খেলারদেশ

সম্প্রচার স্বত্ব নিয়ে তদন্তের মুখে খেলাইফি

ফ্রান্সে তদন্তের মুখে পড়েছেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব নিয়ে ২০২৪ সালের আলোচনায় তাঁর বিরুদ্ধে সম্ভাব্য অবৈধ স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে আল-খেলাইফি ও বেইন মিডিয়া গ্রুপ।

সম্প্রচার স্বত্ব নিয়ে তদন্তের মুখে খেলাইফি
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফ্রান্সে তদন্তের মুখে পড়েছেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সভাপতি নাসের আল-খেলাইফি। লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব নিয়ে ২০২৪ সালের আলোচনায় তাঁর বিরুদ্ধে সম্ভাব্য অবৈধ স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে আল-খেলাইফি ও বেইন মিডিয়া গ্রুপ।

তদন্তের কেন্দ্রে রয়েছে ২০২৪ সালে লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব নিয়ে আলোচনা এবং একই সময়ে আল-খেলাইফির দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি যেমন পিএসজির সভাপতি, তেমনি বেইন মিডিয়া গ্রুপ-এর চেয়ারম্যান। অভিযোগ উঠেছে, সম্প্রচার স্বত্ব নিয়ে সিদ্ধান্তের সময় এই দুই দায়িত্বের কারণে তাঁর স্বার্থের সংঘাত তৈরি হতে পারে।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুলাইয়ের এক বৈঠককে ঘিরে। এর আগের দিন বেইন স্পোর্টস লিগ ওয়ানের প্রতি সপ্তাহে একটি ম্যাচ সম্প্রচারের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। পরে ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগ সেই প্রস্তাব গ্রহণ করে। তদন্তকারীদের আগ্রহের বিষয় হলো, বেইন-এর প্রস্তাব নিয়ে আলোচনার সময় আল-খেলাইফি কী ভূমিকা পালন করেছিলেন।

ফরাসি দুর্নীতিবিরোধী সংগঠন অ্যান্টিকর-এর অভিযোগের ভিত্তিতে গত ২৪ এপ্রিল তদন্তটি শুরু হয় এবং বিষয়টি দুর্নীতিবিরোধী আর্থিক পুলিশ ইউনিটের কাছে দেওয়া হয়েছে।

অ্যান্টিকর-এর অভিযোগ, বেইন-এর প্রস্তাব অনুমোদনের বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় আল-খেলাইফি একই সঙ্গে বেইন মিডিয়া গ্রুপ-এর চেয়ারম্যান এবং এলএফপির-এর বোর্ড সদস্য ছিলেন।

তবে আল-খেলাইফির পক্ষ থেকে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁর আইনজীবী রেনো সেমেরজিয়াঁ বলেছেন, অভিযোগের কোনো আইনগত বা বাস্তব ভিত্তি নেই এবং আল-খেলাইফি সব সময় স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে বেইন জানিয়েছে, আল-খেলাইফি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হলেও এর দৈনন্দিন পরিচালনা বা নির্বাহী দায়িত্ব তাঁর হাতে নেই। এসব দায়িত্ব পালন করেন গ্রুপের প্রধান নির্বাহী ইউসেফ আল-ওবেইদলি। বিষয়টি উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল এথিকস অ্যান্ড ডিওনটোলজি কাউন্সিলকে চিঠিও দিয়েছিল বেইন।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত এক বছরে এলএফপি-এর প্রায় সব বোর্ড সভা থেকেই আল-খেলাইফি নিজেকে সরিয়ে রেখেছেন। বিশেষ করে বেইন-সংশ্লিষ্ট কোনো বিষয়ে অনুষ্ঠিত সভায় তিনি অংশ নেননি।

তবে প্রাথমিক তদন্ত শুরু হওয়া মানেই আল-খেলাইফি কোনো অপরাধ করেছেন, এমন সিদ্ধান্ত নয়। তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর আইনগত ও বাস্তব ভিত্তি যাচাই করা হবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।