্যাচটি ৩-৩ ড্র হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্স হেরে যায়। একইভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৮ সালে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করলেও ম্যাচটি ৩-৩ ড্র হয়েছিল।

সবচেয়ে বেশি হ্যাটট্রিক

স্যান্ডর কোসিস (হাঙ্গেরি)

স্যান্ডর কোসিস (হাঙ্গেরি)

একই বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন মাত্র তিনজন ফুটবলার—জাস্ট ফন্টেইন (১৯৫৮), স্যান্ডর কোসিস (১৯৫৪) এবং গার্ড মুলার (১৯৭০)। ১৯৫৮ বিশ্বকাপে ফন্টেইন প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করার পর জার্মানির বিপক্ষে চার গোল করেন। গার্ড মুলার ১৯৭০ বিশ্বকাপে বুলগেরিয়া ও পেরুর বিপক্ষে টানা দুই ম্যাচেই হ্যাটট্রিক করেন। তাঁর আগে একই কীর্তি গড়েছিলেন হাঙ্গেরির কোসিস, যিনি ১৯৫৪ বিশ্বকাপে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।

গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)

গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)

অন্যদিকে, দুটি ভিন্ন বিশ্বকাপে হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার হলেন আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তিনি ১৯৯৪ সালে গ্রিসের বিপক্ষে এবং ১৯৯৮ সালে জ্যামাইকার বিপক্ষে হ্যাটট্রিক করেন। মজার বিষয় হলো, দুটি হ্যাটট্রিকই এসেছিল ২১ জুন, দুই প্রতিপক্ষই ছিল বিশ্বকাপের নবাগত দল এবং দুটি ক্ষেত্রেই তাঁর হ্যাটট্রিকের শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে।

বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক

জিওফ হার্স্ট (ইংল্যান্ড)

জিওফ হার্স্ট (ইংল্যান্ড)

বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন মাত্র দুইজন ফুটবলার। প্রথমজন ইংল্যান্ডের জিওফ হার্স্ট, যিনি ১৯৬৬ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করে ইংল্যান্ডকে ৪-২ ব্যবধানে জয় ও একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দেন।

উল্লেখযোগ্যভাবে, বিশ্বকাপে তাঁর মোট পাঁচ গোলের মধ্যে তিনটিই এসেছিল সেই ফাইনালে। দ্বিতীয়জন কিলিয়ান এমবাপ্পে। তিনি ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করলেও ৩-৩ সমতার পর টাইব্রেকারে ফ্রান্স পরাজিত হয়।

অ্যাদেমির (ব্রাজিল)

অ্যাদেমির (ব্রাজিল)

১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের অ্যাদেমির সুইডেনের বিপক্ষে চার গোল করেছিলেন। তবে সেটি ছিল ফাইনাল গ্রুপের ম্যাচ, প্রচলিত অর্থে বিশ্বকাপের ফাইনাল নয় (এখন যেমন একটাই ম্যাচ হয় ফাইনালে)। তাই তাঁকে ফাইনালে হ্যাটট্রিক করা খেলোয়াড়দের তালিকায় ধরা হয় না।

সর্বশেষ: ২০২৬ বিশ্বকাপের হ্যাটট্রিক

ওসমান দেম্বেলে (ফ্রান্স)

ওসমান দেম্বেলে (ফ্রান্স)

চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি হ্যাটট্রিক হয়েছে— লিওনেল মেসি (আর্জেন্টিনা বনাম আলজেরিয়া), জোনাথন ডেভিড (কানাডা বনাম কাতার), ওসমান দেম্বেলে (ফ্রান্স বনাম নরওয়ে)

জোনাথন ডেভিড (কানাডা)

জোনাথন ডেভিড (কানাডা)

তবে, এবারের আসর এখনো শেষ হয়নি। সুতরাং বিশ্বকাপের বাকি দুই ম্যাচে হ্যাট্রিকনামার তালিকাও দীর্ঘ হবার বাকি হয়ত।

রনক জামান

রনক জামান

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।