ক্রিস্টিয়ানো রোনালদো
মাঠে ফিরেই গোল করলেন রোনালদো
মাঠে ফিরেই গোল। বিরতির পর ফিরে এসেই নিজের চেনা রূপে ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর গোলেই এগিয়ে যায় আল নাসর, শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাবটি দিরিয়াহ ক্লাবকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের মাইলফলকও স্পর্শ করেছেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচ শুরুর আগে গ্যালারিতে রোনালদোকে ঘিরে সমর্থকদের বিশেষ টিফো ছিল চোখে পড়ার মতো। সেখানে লেখা, ‘Greatness is earned’, বা ‘মহত্ত্ব অর্জন করে নিতে হয়’। মাঠে নেমে গোল করে সমর্থকদের সেই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন রোনালদো।
ম্যাচের ২৩ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। তাঁর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর।
এর আগে ম্যাচের ১৪ মিনিটে রোনালদোর পাস থেকে সুযোগ পেয়েছিলেন সাদিও মানে, তবে তাঁর শট ঠেকিয়ে দেন দিরিয়াহর গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। কর্নার থেকে জোয়াও ফেলিক্সের ক্রসে হেডে গোল করেন সামু কস্তা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করেছিল দিরিয়াহ। তবে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৭৭ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আল নাসরের তৃতীয় গোলটি করেন কিংসলি কোমান। সাদিও মানের পাস থেকে বক্সের ভেতর ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। গোলের পাশাপাশি ম্যাচে রোনালদোর উপস্থিতি ও ক্যারিয়ারের ৯৮০তম গোলের মাইলফলকই ছিল আলোচনার কেন্দ্রে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলশেষ চার মিনিটের ঝড়ে বরুশিয়ার ড্র
ক্লাব ফুটবলম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে পেপ গার্দিওলা
ক্লাব ফুটবলআর্জেন্টিনাকে বিদায় জানিয়ে মায়ামির অনুশীলনে মেসি
ক্লাব ফুটবলশেফিল্ড ইউনাইটেডের সেপ্টেম্বর সেরা হামজা
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।